সাব-জুনিয়র দাবা আজ শুরু
‘দাবাড়ু তৈরির পাইপলাইন নেই’—এমন কথা আর শুনতে চায় না দাবা ফেডারেশনের নতুন নির্বাচিত কমিটি। সেই পাইপলাইন তৈরির উদ্দেশ্যেই খেলোয়াড় বাছাই শুরু করবেন ফেডারেশনের কর্মকর্তারা। কাজটা শুরু হচ্ছে জাতীয় সাব-জুনিয়র দাবা থেকেই। আজ ঢাকার দাবা ফেডারেশন কার্যালয়ে শুরু হচ্ছে অনূর্ধ্ব-১৬ বছর বয়সীদের এই প্রতিযোগিতা। ঢাকা মহানগরের বিভিন্ন স্কুল ও সারা দেশের প্রায় ৮০ জন খুদে দাবাড়ু অংশ নিচ্ছে এতে। ৯ রাউন্ড সুইস লিগভিত্তিক টুর্নামেন্ট শেষ হবে ১২ সেপ্টেম্বর। সাব-জুনিয়র থেকে বাছাই করা প্রতিভাবান দাবাড়ুদের নিয়ে পরে বিশেষ দাবা প্রশিক্ষণ শুরু হবে। লক্ষ্য—আগামী তিন বছরের মধ্যে ভালো মানের খেলোয়াড় বের করে আনা। সাব-জুনিয়র দাবার পৃষ্ঠপোষকতা করছে আজিমউদ্দিন ভূঁইয়া ট্রাস্ট। জাতীয় ক্রীড়া পরিষদের পুরোনো ভবনে কাল এ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তথ্যগুলো জানান ফেডারেশনের যুগ্ম সম্পাদক মোরসালিন আহমেদ। উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের কর্মকর্তা হানিফ ভূঁইয়া।