সাবেক অধিনায়কদের নির্বাচক কমিটি
তাঁরা ছিলেন সতীর্থ, ছিলেন জাতীয় দলের অধিনায়ক। আকরাম খান, মিনহাজুল আবেদীন এবং হাবিবুল বাশারকে আবারও এক মঞ্চে নিয়ে এল জাতীয় দল নির্বাচক কমিটি।কাল বিসিবির পরিচালনা পর্ষদের সভার পর ঘোষিত নতুন নির্বাচক কমিটি এই তিন সাবেক খেলোয়াড়কে নিয়েই গঠিত। প্রধান নির্বাচক গত দুটি নির্বাচক কমিটিতেই থাকা আকরাম খান।আগামী ৩০ এপ্রিল শেষ হয়ে যাবে রফিকুল আলমের নেতৃত্বাধীন বর্তমান কমিটির মেয়াদ। আকরাম খানের নির্বাচক কমিটি দায়িত্ব গ্রহণ করবে ১ জুন থেকে। তার আগের এক মাসে নতুন নির্বাচকদের সঙ্গে আলোচনা করে তাঁদের কাজের শর্তাবলি ঠিক করবে বোর্ড। কাল বিসিবির মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস এক সংবাদ ব্রিফিংয়ে বলেছেন, ‘আগামী এক মাসের মধ্যে নির্বাচকদের সঙ্গে কথা বলে তাঁদের টার্মস অ্যান্ড কন্ডিশন, ফিনান্সিয়াল প্যাকেজ এবং চুক্তির মেয়াদ ঠিক করা হবে।’ কিন্তু বোর্ডের টার্মস অ্যান্ড কন্ডিশন যদি মনঃপূত না হয় আকরাম-মিনহাজুল-হাবিবুলদের? ‘সে ক্ষেত্রে আমাদের নতুন করে চিন্তা করতে হবে’—বলেছেন জালাল ইউনুস।প্রধান নির্বাচক রফিকুল আলম এবং নির্বাচক জাহিদ রাজ্জাককে বাদ দিলেও নতুন কমিটির প্রধানই করে দেওয়া হয়েছে আগের কমিটির সদস্য আকরাম খানকে। আগের কমিটির কাজের ধারাবাহিকতা রক্ষার কথা চিন্তা করেই নতুন কমিটিতেও তাঁকে রেখেছে বোর্ড এবং নির্বাচক হিসেবে অভিজ্ঞতার কথা বিবেচনা করে করা হয়েছে প্রধান নির্বাচক।নতুন কমিটির আরেক সদস্য মিনহাজুল আবেদীন লেভেল-৩ করা কোচ, কোচ হিসেবেই কর্মরত আছেন বোর্ডে।্রবাংলাদেশ ‘এ’ দল, অনূর্ধ্ব-১৯ এবং একাডেমি দলের কোচের দায়িত্ব পালন করেছেন। তবে প্রায় এক বছর ধরে বিসিবির কোনো দলের সঙ্গে যুক্ত না থাকায় ‘অবসর’ জীবনই কাটাচ্ছিলেন একরকম। সাবেক এই অধিনায়কের বিশ্বাস, নতুন ভূমিকাতেও কাজে লাগবে তাঁর কোচের অভিজ্ঞতা, ‘বিশেষ করে ট্যালেন্ট হান্টিংয়ে আমার মাঠের অভিজ্ঞতা কাজে দেবে আশা করি। জানি, এটা থ্যাংকলেস জব, চ্যালেঞ্জিং জব। তার পরও কমিটিতে আর যাঁরা আছেন, তাঁদের সঙ্গে মিলে সেরাটা দিতে পারব আশা করি।’বয়সে এবং খেলোয়াড়ি জীবনে আকরাম খান কিছুটা ‘জুনিয়র’ হলেও তাঁকে প্রধান নির্বাচক মানতে সমস্যা নেই মিনহাজুলের, ‘আইসিসি ট্রফিতেও আমি আকরামের নেতৃত্বে খেলেছি। আমাদের সম্পর্ক দীর্ঘদিনের। চট্টগ্রামের ক্রিকেটে, জাতীয় দলে একসঙ্গে খেলার সুবাদে বোঝাপড়াও ভালো।’বোর্ড সূত্রে জানা গেছে, নির্বাচক কমিটিতে আকরাম খান ও মিনহাজুল আবেদীনের অন্তর্ভুক্তি সর্বসম্মতিক্রমে হলেও বিতর্ক ছিল হাবিবুল বাশারকে নিয়ে। বোর্ডের কয়েকজন পরিচালক তাঁর আইসিএলে চলে যাওয়ার ঘটনাটি সামনে নিয়ে আসছিলেন। তৃতীয় নির্বাচক হিসেবে তাই আলোচনায় ছিলেন আরও দুই সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ ও খালেদ মাসুদ এবং সাবেক ক্রিকেটার সেলিম শাহেদ। তবে শেষ পর্যন্ত বোর্ড হাবিবুলকেই রাখার সিদ্ধান্ত নেয়।হাবিবুল বোর্ডের এই সিদ্ধান্তে সম্মানিতই বোধ করছেন। কাল সন্ধ্যায় লেভেল-২ কোচিং কোর্স করতে মালয়েশিয়ায় যাওয়ার আগে সুসংবাদটা শুনে বলেছেন, ‘এটা আমার জন্য বিরাট চ্যালেঞ্জ। অধিনায়ক থাকার সুবাদে দল নির্বাচন-প্রক্রিয়ায় যুক্ত থাকার সুযোগ আগেও হয়েছে। সেটা এখানে কাজে দেবে।’নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে বোর্ড সভাপতি আ হ ম মুস্তফা কামাল প্রথম আলোকে বলেছেন, ‘তাঁদের টার্মস অ্যান্ড কন্ডিশনে দেশের তৃণমূল পর্যায় থেকে প্রতিভা তুলে আনার ব্যাপারটি গুরুত্ব দেওয়া হবে। এ ছাড়া সব কাজই যেন তারা বোর্ডের নীতি মেনে এবং বোর্ডের সঙ্গে যোগাযোগ রক্ষা করে করে, সেটাও দেখা হবে।’কিন্তু আগের নির্বাচক কমিটির কাজে বোর্ডের ‘তদারকি’র যে ব্যাপারটা ছিল, সেটা কি চেপে বসবে আকরাম খানের কমিটির ওপরও? সভাপতি স্বীকার করেছেন, ‘হ্যাঁ, আগের নির্বাচক কমিটির কাজে আমরা হস্তক্ষেপ করেছি...।’ ব্যাখ্যা করেছেন এর কারণও, ‘খেলোয়াড় বাছাই থেকে শুরু করে কোনো কর্মকাণ্ড সম্পর্কেই তারা বোর্ডের সঙ্গে প্রয়োজনীয় যোগাযোগ রক্ষা করত না। সে কারণেই কখনো কখনো এটা করতে হয়েছে।’মুস্তফা কামালের আশা, নতুন নির্বাচক কমিটি বোর্ডের নীতিতেই হাঁটবে, তাদের কার্যক্রম সম্পর্কে অবহিত রাখবে বোর্ডকে।