গত বাংলাদেশ গেমস সাঁতারে ৩৮টি ইভেন্টে নতুন জাতীয় রেকর্ড হয়েছিল ৯টি। সেটা ছিল ইলেকট্রনিক স্কোরবোর্ডে। এবার গোপালগঞ্জে চলমান জাতীয় সাঁতার হচ্ছে হ্যান্ড টাইমিংয়ে। এতে রেকর্ডও হচ্ছে অনেক। গতকাল তৃতীয় দিনের তিনটিসহ ২৮টি ইভেন্টের ১৩টিতেই হয়েছে নতুন রেকর্ড।
এর একটিতে সাফ রেকর্ডের সমান টাইমিং হয়েছে বলে দাবি করা হয়েছে সাঁতার ফেডারেশনের সংবাদ বিজ্ঞপ্তিতে, ‘নৌবাহিনীর মাহফুজা খাতুন (শীলা) সাফ রেকর্ড করেন। শ্রীলঙ্কার রাহিম মাইয়ামি ২০০৬ কলম্বো সাফে ৩৪.৯৭ সেকেন্ড সময় নিয়ে রেকর্ড গড়েন। মাহফুজার টাইমিং ৩১.৭৩ সেকেন্ড।’ যদিও সাফ রেকর্ড হবে সাফে, বাংলাদেশের কোনো ঘরোয়া প্রতিযোগিতায় সাফের চেয়ে ভালো টাইমিং হতে পারে, কিন্তু রেকর্ড নয়। তা ছাড়া ভোলা যাচ্ছে না যে এটি হ্যান্ড টাইমিংয়ে। যেটি কখনোই প্রশ্নাতীত নয়।
কাল তৃতীয় দিনে মাহফুজা ছাড়া বাকি দুটি জাতীয় রেকর্ড গড়েন ৫০ মিটার বাটারফ্লাইয়ে নাজমা খাতুন (৩১.৭৩ সে.)। ২০০ মিটার ফ্রি-স্টাইল রিলেতে রেকর্ড করেছেন নৌবাহিনীর নাজমা খাতুন, সোনিয়া আক্তার, মাহফুজা খাতুন ও লিমা আক্তার (১০: ০২.৩০)। এদিন সোনা জিতেছেন জুয়েল আহমেদ (দুটি), সবুরা খাতুন, শাহজাহান আলী রনি, সোনিয়া আক্তার, অনীক ইসলাম, পাপিয়া খাতুন।
এখন পর্যন্ত চারটি সোনা নিয়ে ব্যক্তিগতভাবে এগিয়ে নৌবাহিনীর সোনিয়া আক্তার। তিনটি পেয়েছেন নাজমা খাতুন। দলীয়ভাবে ২০টি সোনা নিয়ে সবার ওপরে নৌবাহিনী।
আজ প্রতিযোগিতার শেষ দিন।