সাফের দলকে ‘বিদেশি-সাহায্য’
দিল্লিগামী সাফ ফুটবল দল ‘বিদেশী-সাহায্য’ পেল কাল। বঙ্গবন্ধু স্টেডিয়ামে দুই দল অনুশীলন ম্যাচ খেলল। তাতে দাপটের সঙ্গে খেলে জিতেছে বিদেশিরাই। স্কোরলাইন ৩-২।২-১১ ডিসেম্বরে সাফ ফুটবল। সব দলই শক্তিশালী প্রতিপক্ষের সঙ্গে অনুশীলন ম্যাচ খেলছে। কিন্তু বাংলাদেশ সেই চিরন্তন সমস্যার ঘূর্ণাবর্তে। বিদেশি দলের সঙ্গে এবারও অনুশীলন ম্যাচ আয়োজনে এখন পর্যন্ত ব্যর্থ বাফুফে। হাতের পাঁচ ঘরোয়া দল এবং বিদেশিরা। লিগ চ্যাম্পিয়ন শেখ জামালের সঙ্গে একটা ম্যাচ খেলা হয়েছে (১-১)। এরপর ঢাকায় ঢাকা বিদেশিদের (পড়ুন আফ্রিকানদের) সঙ্গে কালকের এই ম্যাচ। বিদেশিরা কিছু আর্থিক সম্মানির বিনিময়ে খেলেছে। জাতীয় দল এখনো শারীরিকভাবেই তৈরি নয়—কালকের ম্যাচের সারসংক্ষেপ এটাই। এমনিতে আফ্রিকানদের চেয়ে শারীরিকভাবে পিছিয়ে বাংলাদেশের ফুটবলাররা। তার পরও এই ম্যাচে শারীরিক দুর্বলতাই বড় হয়ে ফুটে উঠেছে।তা ছাড়া, কোচ কী চান, বোঝা কঠিন। ‘ফরোয়ার্ড সবুজ লম্বা পাসে খেলে, তাই তাকে দলে নেওয়া হয়নি’—পরশু বলেছিলেন ইলিয়েভস্কি। অথচ তাঁর আক্রমণভাগ কাল লম্বা পাসই বেশি খেলে গেল। এই বৈপরীত্য নিয়েই এখনো দেদার পরীক্ষা-নিরীক্ষা চলছে। প্রশ্ন উঠেছে, পর্যাপ্ত সময় পেলেও কেন জাতীয় দলকে তৈরি করা হলো না? এই প্রস্তুতির দোহাই দিয়েই তো চার-পাঁচ মাস ধরে খেলা বন্ধ। তাহলে শেষ সময়ে এসেও কেন বাংলাদেশ ‘শারীরিকভাবেই তৈরি নয়’ সমস্যাটা বেরিয়ে আসবে?ইলিয়েভস্কির উত্তর, ‘ওরা তো বক্সার নয় যে আমি ফিটনেস ফিটনেস করব সারা দিন। ফিটনেস এবং শারীরিক সক্ষমতা আসবে লিগ চলতে থাকলে। সেই লিগ তো নেই। আমি কী করব?’পরশু মেসিডোনিয়ান কোচ বলেছেন, ‘তিন-চার মাস খেলা না থাকায় খেলোয়াড়দের ফিটনেস নিচে নেমে গেছে। তাই আমি সাফে চ্যাম্পিয়ন হওয়ার আশা করতে পারছি না।’ কালকের ম্যাচের পরও তাঁকে তাড়িয়ে বেড়াল হতাশা, ‘আমি খুশি নই জাতীয় দলের খেলায়।’বিদেশি একাদশ ম্যাচটা বেশ গুরুত্ব দিয়েই খেলেছে। বল দখলের লড়াইয়েই বেশি মার খেয়েছেন স্থানীয় খেলোয়াড়েরা। বাংলাদেশ দল প্রতিপক্ষের অ্যাটাকিং থার্ডে বল রাখতে পারেনি বেশিক্ষণ, দ্রুতই তাদের নেমে যেতে দেখা গেছে নিজেদের সীমানায়।তবে ম্যাচের প্রথম গোলটা জাতীয় দলেরই—৮ মিনিটে এমিলির পেনাল্টি গোল। ৩৩ ও ৩৭ মিনিটে কেভিন করে দেন ২-১। তৌহিদ ৫৪ মিনিটে ২-২ করলেও শেষ মুহূর্তে নওয়াউইয়ের দারুণ শটে ৩-২।১৫ ও ১৮ নভেম্বর এই বিদেশিদের সঙ্গে আরও দুটি ম্যাচ হতে পারে। বিদেশি একাদশের কোচ কামাল বাবুর কথা, ‘জাতীয় দলের এর চেয়ে আরও কঠিন ম্যাচ খেলা উচিত।’ ম্যাচ দেখে কোচ শফিকুল ইসলাম মানিকের মূল্যায়ন, ‘বাংলাদেশ দল টেকনিক্যালি হয়তো ভালো কিন্তু শারীরিকভাবে প্রস্তুত মনে হয়নি। তবে সকালে কঠোর অনুশীলন করে বিকেলে এমন ম্যাচ খেলা একটু কঠিন, এটাও ঠিক।’ আরেক কোচ মারুফুল হক বললেন, ‘মাঝ মাঠে এসে বাংলাদেশ দল লম্বা পাসে খেলছে। একমাত্র স্ট্রাইকার খেলালেন কোচ, লম্বা খেলার কারণ বুঝলাম না। ছকটা ৪-৩-৩ মনে হলো, উইং দিয়ে যাওয়ার কথা বেশি। কিন্তু নাসির উঠে গেলে এটা আর দেখা যায়নি। ডিফেন্সে বল এলে একজন প্লেস, একজন কভার করবে, এটা হয়নি। আসলে শারীরিকভাবেই তো তৈরি নয় বাংলাদেশ দল।’