সাবরিনা জিতলেন আরেকটি সোনা
ক্যারিয়ারের পড়ন্ত বেলায়ও সাবরিনা সুলতানা অজেয়। তাঁকে হারাতে পারছেন না কেউ। আইএফআইসি ব্যাংক ২৬তম জাতীয় শ্যুটিংয়ের প্রথম দিনে নিজের সেরা পারফরম্যান্সের চেয়ে অনেক কম স্কোর করেও সোনা জিতেছেন ৫০ মিটার থ্রি-পজিশনে। কাল তৃতীয় দিনে প্রথম হয়েছেন প্রোন ইভেন্টে। এই ইভেন্টটি শুরু করেছিলেন ১৯৯৫ সালে। সেই থেকেই তিনি টানা চ্যাম্পিয়ন। ইভেন্টটিতে তাঁর সেরা স্কোর ৫৮৭। ঢাকা রাইফেল ক্লাবের হয়ে সাবরিনা কাল করেছেন ৫৭৮। ৫৭৫ স্কোর করে দ্বিতীয় হয়েছেন একই ক্লাবের শারমিন শিল্পা। নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবের সুরাইয়া তৃতীয় (৫৫৫)। কাল মেয়েদের ২৫ মিটার স্পোর্ট পিস্তলে সোনা জিতেছেন ঢাকা রাইফেল ক্লাবের মিতি দেওয়ান (৫৪০)। পুরুষদের ১০ মিটার এয়ার পিস্তলের সোনা জিতেছেন সাভার সেনা শ্যুটিং ক্লাবের ইকবাল হোসেন (৬৬৫.৮), স্কিটে ১৩২ স্কোর করে সোনা জিতেছেন চট্টগ্রাম রাইফেল ক্লাবের নূরউদ্দিন সেলিম। গুলশান শ্যুটিং রেঞ্জে তিন দিনে ৮টি ইভেন্ট হয়েছে। তবে এখনো রেকর্ড দেখেনি জাতীয় শ্যুটিং।