সাফল্যের রহস্য বাদ পড়া!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দল থেকে বাদ পড়ার তাহলে কিছু ইতিবাচক দিকও আছে! কামরান আকমলের দাবিটা তো এ রকমই। উইকেটের সামনে-পেছনে একের পর এক বাজে পারফরম্যান্সের কারণে ইংল্যান্ডের বিপক্ষে এজবাস্টন টেস্টে বাদ পড়েছিলেন। ওভালে ফিরে নিয়েছেন আটটি ক্যাচ। মাত্র কদিনেই এই রূপান্তরের রহস্য জানতে চান? আকমল জানাচ্ছেন, বাইরে থাকার সময়টুকুতে একটু গভীর চিন্তাভাবনার সুযোগ পাওয়াতেই তাঁর এভাবে নিজেকে ফিরে পাওয়া।উইকেট কিপিংয়ের দুর্বলতা নিয়ে আকমল আলোচনায় অনেক দিন থেকেই। কিপিং গ্লাভস পিচ্ছিল হতে শুরু করেছিল গত অস্ট্রেলিয়া সফর থেকে। সিডনি টেস্টে এক মাইক হাসির ক্যাচই তিনবার ছাড়াটা এমনই অবিশ্বাস্য ছিল যে, ব্যাপারটা ‘ইচ্ছাকৃত’ কি না এই প্রশ্ন পর্যন্ত উঠেছিল। হাস্যকর সব মিস করেছেন ইংল্যান্ডে এসেও। যার খেসারত দিয়ে এজবাস্টনে জায়গাটাই হারাতে হয়। তাঁর জায়গায় সুযোগ পেয়ে অভিষেকেই জুলকারনাইন হায়দার যেমন খেলেছিলেন, তাতে অনেক দিনই বাইরে থাকার কথা ছিল আকমলের। কিন্তু জুলকারনাইনের আঙুলের চোট আবার এক টেস্ট পরই দলে ফেরায় আকমলকে। ফিরেই ওই আট ক্যাচ, ওয়াসিম বারীর পর দ্বিতীয় পাকিস্তানি হিসেবে ছুঁয়েছেন টেস্টে ২০০ ডিসমিসালের মাইলফলকও।ওভালের পারফরম্যান্স নিয়ে একটি ওয়েবসাইটকে আকমল বলেছেন, ‘এজবাস্টনে দলের বাইরে থাকায় আমি নিজের দিকে ফিরে তাকানোর সময় পেয়েছি। ব্যাটিং ও কিপিং—দুটোতেই কিছু টেকনিক্যাল সমস্যা ছিল। ব্যাটিং সমস্যা নিয়ে আমি ইজাজ আহমেদ (সহকারী কোচ) ও মোহাম্মদ ইউসুফের সঙ্গে কাজ করেছি। কিপিং নিয়ে অ্যালেক স্টুয়ার্ট (সাবেক ইংলিশ অধিনায়ক ও উইকেটকিপার) আমাকে কিছু পরামর্শ দিয়েছেন, আমি সেগুলো কাজে লাগানোর চেষ্টা করছি। এ ছাড়া ওয়াসিম বারী ও পল ফারব্রেসও (ইংলিশ কাউন্টি কেন্টের কোচ ও সাবেক উইকেটকিপার) আমাকে কিছু টেকনিক্যাল পরামর্শ দিয়েছে। সব কটি নিয়েই আমি কাজ করেছি, যার প্রতিফলন ওভালেই দেখা গেছে।’কিপিংয়ে ভালো করলেও ব্যাট হাতে দুরবস্থা কিন্তু কাটেনি আকমলের। গত ৬ ইনিংসে রান মাত্র ৩৮, যাতে ‘জ্বলজ্বল’ করছে তিনটি শূন্য। ইংলিশ উইকেটকিপারদের পরামর্শে কিপিংয়ে সুফল পেয়েছেন। এবার ব্যাট হাতে ফর্মে ফিরতে অনুপ্রেরণা খুঁজে পাচ্ছেন আরেক ইংলিশকে দেখে, ‘খারাপ সময় সবারই যায়। অ্যালিস্টার কুকের দিকে তাকান, কী খারাপ সময়টাই না যাচ্ছিল ওর, কিন্তু ওভালে দারুণ একটা সেঞ্চুরি করে ফেলল। আশা করি, আমিও লর্ডসে এমন কিছু করতে পারব।’লর্ডসে শেষ টেস্ট শুরু আগামীকাল। আকমলের আশা, ওই টেস্ট জিতে সিরিজে সমতা ফেরাবে পাকিস্তান। চোটের কারণে ওভালে খেলতে না পারা উমর গুলের সম্ভবত ফেরা হচ্ছে না এখানেও। তবে অভিষেকে ওয়াহাব রিয়াজ যেমন বোলিং করেছেন, তাতে গুল ফিট হয়ে উঠলে বরং সমস্যাতেই পড়তে হতো পাকিস্তানকে। আমির-আসিফের সঙ্গে ওয়াহাবকে নিয়ে গড়া পেস আক্রমণ, সঙ্গে সাঈদ আজমলের অফস্পিন—বোলিং আক্রমণ নিয়ে পাকিস্তান মোটামুটি নিশ্চিন্তই আছে। দুশ্চিন্তা যা, তা ব্যাটিং নিয়েই। মোহাম্মদ ইউসুফের কাছে লর্ডসে আরও বড় কিছু চাইছে পাকিস্তান। ওয়েবসাইট।