সাফল্যের সুবাস পাচ্ছেন সিদ্দিকুর

গত চার বছরে শো-কেসে এশিয়ান ট্যুরের কোনো ট্রফি ওঠেনি। পিঠের ব্যথা মাঝেমধ্যে বড্ড ভোগায় তাঁকে। গত সপ্তাহে থাইল্যান্ডে সর্বশেষ এশিয়ান ট্যুরের টুর্নামেন্ট কুইনস কাপে শেষ দুই রাউন্ড খেলেছেন পিঠের ব্যথা নিয়ে। কিন্তু তারপরও যেভাবে খেলে চলেছেন সিদ্দিকুর রহমান, তাতে খুশিই নিজের পারফরম্যান্সে।
এ বছর এ পর্যন্ত আটটি এশিয়ান ট্যুরে খেলেছেন। বাছাইপর্ব খেলেছেন ইউএস ওপেনের। ঢাকায় গত ফেব্রুয়ারিতে বসুন্ধরা বাংলাদেশ ওপেনে পেটের পীড়া নিয়ে খেলতে শুরু করেন। প্রথম রাউন্ড শেষে লিডারবোর্ডে ছিলেন ২৯তম। সেখান থেকে অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়িয়ে হন রানারআপ। এপ্রিলে জাপানে প্যানাসনিক ওপেনে কাট মিসের শঙ্কায় ছিলেন। কিন্তু শেষ দুই রাউন্ডে দুর্দান্ত খেলে হয়েছেন নবম। পিঠের ব্যথা কুইনস কাপে ভালো খেলতে দেয়নি। তবু ১৫তম হয়েছেন। গত এপ্রিলে চট্টগ্রামে পিজিটিআই টুর্নামেন্টে করেন ক্যারিয়ার সেরা পারফরম্যান্স—চ্যাম্পিয়ন হন পারের চেয়ে ১৬ শট কম খেলে! এই বছরে এ পর্যন্ত খেলে এশিয়ান ট্যুর থেকে আয় করেছেন ৯৩ হাজার ৪০ ডলার (প্রায় ৭৫ লাখ টাকা)। এর মধ্যে বসুন্ধরা বাংলাদেশ ওপেনে ৩৩ হাজার ডলার (প্রায় ২৬ লাখ ৬০ হাজার টাকা), জাপানের প্যান প্যাসিফিক ওপেনে ৩৪ হাজার ৬৫২ ডলার (প্রায় ২৮ লাখ টাকা), মালয়েশিয়ার মে ব্যাংক ওপেনে ১৭ হাজার ৪০০ ডলার (প্রায় ১৪ লাখ টাকা), থাইল্যান্ডের কুইনস কাপে ৬ হাজার ২০৮ ডলার (প্রায় ৫ লাখ টাকা) ও তাইওয়ানের ইয়েংডার হেরিটেজে ১ হাজার ৭৮০ ডলার (প্রায় দেড় লাখ টাকা)। যুক্তরাষ্ট্রে পিঠের ব্যথার চিকিৎসা করিয়েছেন। নিয়মিত ফিটনেস ট্রেনিং করছেন, ব্যক্তিগত ফিজিওথেরাপিস্ট রয়েছে। পুষ্টিবিদের কাছে যাচ্ছেন। মনোবিদেরও শরণ নিচ্ছেন মাঝেমধ্যেই। এমন ফিটনেস নিয়েও সবকিছু মিলিয়ে এখনো যেমন খেলছেন তাতে সিদ্দিকুর বেশ সন্তুষ্টই, ‘নিজের খেলায় আমি সন্তুষ্ট। আগে এক দিনে আমার খেলায় এত উত্থান-পতন হতো যে পুরো তিন দিনের খেলার ফল পেতাম না। কিন্তু এখন ও রকম হচ্ছে না। খেলার ধারাবাহিকতা আছে। যদি একটু ব্যতিক্রমী এক রাউন্ড খেলে ফেলি, তাহলে চ্যাম্পিয়ন হওয়াও সম্ভব।’
পিঠের ব্যথাটা কেন হচ্ছে তা নিজেও বুঝতে পারছেন না সিদ্দিকুর, ‘ব্যথাটা এমন পর্যায়ে যায়নি যে অস্ত্রোপচার লাগবে। কিন্তু এটা কয়েক মাস পরপরই দেখা দিচ্ছে। আমার দোষে এমনটা হচ্ছে তা বলব না। নিয়মিত ব্যায়াম করছি, পুষ্টিবিদ দেখাচ্ছি। কিন্তু কোথাও একটা সমস্যা আছে। এটা শোয়া থেকে হতে পারে। আবার যেভাবে অনুশীলন করি তা থেকেও হতে পারে।’
আপাতত টানা টুর্নামেন্ট খেলতে চান না সিদ্দিকুর, ‘সর্বোচ্চ তিনটি টুর্নামেন্ট খেলে এক সপ্তাহ পুরো বিশ্রাম নিয়ে আবার খেলব।’ তবে ঈদের পর ১৭-২০ আগস্ট অংশ নেবেন ফিজি আন্তর্জাতিক ওপেনে।
ফিটনেস যত দিন থাকে তত দিনই খেলে যেতে চান সিদ্দিকুর, ‘টেনিসে রজার ফেদেরার, গলফের টাইগার উডস এখনো সমানে খেলে যাচ্ছেন। ওরা কিন্তু এক দিনে ওখানে পৌঁছাননি। আমি শুরুতে কোনো ব্যাকরণ মেনে খেলিনি, প্রাথমিক পর্যায়ের অনুশীলনও করিনি। তবুও সারা বিশ্ব চষে বেড়াচ্ছি। আমার ক্যারিয়ার মাত্র শুরু। যত দিন পারি খেলব। এখানে কিছু বিষয় আমার হাতে নেই। অন্যের খেলা বা আবহাওয়া তো নিয়ন্ত্রণ করতে পারব না। আমি শুধু আমার খেলাটাই নিয়ন্ত্রণ করতে পারি।’
যেভাবে খেলছেন তাতে খুব দ্রুতই আরেকটি এশিয়ান ট্যুরের শিরোপা হাতে উঠবে বলে আশাবাদী সিদ্দিকুর, ‘এখন যথেষ্ট ভালো খেলছি। যেকোনো সময় একটি টুর্নামেন্ট জেতা অসম্ভব নয়। সেটি শুধু সময়ের ব্যাপার।’
কে জানে, হয়তো এই আগস্টে ফিজিতেই পেয়ে গেলেন ক্যারিয়ারের তৃতীয় শিরোপা!