সাবান-বিপর্যয়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সান্তিয়াগো কানিজারেসের সেই অদ্ভুতুড়ে দুর্ঘটনার কথা মনে আছে? ২০০২ বিশ্বকাপের ঠিক আগে দাড়ি কামানোর সময় আফটারশেভ লোশনের বোতল ভেঙে পড়েছিল স্পেন জাতীয় দলের গোলরক্ষক কানিজারেসের পায়ে। সেই থেকে চোট। ভাগ্য আর কাকে বলে, সেই চোটই তাঁকে ছিটকে দিয়েছিল বিশ্বকাপ থেকে। নিকোলাস লদেইরোর কাছাকাছি রকমের একটা দুর্ঘটনা ঘটেছে। করিন্থিয়ানসের হয়ে অভিষেকের অপেক্ষায় ছিলেন উরুগুয়ে স্ট্রাইকার। বোটাফোগো থেকে নতুন ক্লাবে আসতে আমলাতান্ত্রিক জটিলতাও ছিল। কিন্তু ম্যাচের মাত্র এক দিন আগে গোসল করতে গিয়ে বাধান বিপত্তি। সাবানের বাক্স পায়ের ওপর পড়ে ব্যথা পান। শেষ পর্যন্ত আর মাঠেই নামতে পারলেন না পরদিন! রয়টার্স।

১০ গোল

বিশ্বকাপের ব্রাজিল-জার্মানির সেমিফাইনাল স্মৃতিতে নিশ্চয়ই এখনই ধুলো জমেনি? ব্রাজিলিয়ানদের বিপক্ষে কী নিমর্মভাবেই না গোল-উৎসবে মেতে উঠেছিলেন জার্মানরা! এক গোলের রেশ না কাটতেই আরেক গোল। গুনে গুনে জার্মানরা উৎসব করল সাতবার। শেষ দিকে ব্রাজিলও একটা ফিরিয়ে দেওয়ায় ম্যাচটা হয়ে যায় ৮ গোলের। পরশু জার্মানদের সেই গোল-উৎসবের ভূতই যেন চেপে বসেছিল ডায়নামো মস্কোর খেলোয়াড়দের মাথায়! রাশিয়ান ক্লাবটিও গুনে গুনে প্রতিপক্ষ রোস্তভকে দিল ৭ গোল। রোস্তভও তিনটা গোল ফিরিয়ে দেওয়ায় দর্শকেরা গোল দেখল ১০টি। নতুন মৌসুমের প্রথম ম্যাচেই ৭-৩ গোলের জয়, ডায়নামো মস্কোর লিগের শুরুটা এর চেয়ে ভালো হতে পারত কী! এএফপি।

পাগলামি

অস্ট্রেলিয়ান গায়িকা কাইলি মিনোগি পরশু গান গাইছিলেন মঞ্চে। মাঠের সামনে, টিভির পর্দায় বুঁদ কোটি দর্শক। কমনওয়েলথ গেমসের সমাপনী অনুষ্ঠান বলে কথা! একটা সময় মিনোগি পোশাক বদলাতে মঞ্চ থেকে নামলেন। ঠিক এ সুযোগটার অপেক্ষায় ছিলেন জেনেভিয়েভে লাকাজে। অস্ট্রেলিয়ার এই অ্যাথলেট চট করে উঠে পড়লেন মঞ্চে। নৃত্যশিল্পীদের সঙ্গে শুরু করে দিলেন নাচ। মিনিট খানেকের মধ্যেই অবশ্য নিরাপত্তারক্ষী এসে তাঁকে নামিয়ে নিয়ে গেলেন। কিন্তু লাকাজের কাজ ততক্ষণে হয়ে গেছে, মাঠের সবাই তো বটেই, বিশ্বের অগণ্য দর্শক টিভিতে দেখে ফেলেছেন তাঁকে। গ্লাসগোর এই গেমসেই অস্ট্রেলিয়ার হয়ে ৩ হাজার মিটার স্টিপলচেজে অংশ নিয়ে হয়েছেন পঞ্চম। পরে জানিয়েছেন, টিভিতে নিজেকে দেখানোর জন্যই অমনটা করেছেন। তার ওপর কদিন পরেই তাঁর ২৫তম জন্মবার্ষিকী! একটু পাগলামি না হয় করলেনই! সূত্র: দ্য গার্ডিয়ান।