সাবিনা-সুইনুদের ভারত পরীক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুরুতেই সবচেয়ে কঠিন প্রতিপক্ষ ভারত। বর্তমান চ্যাম্পিয়নদের বিপক্ষে ম্যাচ দিয়ে আজ শুরু হচ্ছে বাংলাদেশের মেয়েদের দ্বিতীয় সাফ অভিযান। শ্রীলঙ্কার কলম্বোতে বাংলাদেশ সময় সকাল নয়টায় শুরু হবে খেলা। ঢাকা ছাড়ার আগে বাংলাদেশ মহিলা দলের কোচ গোলাম রব্বানি শক্তিশালী ভারতের বিপক্ষে জয়ের আশাবাদ ব্যক্ত করারই সাহস পাননি। তবে শ্রীলঙ্কায় গিয়ে ফেডারেশনের ওয়েবসাইটে জানিয়েছেন, ‘প্রতিটি খেলোয়াড়ই কঠোর অনুশীলন করেছে। ভারতের বিপক্ষে প্রথম ম্যাচটা খেলার জন্য তারা প্রস্তুত। আশা করছি, আমাদের মেয়েরা ওদের সঙ্গে ভালোই লড়বে।’ কক্সবাজারে ২০১০ প্রথম মহিলা সাফ ফুটবলের গ্রুপ পর্যায়ে ভারতের কাছে ৬-০ গোলে হেরেছিল সাবিনা-সুইনুরা। মাত্র এক মাসের অনুশীলন এবং দুটি প্রস্তুতি ম্যাচে এবার তাঁরা কত দূর যাবেন সেটাই দেখার বিষয়। ‘এ’ গ্রুপে বাংলাদেশের অন্য দুই প্রতিপক্ষ স্বাগতিক শ্রীলঙ্কা ও ভুটান। ওই দুই দলের সঙ্গে ম্যাচ আগামী ৯ ও ১১ সেপ্টেম্বর।