সাফে জয়হীন বাংলাদেশ

সেমিফাইনাল খেলতে অনেক হিসাব-নিকাশ, অনেক সমীকরণ মেলানোর প্রয়োজন ছিল বাংলাদেশের। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ সমীকরণটা মেলাতে গিয়েই লেজে-গোবরে করে ফেলল বাংলাদেশ। গ্রুপের শেষ ম্যাচে পাকিস্তানের কাছে ২-১ গোলে হেরে গেছে এমিলি-জাহিদরা। অথচ গ্রুপের অন্য খেলায় নেপালের কাছে হেরে গেছে ভারত।
শুরু থেকে ম্যাচে প্রাধান্য ছিল বাংলাদেশের। খেলার ৩১ মিনিটে জাহিদ হাসান এমিলির গোলে ১-০ গোলে এগিয়েও গিয়েছিল। কিন্তু ৩৬ মিনিটে পাকিস্তান গোলটি শোধ করে খেলায় ফিরে আসে। এরপর খেলা যত গড়িয়েছে, বাংলাদেশ ম্যাচ থেকে তত দূরে সরে গেছে। একেবারে অন্তিম মুহূর্তে গিয়ে মোহাম্মদ রিয়াজের গোলে পাকিস্তান বাংলাদেশের কফিনে ঠুকে দেয় শেষ পেরেকটি।
সেমিফাইনাল নিশ্চিত করতে পাকিস্তানের বিপক্ষে জয়ের পাশাপাশি বাংলাদেশের কায়োমনে প্রার্থনা ছিল নেপাল যেন ভারতকে হারায়। নেপাল তাদের কাজ ঠিকঠাক সমাধা করলেও পাকিস্তানের কাছে হেরে টানা দ্বিতীয়বারের মতো সাফ চ্যাম্পিয়নশিপে প্রথম পর্ব থেকেই বিদায় নিল বাংলাদেশ।