সাফের ফাইনালে আফগানিস্তান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টানা দ্বিতীয়বারের মতো সাফের ফাইনালে উঠল আফগানিস্তান। কাল প্রথম সেমিফাইনালে সানজার আহমাদির একমাত্র গোলে আফগানিস্তান হারিয়েছে নেপালকে। গ্রুপ পর্বের দুই জয় ও এক ড্রয়ে সেমিফাইনালে ওঠা নেপালকে কাল বেশ কোণঠাসা করে রেখেছিল আফগানরা। ১১ মিনিটেই আফগানিস্তান এগিয়ে যায় সানজার আহমাদির গোলে। অথচ ম্যাচের প্রথম মিনিটে এগিয়ে যাওয়ার দারুণ সুযোগ পেয়েছিল নেপালই। অনিল গুরুংয়ের দুর্দান্ত শট ঠেকিয়ে দেন আফগানিস্তানের গোলরক্ষক মনসুর ফকিরার। দ্বিতীয়ার্ধে অনেকটাই রক্ষণাত্মক ফুটবল খেলেছে আফগানিস্তান। গোল শোধের চেষ্টায় মরিয়া নেপালিদের খেলায় ছিল ভুল পাসের ছড়াছড়ি। এমনকি ম্যাচের ৮৭ মিনিটে পেনাল্টি থেকেও গোল করতে ব্যর্থ হয়েছেন নেপালের রোহিত চাঁদ।
আজ দ্বিতীয় সেমিফাইনালে ভারতের মুখোমুখি হবে মালদ্বীপ। সূত্র: গোলনেপালডটকম।