সাবিনাদের প্রথম ম্যাচ জর্ডানের সঙ্গে

২০১৯ সালের মার্চের পর উজবেকিস্তানেই প্রথম খেলবে বাংলাদেশের মেয়েদের জাতীয় দলফাইল ছবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেয়েদের এশিয়ান কাপের বাছাইয়ে প্রথম ম্যাচে জর্ডানকে পেয়েছে বাংলাদেশ। আগামী ১৯ সেপ্টেম্বর হবে প্রথম ম্যাচ। এরপর ২২ সেপ্টেম্বর দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে ইরানের। গ্রুপ চ্যাম্পিয়ন দল খেলবে চূড়ান্ত পর্বে। বাংলাদেশের প্রতিটি ম্যাচই হবে উজবেকিস্তানে। ২০১৯ সালের মার্চের পর উজবেকিস্তানেই প্রথম মাঠে নামবে মেয়েদের জাতীয় দল।

এবারের এএফসি এশিয়ান কাপের বাছাই পর্বের ‘জি’ গ্রুপের খেলা হওয়ার কথা ছিল বাংলাদেশে। কিন্তু করোনার কারণে বাংলাদেশ ফুটবল ফেডারেশন স্বাগতিক হতে অনাগ্রহ দেখিয়েছে। এরপর নিরপেক্ষ ভেন্যু উজবেকিস্তানে এশিয়ান কাপের বাছাইপর্ব আয়োজনের সিদ্ধান্ত নেয় এএফসি (এশিয়ান ফুটবল কনফেডারেশন)।

বাংলাদেশের মেয়েরা খেলবে ইরান–জর্ডানের সঙ্গে
ফাইল ছবি

গ্রুপ পর্ব খেলার আগে বাংলাদেশ দলের নেপালে গিয়ে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে। সেখান থেকেই সাবিনাদের উজবেকিস্তান যাওয়ার কথা। মেয়েদের এশিয়ান কাপের বাছাইয়ে শক্ত গ্রুপেই পড়েছে বাংলাদেশ । এএফসি কাপের বাছাইয়ে ২৮টি দেশ আট গ্রুপে ভাগ হয়ে বাছাইয়ে খেলবে।

বর্তমান চ্যাম্পিয়ন জাপান, গত আসরের রানার্সআপ অস্ট্রেলিয়া, তৃতীয় হওয়া চীন এবং আয়োজক ভারত সরাসরি এই আসরের চূড়ান্তপর্বে খেলবে।

২০১৪ সালে সর্বশেষ বাছাইয়ে খেলেছিল বাংলাদেশ। ২০১৮ সালে বাংলাদেশ অংশই নেয়নি। তবে সাত বছর আগে দেশের মাটিতে বাংলাদেশের স্মৃতি মোটেও ভালো ছিল না। সেবার থাইল্যান্ডের বিপক্ষে ৯-০, ইরানের বিপক্ষে ২-০ এবং ফিলিপাইনের কাছে ৪-০ গোলে হেরে গ্রুপের তলানিতে ছিল বাংলাদেশ।

ফিফা র‌্যাঙ্কিংয়ে জর্ডান ৬৩তম এবং ৭২তম স্থানে আছে ইরান। বাংলাদেশের অবস্থান ১৩৭ তম।