সাবিনার হ্যাটট্রিকে বিআইটির বড় জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্যার জন উইলসনের মাইশা, গ্রীন হেরাল্ডের শাহিদার পর মেয়েদের মহানগর স্কুল ফুটবল কাল আরেকটি হ্যাটট্রিক দেখল। এটি করেছে বিআইটির সাবিনা। আজিমপুর গার্লস স্কুলে তার হ্যাটট্রিকে বিআইটি ৭-০ গোলে হারিয়েছে ইসলামবাগ আশরাফ আলী হাইস্কুলকে। সাবিনা ছাড়াও ফাতেমা, সাচ্চি, নাফিজা ও লুবাবা করেছে ১টি করে গোল। একই ভেন্যুতে অন্য ম্যাচে ধানমন্ডি গভ. গার্লস স্কুল ২-০ গোলে হারিয়েছে জমিলা খাতুন লালবাগ গার্লস হাইস্কুলকে। গোল করেছে সুমি ও আয়েশা। খোদেজার একমাত্র গোলে দোলাইরপাড় জিতেছে রহমতউল্লাহর বিপক্ষে।ধানমন্ডি সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে স্কলাস্টিকা ১-০ গোলে হারিয়েছে মোহাম্মদপুর প্রিপারেটরি এএইচএস গার্লস হাইস্কুলকে। গোল করেছে সাবরিনা। সামারফিল্ড ২-০ গোলে জিতেছে ডন গ্রামারের বিপক্ষে। রাজধানী হাইস্কুল ও গ্রীন হেরাল্ডের ম্যাচটি গোলশূন্য শেষ হয়েছে। মহিলা ফুটবল কমিটির চেয়ারম্যান সিরাজুল ইসলাম (বাচ্চু) জানিয়েছেন, ডায়রিয়ার কারণে বেশ কয়েকজন খেলোয়াড় অসুস্থ হয়ে পড়ায় কাল মাঠেই আসেনি মতিঝিল গভ. গার্লস হাইস্কুল। বাইলজ অনুসারে তাই প্রতিপক্ষ আগারগাঁও আদর্শ উচ্চবিদ্যালয়কে ২-০ গোলে জয়ী ঘোষণা করা হয়েছে।