সাবেক কৃতী ক্রীড়াবিদদের অসম্মানে ক্ষুব্ধ মিলখা সিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক কৃতী ক্রীড়াবিদরা যেকোনো ‘খেলার আসরে’ ভিআইপি আসনে থাকবেন—এমনটাই তো রীতি। আর এটা যদি হয় কমনওয়েলথ গেমসের উদ্বোধনী অনুষ্ঠান, তাহলে প্রত্যাশাও বেড়ে যায় অনেক। অথচ সাম্প্রতিক কমনওয়েলথ গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে ভিআইপি তো দূরে থাক, সাধারণ গেট দিয়েও প্রবেশের অনুমতি মেলেনি অনেক সাবেক কৃতী ক্রীড়াবিদের। এমন অভিযোগ করে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ভারতের এক সময়কার শ্রেষ্ঠ দৌড়বিদ মিলখা সিং। ‘বিশ্বের বিভিন্ন খেলায় অংশগ্রহণ করে আমরা যাঁরা নৈপুণ্যের স্বাক্ষর রেখেছি, বয়ে এনেছি দেশের জন্য খ্যাতি, তাঁদের বলা হলো ১৪ নম্বর গেট দিয়ে প্রবেশ করতে। কেন আমাদের ভিআইপি গেট দিয়ে প্রবেশের কথা বলা হলো না?’ অনেকটা আক্ষেপ করেই বললেন মিলখা সিং। শুধু তাই নয়, এ আসরে পি টি ঊষা, এস শ্রীরাম, কপিল দেবের মতো বিশ্ববরেণ্য ক্রীড়াবিদকে অনুষ্ঠানে না দেখতে পেয়ে ভীষণ দুঃখ পেয়েছেন ১৯৫৮ সালে কার্ডিফের কমনওয়েলথ গেমসে ৪৪০ গজে দৌড়ে সোনা জেতা বর্ষীয়ান এ ক্রীড়াবিদ। আরও বেশি কষ্ট পেয়েছেন তখনই, যখন শুনলেন পি টি ঊষাসহ অনেককেই এ আসরে আমন্ত্রণই করা হয়নি। অথচ সাবেক ক্রীড়াবিদদের জন্য আলাদা গ্যালারি রাখার অনুরোধ জানিয়ে আয়োজক কমিটির কাছে আগেই চিঠি পাঠিয়েছিলেন মিলখা। অনুরোধ রাখেনি আয়োজক কমিটি। সবকিছু মিলিয়ে ‘টাইমস নাও’-এর কাছে প্রকাশ করা মিলখার ক্ষুব্ধ প্রতিক্রিয়াকে তাই অযৌক্তিক মনে হচ্ছে না।