সাবিনা একাই ১১!
খেলা শেষে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছিলেন ব্র্যাকের মিডফিল্ডার মাসি প্রু। তাঁকে সান্ত্বনা দিচ্ছিলেন সতীর্থ আঁখি খাতুন। বঙ্গবন্ধু স্টেডিয়ামে ওয়ালটন মহিলা করপোরেট ফুটবলের প্রথম ম্যাচে বিজেএমসির কাছে ২১-০ গোলে পরাজয় একেবারে বিধ্বস্ত করে দিয়েছে মাসি প্রুদের।জাতীয় দলের একগাদা খেলোয়াড় নিয়ে গড়া বিজেএমসি। আর ব্র্যাকের মেয়েরা ফুটবলে লাথি দিয়েছে মাত্র ২০ দিন আগে। স্বভাবতই জিতেছে বিজেএমসি, গোল হয়েছে মুড়ি-মুড়কির মতো। জাতীয় দলের স্ট্রাইকার সাবিনা একাই করেছেন ১১ গোল। সাতক্ষীরার ‘গোল-মেশিনের’ গত জাতীয় মহিলা ফুটবলে ছিল ২৮ গোল। এর মধ্যে নওগাঁর বিপক্ষে এক ম্যাচেই করেছিলেন ১৩টি। গত বছর মহিলা ক্লাব ফুটবলে শেখ জামালের হয়ে আরামবাগের বিপক্ষে করেন ১২ গোল। কাল ১৩ মিনিটে গোল উৎসবের শুরুটা করেছিলেন সাবিনা, ৮৯ মিনিটে যেটির ইতি টানেন ইতি। হ্যাটট্রিক করেন বিথি, ইতি ও রিক্তা। একটি গোল রুমার।