সাফল্যের চৈনিক তাড়না
অলিম্পিকে চীনের প্রথম অংশগ্রহণ সেই ১৯৫২ সালে। হেলসিঙ্কির সেই আসরে অংশ নিয়েই তাইওয়ান-বিতর্কে জড়িয়ে চীনারা পরের সাতটি অলিম্পিক থেকে নিজেদের সরিয়ে রাখে দূরে। ১৯৮৪ লস অ্যাঞ্জেলেস অলিম্পিক কমিউনিস্ট দেশগুলো বর্জন করলেও চীনের ফেরা ওই আসরেই। ফিরেই ধুন্ধুমার। হেলসিঙ্কিতে কোনো পদক না পাওয়া দেশটি সেবার শুধু সোনাই জেতে ১৫টি। এরপর থেকেই চলছে চীনের উৎকর্ষের দিকে যাত্রা। ২০০৪ এথেন্সে অলিম্পিকে অল্পের জন্য যুক্তরাষ্ট্রের কাছে শীর্ষস্থান খোয়ালেও চার বছর পর বেইজিংয়ে বিশাল ব্যবধানে শীর্ষে ছিল স্বাগতিকেরাই। এবারও এরই মধ্যে চীনের সোনার সংখ্যা ছাড়িয়ে গেছে ৩০। সোভিয়েত ইউনিয়নের পতনের পর কি রাজনীতি, কি অর্থনীতি যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্লা দিচ্ছে শুধু চীনারাই। আর খেলাধুলায় কিছু ক্ষেত্রে তো আমেরিকানদের এখনই ছাড়িয়ে গেছে চীনারা। চীনের এই সাফল্যের পেছনে কী কাজ করছে? জয়ের জন্য তীব্র আকাঙ্ক্ষা, নিজেদের সবার ওপরে তুলে ধরা, পরিকল্পনামতো এগোনো। সাফল্যের জন্য চীনারা কতটা বুভুক্ষু সেটারই প্রমাণ পাওয়া গেল এবারের অলিম্পিকে সোনাজয়ী দুই চীনা অ্যাথলেটের কথায়। পুরুষ জিমন্যাস্ট জু কাই গত রোববার জিতেছেন অলিম্পিকে নিজের পঞ্চম সোনা। অলিম্পিকে চীনাদের মধ্যে সবচেয়ে বেশি সোনা এখন কাইয়েরই। রেকর্ড করেও সাফল্যের ক্ষুধা কমেনি ২৪ বছর বয়সী জিমন্যাস্টের। কাইয়ের কথা, আর একটি সোনা তাঁকে জিততেই হবে। একটি সাফল্য দেখায় নতুন সাফল্যের।মহিলা ভারোত্তোলক ঝু লুলুর কথাই ধরা যাক। ৭৫ কেজি ওজন-শ্রেণীতে বিশ্ব রেকর্ড করে জিতেছেন সোনা। সব মিলিয়ে ৩৩৩ কেজি ওজন উঠিয়ে আগের রেকর্ডটাকে বাড়িয়েছেন ৫ কেজি। ছুঁয়েছেন ক্লিন অ্যান্ড জার্কের বিশ্ব রেকর্ডও। তার পরও তৃপ্ত নন এই ভারোত্তোলক। সোনা জয়ের পর বলেছেন, ‘আমি মনে করি, আমার পারফরম্যান্স ঠিক থাকলেও খুব ভালো ছিল না। স্ন্যাচে রেকর্ড না করতে পারার পরেই সিদ্ধান্ত নিলাম ক্লিন অ্যান্ড জার্কের রেকর্ডটা করার।’আগেভাগেই সিদ্ধান্ত নিয়ে রেকর্ড গড়া বুঝি চীনাদের পক্ষেই সম্ভব। এএফপি।