সাফের পথে বাংলাদেশ দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ দল
বাংলাদেশ দল

এবারের সাফ চ্যাম্পিয়নশিপটা যেন না জিতলেই নয়। ১০ বছর হয়ে গেল সাফের ট্রফিটা হাত দিয়ে ধরেছিল বাংলাদেশ। এরপর পেরিয়ে গেছে চারটি আসর। দুইবার সেমিতে খেললেও সাফের শ্রেষ্ঠত্ব হয়ে আছে অধরাই। শেষবার তো গ্রুপ পর্যায়েই বিদায়ের ঘণ্টাধ্বনি শুনতে হয়েছিল দলকে। এবার সাফ-শ্রেষ্ঠত্বের তীব্র বাসনা নিয়েই আজ কাঠমান্ডুর পথে উড়ে গেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। নেপালের রাজধানীতে ৩১ আগস্ট শুরু হচ্ছে উপমহাদেশীয় শ্রেষ্ঠত্বের এই প্রতিযোগিতা। উদ্বোধনী দিনেই বাংলাদেশকে মাঠে নামতে হবে স্বাগতিক নেপালের বিপক্ষে।
এবারের সাফে ‘ডেথ গ্রুপে’ পড়েছে বাংলাদেশ। স্বাগতিক নেপাল ছাড়াও বাংলাদেশের গ্রুপসঙ্গী ভারত ও পাকিস্তান। সাফের শিরোপা পুনরুদ্ধারের পথে এবার অগ্নিপরীক্ষারই সম্মুখীন হতে হবে বাংলাদেশকে।
নেপালকে গত মার্চে এএফসি চ্যালেঞ্জ কাপে ২-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ। এবারের বিশ্বকাপ বাছাইপর্বে পাকিস্তানকে দুই পর্বে ৩-০ গোলে হারানো গেলেও ভারতের বিপক্ষে বাংলাদেশ সর্বশেষ জয় পেয়েছে সেই ২০০৩ সালে। দেশের মাটিতে সাফ চ্যাম্পিয়নশিপেই সেবার ভারতকে ২-১ গোলে হারিয়েছিল বাংলাদেশ।
সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ দলের সদস্য সংখ্যা ২১ জন। নিয়মানুযায়ী সাফের দল ২০ জনের হলেও অধিনায়ক মামুনুল ইসলাম পরিপূর্ণ সুস্থ না থাকার কারণে একজন খেলোয়াড় বেশি নিচ্ছেন কোচ লোডভিক ডি ক্রুইফ। শেষ মুহূর্তে স্কোয়াড থেকে বাদ পড়েছেন রেজাউল করিম রেজা।
বাংলাদেশ দল: বিপ্লব ভট্টাচার্য, মামুন খান, শহীদুল আলম, ওয়ালি ফয়সাল, আরিফুল ইসলাম, নাসির চৌধুরী, মোহাম্মদ লিংকন, আতিকুর রহমান, রায়হানুল ইসলাম, মামুনুল ইসলাম (অধিনায়ক), ইমন বাবু, জামাল ভূঁইয়া, মিঠুন চৌধুরী, সোহেল রানা, মোবারক হোসেন, জাহিদ হোসেন, জাহিদ হাসান এমিলি, মোনায়েম খান রাজু, তকলিচ আহমেদ, ওয়াহেদ আহম্মেদ, শাখাওয়াত হোসেন রনি।