সাফে 'মৃত্যুকূপে' বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাফ ফুটবলের ড্র হয়ে গেল কাল কাঠমান্ডুতে। অনুষ্ঠানে ছিলেন সাফ ও বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন (বাঁ থেকে তৃতীয়)।  সবার বাঁয়ে অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি গণেশ থাপা ষ ওয়েবসাইট
সাফ ফুটবলের ড্র হয়ে গেল কাল কাঠমান্ডুতে। অনুষ্ঠানে ছিলেন সাফ ও বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন (বাঁ থেকে তৃতীয়)। সবার বাঁয়ে অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি গণেশ থাপা ষ ওয়েবসাইট

অষ্টম সাফ ফুটবলের গ্রুপ পর্বেই শক্তিশালী দলগুলোর মুখোমুখি হতে হচ্ছে বাংলাদেশকে। কাঠমান্ডুতে কাল হয়ে গেল সাফের ড্র। ‘এ’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ টুর্নামেন্টের সফলতম দল ও বর্তমান চ্যাম্পিয়ন ভারত। শিরোপাপ্রত্যাশী স্বাগতিক নেপাল এবং পাকিস্তানও পড়েছে বাংলাদেশের গ্রুপে। ‘বি’ গ্রুপে আছে আফগানিস্তান, শ্রীলঙ্কা, মালদ্বীপ ও ভুটান।
আগামী ১-১১ সেপ্টেম্বর কাঠমান্ডুতে বসবে সাফ টুর্নামেন্ট। প্রথম দিনে স্বাগতিক নেপালের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের ‘বিশ্বকাপ’ অভিযান। বাংলাদেশের কাছে সাফের অন্য অর্থ তো বিশ্বকাপই। চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখা বাংলাদেশকে তাই বড়সড় চ্যালেঞ্জের মুখেই পড়তে হচ্ছে শুরুর দিন থেকে।
গত সাফের গ্রুপ পর্বেই বিদায় নিয়েছিল বাংলাদেশ। একটি ম্যাচও জিততে পারেনি, শুধু পাকিস্তানের সঙ্গে করেছিল গোলশূন্য ড্র। এবার প্রস্তুতিতে ঘাটতি রাখছে না বাফুফে। ডাচ কোচ লোডভিক ডি ক্রুইফের অধীনে চলছে অনুশীলন। নিবিড় অনুশীলনের জন্য বাংলাদেশ দল এই মুহূর্তে থাইল্যান্ডে। আজ সেখানে স্থানীয় প্রিমিয়ার লিগের দল ওসোতসপা সারাবুরির সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। সর্বশেষ থাই লিগে দলটি পঞ্চম হয়েছিল। ব্যাংককের সারাবুরি সেন্ট্রাল স্টেডিয়ামে হবে আজকের প্রথম প্রস্তুতি ম্যাচ। তবে ব্যাংককে আরও দুটি প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পেতে পারে বাংলাদেশ। প্রতিপক্ষ থাইল্যান্ড জাতীয় দল।
বাংলাদেশের গ্রুপটিকে ‘মৃত্যুকূপ’ হিসেবেই দেখছেন প্রধান কোচ লোডভিক ডি ক্রুইফ। থাইল্যান্ড থেকে বাফুফেকে জানিয়েছেন, ‘এই গ্রুপটি মৃত্যুকূপ। আমাদের গ্রুপে আছে টুর্নামেন্টের দুটি ফেবারিট দল নেপাল ও ভারত এবং ওরাই শিরোপার প্রধান দাবিদার। আফগানিস্তানের সৌভাগ্যই বলতে হবে। তবে এসব নিয়ে আমি মোটেও ভাবছি না। আমরা আমাদের স্বাভাবিক খেলাটাই খেলব।’
প্রতিটি ম্যাচকেই ফাইনাল হিসেবে দেখা উচিত। গ্রুপিং হওয়ার পর শেখ রাসেল কোচ মারুফুল হক কাল এমনটাই বললেন, ‘চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য থাকলে ম্যাচ ধরে ধরে এগোতে হবে। গ্রুপ নিয়ে ভাবলে চলবে না।’
কাঠমান্ডুতে সাফের ড্র অনুষ্ঠানে ছিলেন সাফ সভাপতি কাজী সালাউদ্দিন। বাংলাদেশের গ্রুপিং নিয়ে অবশ্য কিছু বলেননি বাফুফের সভাপতি। তবে নেপালের গণমাধ্যমে সাফ ক্লাব চ্যাম্পিয়নশিপের স্বপ্নের কথা বলেছেন কাল, ‘ক্লাব চ্যাম্পিয়নশিপের আয়োজন আমার অন্যতম একটি বড় স্বপ্ন। ইউরোপে এটা খুবই জনপ্রিয়। কিন্তু আমাদের একটা সমস্যা আছে। এই টুর্নামেন্ট আয়োজনের জন্য সবারই সময় আছে শুধু ভারত ছাড়া। আরেকটি সমস্যাও আছে, তা হলো স্পনসর জোগাড় করা। এ দুটি সমস্যা কাটিয়ে উঠতে পারলে উয়েফা চ্যাম্পিয়নস লিগ ও ইউরোপা লিগের মতো এখানেও এমন টুর্নামেন্ট আয়োজন করা যাবে।’
গ্রুপিং ও ফিকশ্চার
গ্রুপ এ বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল
গ্রুপ বি আফগানিস্তান, শ্রীলঙ্কা,
মালদ্বীপ, ভুটান
১ সেপ্টে. ভারত-পাকিস্তান বিকেল ৩-৪৫ মি.
বাংলাদেশ-নেপাল সন্ধ্যা ৬-৪৫ মি.
২ সেপ্টে. আফগানিস্তান-ভুটান বিকেল ৩-৪৫ মি.
মালদ্বীপ-শ্রীলঙ্কা সন্ধ্যা ৬-৪৫ মি.
৩ সেপ্টে. পাকিস্তান-নেপাল বিকেল ৩-৪৫ মি.
বাংলাদেশ-ভারত সন্ধ্যা ৬-৪৫ মি.
৪ সেপ্টে. ভুটান-মালদ্বীপ বিকেল ৩-৪৫ মি.
আফগানিস্তান-শ্রীলঙ্কা সন্ধ্যা ৬-৪৫ মি.
৫ সেপ্টে. ভারত-নেপাল বিকেল ৩-৪৫ মি.
বাংলাদেশ-পাকিস্তান সন্ধ্যা ৬-৪৫ মি.
৬ সেপ্টে. আফগানিস্তান-মালদ্বীপ বিকেল ৩-৪৫ মি.
শ্রীলঙ্কা-ভুটান সন্ধ্যা ৬-৪৫ মি.
৮ সেপ্টে. ১ম সেমিফাইনাল বিকেল ৩-৪৫ মি.
২য় সেমিফাইনাল সন্ধ্যা ৬-৪৫ মি.
১১ সেপ্টে. ফাইনাল
* সব ম্যাচ কাঠমান্ডু দশরথ স্টেডিয়ামে