সাবেক দুই চ্যাম্পিয়নের লড়াই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ড্যারেন স্যামি প্রায়ই একটা কথা বলেন, ‘টি-টোয়েন্টি ক্রিকেটটা হচ্ছে আমাদের জন্য।’ এখানে ‘আমাদের’ মানে ওয়েস্ট ইন্ডিজ। এক দিক থেকে কথাটা ভুল নয়। টেস্ট ও ওয়ানডেতে যে ওয়েস্ট ইন্ডিজ অনেক দিন ধরেই নিজেদের সোনালি সময়ের ছায়া, তারাই ২০১২ টি-টোয়েন্টি বিশ্বকাপের চ্যাম্পিয়ন, ২০০৯ ও ২০১৪ আসরের সেমিফাইনালিস্ট।
টি-টোয়েন্টিটা যে আসলেই তাদের জন্য, এটা আরও একবার প্রমাণের সুযোগ পাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। মুম্বাইয়ে আজ ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে আরও একটা টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শুরু হচ্ছে ড্যারেন স্যামিদের।
ইংল্যান্ডের ব্যাপারটা আবার উল্টো। টেস্টে ইংল্যান্ড সব সময়ই পরাশক্তি। সর্বশেষ অ্যাশেজটাই জিতল কী দারুণভাবে! কিন্তু সেই ইংল্যান্ডেরই ওয়ানডে ক্রিকেটের সঙ্গে যেন চিরবৈরিতা। টি-টোয়েন্টি আসার পর তাই মনে হচ্ছিল সীমিত ওভারের ক্রিকেটে ইংল্যান্ড যেহেতু সাফল্য পায় না, এখানেও খুব বেশি কিছু হবে না। কিন্তু সবাইকে বিস্মিত করে দিয়ে ইংল্যান্ড ২০১০ টি-টোয়েন্টি বিশ্বকাপের চ্যাম্পিয়ন। এখন পর্যন্ত যেটি ক্রিকেটের বৈশ্বিক আসরে তাদের সবচেয়ে বড় সাফল্য।
তাহলে টি-টোয়েন্টি ক্রিকেট যতটা ওয়েস্ট ইন্ডিজের, ততটাই ইংল্যান্ডেরও! আসলে খেলাটাই এমন, এখানে যেকোনো দিন যেকোনো দল জিততে পারে। আর সে কারণেই আজ মুম্বাইয়ের ম্যাচেও কোনো দলকে আলাদা করে এগিয়ে রাখা যাচ্ছে না। এদিকে যদি ক্রিস গেইল, ডোয়াইন ব্রাভো, আন্দ্রে রাসেল, মারলন স্যামুয়েলরা থাকেন, তাহলে ওদিকেও আছেন জো রুট, বেন স্টোকস, জশ বাটলার আর এউইন মরগানরা।
ওয়াংখেড়ের উইকেটে স্পিন ধরলে আদিল রশিদ আর মঈন আলী ভয়ংকর হয়ে উঠবেন। তাতে ড্যারেন স্যামির চিন্তা কী! ওয়েস্ট ইন্ডিজেরও তো আছে স্যামুয়েল বদ্রি আর সুলিমান বেন।
মুখোমুখি লড়াইয়ে অবশ্য ওয়েস্ট ইন্ডিজই এগিয়ে। টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ১২ বার দেখা হয়েছে দুই দলের, ৮টিতে জিতেছে ওয়েস্ট ইন্ডিজ, ৪ জয় ইংল্যান্ডের। এর মধ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপে দুই দল মুখোমুখি হয়েছে ৩ বার, প্রতিবারই ম্যাচ শেষে হাসিটা ছিল ওয়েস্ট ইন্ডিজের মুখে।
ড্যারেন স্যামিরা কি আজ আরও একবার সেই ধারাবাহিকতা ধরে রাখবেন, নাকি হাসি চলে যাবে এউইন মরগানদের মুখে? ক্রিকইনফো।