সাফল্যের স্বীকৃতি র্যাঙ্কিংয়েও
৫-০ ব্যবধানে সিরিজ জয়। আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে তিনে উঠেছে অস্ট্রেলিয়া। যাঁদের জন্য এই সাফল্য সেই ক্রিকেটাররাও সাফল্যের স্বীকৃতি পেয়েছেন। এবারের অ্যাশেজ শুরু হওয়ার আগে ব্যাটিংয়ের শীর্ষ ত্রিশে মাত্র একজনই ছিলেন অস্ট্রেলীয়। পাঁচ ম্যাচ ও দেড় মাস পর সংখ্যাটা বেড়েছে ৫০০ ভাগ। সিডনি টেস্টের পর প্রকাশিত সর্বশেষ র্যাঙ্কিংয়ে অস্ট্রেলিয়ার ছয়জন ব্যাটসম্যান আছেন শীর্ষ ত্রিশে। বোলিংয়েও একই ব্যাপার, সিরিজ শুরুর আগে শীর্ষ বিশে মাত্র তিনজন থাকলেও এখন আছেন পাঁচজন। এদের তিনজনই আবার শীর্ষ দশে।
আগুনে বোলিংয়ে ইংল্যান্ডকে ধ্বংস করে ৩৭ উইকেট নেওয়া মিচেল জনসন ১৫ ধাপ এগিয়ে শীর্ষ দশে জায়গা ফিরে পেয়েছেন। আটে থাকা জনসনের রেটিং পয়েন্ট বেড়েছে ২০৬। অস্ট্রেলীয়দের মধ্যে জনসনের ওপরে আছেন শুধু রায়ান হ্যারিস ও পিটার সিডল। সিডনিতে ৮ উইকেট নিয়ে ম্যাচসেরা হওয়া পেসার হ্যারিস তো উঠে এসেছেন ক্যারিয়ার-সেরা তিন নম্বরে। ব্রিসবেন টেস্টের আগে এই ডানহাতি ছিলেন পাঁচ নম্বরে। এক ধাপ এগিয়ে ছয়ে উঠেছেন সতীর্থ পিটার সিডল। ২১ থেকে ১৮ নম্বরে উঠেছেন স্পিনার নাথান লায়ন।
ব্যাটিংয়ে শীর্ষ দশে অস্ট্রেলিয়ার একমাত্র প্রতিনিধি আগের মতোই মাইকেল ক্লার্ক। ৪০.৩৩ গড়ে ৩৬৩ রান করেও অবশ্য পিছিয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক। সিরিজ শুরুর আগে পাঁচে থাকা ক্লার্ক এখন সাতে। ৪৬৩ রান, ৩৪ ধাপ এগিয়ে ১২ নম্বর ক্রিস রজার্স। ৩৬ থেকে ১৪-তে উঠেছেন ৫২৩ রান করা ডেভিড ওয়ার্নার। ২২ ধাপ এগিয়ে স্টিভেন স্মিথ ২১-এ এবং উইকেটকিপার ব্র্যাড হাডিন ৩৪ ধাপ এগিয়ে উঠে এসেছেন ২৩-এ।
আবুধাবি টেস্টের দুই ইনিংসে ৯১ ও অপরাজিত ১৫৭ রান করে লঙ্কান অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস ১৬ ধাপ এগিয়ে উঠে এসেছেন ক্যারিয়ার-সেরা ১৩ নম্বরে। তবে ব্যাটিং-বোলিং-অলরাউন্ডার তিন বিভাগের শীর্ষস্থানে পরিবর্তন হয়নি—যথারীতি শীর্ষে এবি ডি ভিলিয়ার্স, ভারনন ফিল্যান্ডার ও রবিচন্দ্রন অশ্বিন।