সাবেক এক নম্বরদের দুর্দিন
খুব বেশি দিন আগের কথা নয়। মেয়েদের টেনিসের সম্ভাব্য তিন সম্রাজ্ঞী ভাবা হচ্ছিল তাঁদের, যাঁদের হাতে নাকি সূর্যাস্ত হবে উইলিয়ামস বোনদের রাজত্বের। বছরের শুরুর এই অস্ট্রেলিয়ান ওপেনে তাঁদের দুজন বিদায় নিলেন প্রথম রাউন্ডেই। আরেকজন জিতেছেন ঠিকই, কিন্তু মাত্রই সামলে উঠেছেন টানা ছয় ম্যাচ হারের ধাক্কা! মেয়েদের র্যাঙ্কিংয়ের সাবেক তিন এক নম্বরের পথ হারানো আর হারানো পথ খোঁজার ব্যাকুলতার সাক্ষী হয়ে থাকল অস্ট্রেলিয়ান ওপেন।কিম ক্লাইস্টার্সের কাছে দিনারা সাফিনার ৬-০, ৬-০ গেমের আত্মসমর্পণ যদি হয় নিতান্তই লজ্জার, তা হলে আনা ইভানোভিচের পরাজয়টাও অপমানের দিক দিয়ে কম কিসে? ২০০৮ সালের অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালিস্ট ইভানোভিচ লড়াই করেই হেরেছেন (৩-৬, ৬-৪, ১০-৮), কিন্তু সেই লড়াইটা যে তাঁকে করতে হলো ‘অজ্ঞাতনামা’ একাতেরিনা মাকারোভার সঙ্গে!সাফিনা অবশ্য সাফাই গাইতে পারেন, প্রথম রাউন্ডেই তাঁকে মুখোমুখি হতে হয়েছিল টুর্নামেন্টের ফেবারিট ক্লাইস্টার্সের সঙ্গে। কিন্তু একটি গেমও জিততে না পারার ব্যাখ্যা তাঁর কাছেও নেই, ‘একটি পয়েন্ট কীভাবে জিতব, সেটিরও কোনো পথ খুঁজে পাচ্ছিলাম না আমি! সত্যি লজ্জাজনক।’ তবে ২০০৯ সালে আবারও কোর্টে ফিরে আসা, টানা দুই বছর ইউএস ওপেন জেতা ক্লাইস্টার্স হয়তো প্রতিদ্বন্দ্বীদের এই বার্তা পাঠালেন—সাবধান!ত্রয়ীর মধ্যে কেবল বিজয়িনীর হাসি হেসেছেন ইয়েলেনা ইয়াঙ্কোভিচ। পিঠ আর কবজির চোটের কারণে ভুগতে থাকা এই সাবেক এক নম্বর টানা ছয় ম্যাচ পর জয়ের মুখ দেখলেন। কাল অস্ট্রেলিয়ান ওপেনের প্রথম রাউন্ডে সরাসরি সেটেই জিতেছেন রাশিয়ার আলা কুদরিয়াভৎসেভার বিপক্ষে। টাইব্রেকে গড়ানো দ্বিতীয় সেটটা ঘাম ঝরিয়েই জিততে হয়েছে তাঁকে।পুরুষ এককেও সাবেক এক নম্বর লেটন হিউইট বিদায় নিয়েছেন প্রথম রাউন্ড থেকে। স্বাগতিক অস্ট্রেলিয়ার দর্শকদের আরও একবার হতাশ করলেন এই ২৯ বছর বয়সী। এই তিন সাবেক এক নম্বরের পতনের দিনে আর কোনো অঘটনের সাক্ষী হয়নি অস্ট্রেলিয়ান ওপেন। রাফায়েল নাদাল, অ্যান্ডি মারে, ডেভিড ফেরার, হুয়ান মার্টিন, দেল পোত্রো, রবিন সোদারলিংরা চলে গেছেন দ্বিতীয় রাউন্ডে। এক বছর পর কোনো গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টে খেলতে নামলেন ২০০৯-এর ইউএস ওপেনজয়ী দেল পোত্রো। চোটের কারণে দীর্ঘদিন কোর্টের বাইরে ছিলেন এই আর্জেন্টাইন। ওই সময়টায় ফেদেরার-নাদালসহ র্যাঙ্কিংয়ের শীর্ষ দশের প্রায় সবাই তাঁর খোঁজ নিয়েছেন বলেই জানালেন দেল পোত্রো। এই বন্ধুতায় তিনি মুগ্ধ। এএফপি, রয়টার্স।