
বছরের একেবারে প্রান্তে এসেও বাংলাদেশের ক্রিকেটে অনিশ্চয়তার ফিসফাস। শ্রীলঙ্কা সিরিজ আর এশিয়া কাপ আগামী বছর ঠিকঠাক হবে তো? টি-টোয়েন্টি বিশ্বকাপের ভবিষ্যৎই বা কি! ২০১৪ সালের শুরুটাই যেন ঢেকে যাচ্ছে বিদায়ী বছরের অমঙ্গলের ছায়ায়।
শ্রীলঙ্কায় সাফল্য দিয়ে শুরু, শেষে দেশে নিউজিল্যান্ডের বিপক্ষে সাফল্য দিয়ে শেষ। মাঠের ক্রিকেটের সাফল্যে ২০১৩ সালের ক্যালেন্ডারটা সোনায় মুড়িয়ে রাখার মতোই একটা শোপিস। কিন্তু মাঠের বাইরে বছরটা শুধুই বিতর্ক আর গুঞ্জনের।
সাফল্যের কথাই আগে বলা যাক। গত মার্চে শ্রীলঙ্কায় গেল বাংলাদেশ দল। শ্রীলঙ্কা মানেই দুর্বল বাংলাদেশের ওপর সবলের অত্যাচারী ক্রিকেট। কিন্তু এবার দুই দেশের ক্রিকেটে নতুন অধ্যায় যোগ করলেন বাংলাদেশের ক্রিকেটাররা। শ্রীলঙ্কায় যাওয়ার অর্থ বাংলাদেশের জন্য এখন আর কেবল এফটিপি রক্ষা নয়, সাফল্য নিয়ে ফেরাও। তিন ওয়ানডের শেষটিতে জিতে সিরিজ ড্র করা, তার আগে মুশফিকুর রহিমের ডাবল সেঞ্চুরি আর আশরাফুল-নাসির হোসেনের সেঞ্চুরির সৌজন্যে গল টেস্টের গৌরবময় ড্র বছরের শুরুটাকেই করেছিল দারুণ সাফল্যমাখা। তাতে ফেব্রুয়ারিতেই বাংলাদেশ দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেওয়া শেন জার্গেনসেনের যাত্রাটা হলো শুভ। হাইপ্রোফাইল কোচ না হলেও জার্গেনসেনের হাত ধরে সাফল্য আসছে। নামে ভারী কোচ খোঁজার কঠিন কাজ থেকে সরে এসে তাই ২০১৫ সাল পর্যন্ত বাংলাদেশ দলের দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে তাঁর কাঁধে।
তবে শ্রীলঙ্কায় পাওয়া সাফল্যের ধারা ধরে রাখা যায়নি এপ্রিল-মের জিম্বাবুয়ে সফরে। টেস্ট সিরিজ ড্র করলেও ওয়ানডে সিরিজের হার যেন বাংলাদেশকে বলছিল, তোমরা উল্টো পথের যাত্রী! রাগে-দুঃখে-অভিমানে অধিনায়কত্বের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন মুশফিকুর রহিম। পরে সে ঘোষণা থেকে ফিরে অধিনায়কত্ব পেয়েছেন ২০১৫ বিশ্বকাপ পর্যন্ত।
মুশফিকের পদত্যাগের সিদ্ধান্ত থেকে ফিরে আসার সঙ্গে ফিরে এসেছে বাংলাদেশের ক্রিকেটের সাফল্যও। অক্টোবর-নভেম্বরে ঘরের মাঠে নিউজিল্যান্ডকে ওয়ানডে সিরিজে ‘বাংলাওয়াশ’ এবং টেস্ট সিরিজে জয়ের সুবাস ছড়িয়ে ড্র করে বাংলাদেশের ক্রিকেট শেষ পর্যন্ত অগ্রযাত্রার পথেই ছিল এ বছর।

২০১৩ সাল ব্যক্তিগত সাফল্যেরও বছর হয়ে থাকবে। মুশফিকের ব্যাটে এ বছরই টেস্টে প্রথম ডাবল সেঞ্চুরি পায় বাংলাদেশ। নিউজিল্যান্ডের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে সোহাগ গাজীর সেঞ্চুরি ও হ্যাটট্রিকসহ ৬ উইকেট তো ইতিহাসেরই অংশ এখন। একই টেস্টে ১৮১ রানের ইনিংস খেলে মুমিনুল হকও নিজের জাত চিনিয়েছেন। এ বছর নতুন নতুন ক্রিকেটার যেমন পেয়েছে বাংলাদেশ, তেমনি ঢাকায় প্রথম ওয়ানডেতে হ্যাটট্রিকসহ ছয় উইকেট নিয়ে নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গেছেন অভিজ্ঞ পেসার রুবেল হোসেনও।
‘১৩’ সংখ্যাটা অপয়া বলেই কিনা এত সাফল্যের পরও ২০১৩ সাল বাংলাদেশের ক্রিকেটের জন্য শুধু গর্বের নয়, কলঙ্কেরও। দ্বিতীয় বিপিএলে স্পট ফিক্সিংয়ের বোমা ফেটেছে এ বছর। সে বোমার আঘাতে মোহাম্মদ আশরাফুল, মাহবুবুল আলম ও মোশাররফ হোসেন সাময়িকভাবে নিষিদ্ধ হয়েছেন ক্রিকেট থেকে। বর্তমানে অভিযুক্ত ব্যক্তিদের বিচার চলছে বিসিবির বিশেষ ট্রাইব্যুনালে।

কান টানলে মাথা আসার মতো বিপিএলের স্পট ফিক্সিংয়ের কেঁচো খুঁড়তে গিয়েও বেরিয়ে এসেছে বিষধর সাপ। বিপিএলের ‘অপরাধী’ মোহাম্মদ আশরাফুলের জবানবন্দিতে জানা গেছে, ফিক্সিংয়ের বিষবাষ্প বাংলাদেশের ক্রিকেটে ছড়িয়ে পড়েছিল আরও আগে থেকেই এবং তার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে অনেক রথী-মহারথী সাবেক ক্রিকেটারের বিরুদ্ধেও। ভারতীয় একটি টিভি চ্যানেলের গোপন ক্যামেরার ফাঁদে পড়া আম্পায়ার নাদির শাহর সৌজন্যে অবশ্য ২০১২ সালেও ফিক্সিংটা আলোচনার বিষয় হয়েছিল বাংলাদেশের ক্রিকেটে। সে অপরাধের শাস্তি নাদির পেয়েছেন ২০১৩ সালে। এ বছরের মার্চে সব ধরনের ক্রিকেটীয় কর্মকাণ্ড থেকে ১০ বছরের জন্য বহিষ্কার করা হয় তাঁকে।
বছরের অনেকটা জুড়ে বিতর্ক ছিল বিসিবির নির্বাচন নিয়েও। নির্বাচনী প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে একটা পক্ষ অংশই নেয়নি তাতে। তার পরও প্রাপ্তি, বিসিবির সভাপতি পদে নির্বাচনের রীতিটা অন্তত শুরু হলো এ বছরই। এ ছাড়া প্রিমিয়ার ক্রিকেট লিগ সময় মতো না হওয়া, প্রথাগত দলবদল-প্রক্রিয়া বাদ দিয়ে ক্রিকেটারদের আয়ে লাগাম পরানো এবং ক্লাব শক্তির কাছে বিসিবির নত মস্তকও আলোচনার কম খোরাক জোগায়নি।
ভালোয়-মন্দে মিলিয়ে পার হলেও ২০১৩ বাংলাদেশের ক্রিকেটেকে দিয়েছেই বেশি। কিন্তু প্রায় শেষ হতে চলা বছরটা পড়ন্ত বেলায় যে শঙ্কাধ্বনি শোনাচ্ছে, তাতে নতুন বছর নিয়ে আশাবাদী হতে ভয়ই লাগে।
এক নজরে ২০১৩
ম্যাচ জয় হার ড্র পরি.
টেস্ট ৬ ১ ২ ৩ ০
ওয়ানডে ৯ ৫ ৩ ০ ১
টি-টোয়েন্টি ৪ ১ ৩ ০ ০