সাফে আশাহীন ইলিয়েভস্কি
এত দিন আশার কথা বলেছেন। কিন্তু এখন তাঁর কণ্ঠে নিরাশা। সেটিও কাল বলে দিলেন বঙ্গবন্ধু স্টেডিয়ামে। জাতীয় দলের অনুশীলন শেষে বললেন, ‘সাফে চ্যাম্পিয়ন হওয়ার ব্যাপারে আমি আশা দেখছি না।’আগামী ২-১১ ডিসেম্বর দিল্লিতে সাফ ফুটবল। বাংলাদেশের গ্রুপসঙ্গী পাকিস্তান, মালদ্বীপ ও নেপাল। ২০০৩ সালের পর সাফ শিরোপা পুনরুদ্ধার করা সম্ভব বাংলাদেশের পক্ষে? নিকোলা ইলিয়েভস্কি ‘সম্ভব’ শব্দটা উচ্চারণ করতে ঘোর আপত্তি তুললেন। দিশাহীন নৌকার মাঝির মতো শোনায় তাঁর কথা, ‘বর্তমান বাস্তবতায় আশা করা কঠিন।’ঢাকায় শেষ হয়েছে এএফসি অনূর্ধ্ব-১৯ ফুটবল। মেসিডোনিয়ান কোচ বাংলাদেশ দলের অনুশীলনে বলেছিলেন, ‘সৌদি আরব-ইরাক বার্সেলোনা নাকি? ঘাবড়ানোর কী আছে?’ পরে দুটি দলের কাছেই ৬-০ ও ৪-০ হার। ‘আশাবাদী’ ইলিয়েভস্কি নেমে আসেন বাস্তবের মাটিতে।এখন জাতীয় দল নিয়ে বলছেন, ‘৪-৫ মাস ধরে লিগ নেই। কোথায় এত লম্বা সময় ঘরোয়া ফুটবল বন্ধ থাকে না। খেলোয়াড়দের ফিটনেসে বড় সমস্যা দেখছি। এক মাসে কতটা কী করব? খেলোয়াড়দের পারফরম্যান্সেও উন্নতি দেখছি না। অন্য দেশগুলো বাইরে অনুশীলন ম্যাচ খেলছে, ভালো প্রস্তুতি নিচ্ছে। আমি দেশের বাইরে অনুশীলন ম্যাচ চেয়ে এখন পর্যন্ত পাইনি।’দলের নখদন্তহীন আক্রমণভাগ নিয়েই বেশি হতাশা কোচের, ‘ভালো এবং নির্ভরযোগ্য স্ট্রাইকার নেই। আমি সত্যিই চিন্তিত। এনামুলের ওজন বেড়ে যাওয়ায় সে ফিট নয়। মিঠুন অনুশীলনে নেই। সবুজ লম্বা পাসে খেলে, এটা আমার পছন্দ নয়। তাই দলে নিইনি। শৃঙ্খলা ভঙ্গের জন্য ‘নিষিদ্ধ’ এমিলিকে নিলেও ওর পারফরম্যান্সে সন্তুষ্ট হতে পারছি না।’আর তরুণেরা? ‘তরুণদের নিয়ে এখনি ভরসা পাচ্ছি না। ওদের তৈরি করতে আরও মাস দুয়েক সময় দরকার ছিল। সব মিলিয়ে সাফের প্রস্তুতির জন্য দরকার ছিল মাস চারেক সময়’—ইলিয়েভস্কির হতাশা আরও স্পষ্ট।জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান বাদল রায় কী বলেন? নিজের ফিটনেস ঠিক রাখতে ওই সময় বঙ্গবন্ধু স্টেডিয়ামের অ্যাথলেটিকস ট্র্যাকে অনেকক্ষণ চক্কর দিয়ে বললেন, ‘সবই হচ্ছে কোচের পরিকল্পনা অনুযায়ী (!)। বিদেশে অনুশীলন ম্যাচ খেলার ব্যাপারেও আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।’সম্প্রতি বাফুফের কর্মকর্তাদের মধ্যে দ্বন্দ্ব প্রকাশ্য রূপ নিয়েছে। ব্যবস্থাপনা কমিটির পারফরম্যান্স মূল্যায়নের সময় হয়েছে বলে মন্তব্য করেছেন সালাউদ্দিন। চাপের মধ্যে থাকা ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান তবুও এই প্রস্তুতিতেই স্বপ্ন দেখছেন, ‘বর্তমান বাস্তবতায়ও সাফে বাংলাদেশ ফেবারিট। পরক্ষণে অবশ্য কবুল করলেন, ‘স্ট্রাইকারবিহীন দলকে ব্যাকফুটে রাখাই ভালো।’ঘরোয়া ফুটবলে এবার প্রতিটি ক্লাবকে ৭ জন বিদেশি ফুটবলার নিবন্ধনের অনুমতি দেওয়া হয়েছে। দেশে স্ট্রাইকার তৈরি হবে কীভাবে? নিধিরাম সর্দার হয়ে থাকা ব্যবস্থাপনা কমিটি এর আগে বিদেশি কমাতে সরব ছিল, এবার নীরব কেন? বাদলের জবাব, ‘এটা নিয়ে ফেডারেশনে আমরা যা বলার বলেছি।’ তাঁর স্বীকারোক্তি, ‘ঘরোয়া ফুটবল এত লম্বা সময় বন্ধ রাখা ঠিক হয়নি।’যা-ই হোক, আজ বঙ্গবন্ধু স্টেডিয়ামে বিকেল তিনটায় দ্বিতীয় অনুশীলন ম্যাচ (শুরু বিকেল ৩টায়) খেলার সুযোগ পাচ্ছে জাতীয় দল। শেখ জামালের পর এবার প্রতিপক্ষ ঢাকায় থাকা বিদেশিরা। এ দেশে গড়পড়তা মানের এই বিদেশিরাই যেন শেষ ভরসা! এই রকম তিনটি ম্যাচ অতীতে হয়েছে, তিনটিরই কোচ কামাল বাবু। দুটিতে জিতেছে বিদেশিরা, একটি ড্র। এবারও জয়ের আশা করছেন কামাল, ‘আমরা জেতার চেষ্টা করব। তবে মূল লক্ষ্য জাতীয় দলকে ম্যাচ অনুশীলনের সুযোগ করে দেওয়া।’ সঙ্গে যোগ করেছেন, ‘বিদেশিদের সঙ্গে খেললে জাতীয় খেলোয়াড়দের হাত-পা ভাঙার আশঙ্কা করেন অনেকে। এটা ঠিক নয়।’সেটি না হলেই ভালো!