সাবাড় লক্ষাধিক লিটার অ্যালকোহল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্সবের সব আয়োজনই প্রস্তুত রাখা হয়েছিল। শুধু অপেক্ষা ছিল, জয়সূচক রানের জন্য। ধোনির ব্যাটের তোড়ে বল সীমানার ওপর দিয়ে গ্যালারিতে আছড়ে পড়তেই মেতে ওঠে পুরো ভারত। ২৮ বছর পর বিশ্বকাপ ক্রিকেটের ট্রফি! মাতামাতির জন্য এর চেয়ে ভালো উপলক্ষ কী আর হতে পারে।রাতভর মুম্বাইয়ে চলেছে ক্রিকেটপাগল ভারতীয়দের উন্মাদনা। মুম্বাইয়ের রেস্তোরাঁ ও পানশালাগুলোতে ছিল উপচে পড়া মানুষ। মুম্বাইয়ে সাত হাজারেরও বেশি পানশালা ও রেস্টুরেন্ট আছে। বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে ভারত জিতবে—এই আশায় তারা পসরা সাজিয়ে ছিল হরেক রকমের খাবার ও অ্যালকোহল জাতীয় পানীয় দিয়ে। প্রথম দিকে শেবাগ ও শচীন টেন্ডুলকারের উইকেটের পতনে মুম্বাইয়ের পানশালা ও রেস্টুরেন্ট মালিকদের মাথায় হাত উঠে ছিল। ভারতের বিশ্বকাপ ক্রিকেট বোধ হয় আর জেতা হলো না! এ ঘটনায় অনেক সমর্থকই মুষড়ে পড়েছিলেন। পানশালাগুলোতে নেমে এসেছিল বিষাদের ছায়া। কিন্তু শেষ পর্যন্ত ভারতীয় ক্রিকেট দলের অধিপতি ধোনির হাতেই উঠেছে ট্রফি। তাই সবকিছু ভুলে সরাবের রঙিন জলে একটি রাত ডুবে ছিল তারা।মুম্বাইয়ের পানশালা ও রেস্টুরেন্ট কর্তৃপক্ষ জানিয়েছে, গতকাল রাতে কমপক্ষে এক লাখ ৮০ হাজার লিটার অ্যালকোহল জাতীয় পানীয় শেষ করেছে ভারতীয় ক্রিকেট দলের সমর্থকেরা। ভারতীয় ক্রিকেট দলের বিশ্বকাপ নিশ্চিত হওয়ার মাত্র আট ঘণ্টায় ব্যবধানে এই বিপুল পরিমাণ অ্যালকোহল নিঃশেষ হয়েছে। এ রকম ঘটনা ভারতের ইতিহাসে বিরল বলে দ্য টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে। এ ছাড়া এদিন রাতে মুম্বাইয়ে রেস্টুরেন্টগুলোতে প্রায় ১২ হাজার কেজি মাংস প্রস্তুত রাখা হয়েছিল সমর্থকদের জন্য।