সাবেক প্রধানকে বর্তমান প্রধানের তোপ

নতুন কিছু জানার সম্ভাবনা এমনিতেও ছিল কম। আইসিসির বার্ষিক সভাকে ঘিরে বাংলাদেশের ক্রিকেট মহলের যা কিছু আগ্রহ বা শঙ্কা, সবকিছু নিয়ে লন্ডনেই সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন নাজমুল হাসান। সবাই তা জেনেও গেছেন। কাল বিকেলে দেশে ফিরে বিমানবন্দরের বিসিবি সভাপতির সংবাদ সম্মেলনে অনুমিতভাবেই তেমন নতুন কিছু জানা গেল না। তার পরও যথেষ্টই দীর্ঘ হলো বোর্ডপ্রধানের সংবাদ সম্মেলন। মিনিট বিশেকের সংবাদ সম্মেলনের অনেকটা জুড়ে থাকল সাবেক বিসিবি সভাপতি সাবের হোসেন চৌধুরীর সংবাদমাধ্যমে করা নানা মন্তব্যের জবাব।সেই জবাবগুলো দিলেনও যথেষ্ট কড়া ভাষায়। এমনিতে ধীরস্থির হিসেবে একটা পরিচিতি থাকলেও সাবের হোসেনের নানা মন্তব্যের জবাবে কাল বেশ আক্রমণাত্মক ব্যাটিংই করলেন নাজমুল হাসান। ‘প্রিমিয়ার লিগ শুরু নিয়ে বর্তমান বোর্ড টালবাহানা করছে’, সাবেরের এই মন্তব্যের জবাবে বোর্ডপ্রধান বললেন, ‘একদম ফালতু কথা। এর আগেও উনি এসব বলেছেন, এমন ফালতু কথা উনি কেন বলেন, আমি জানি না। লিগ পেছানোর সুনির্দিষ্ট কারণ আমি সংবাদ সম্মেলন করে আপনাদের বলেছি। ওনার মাথায় তো স্পট ফিক্সিং, ম্যাচ ফিক্সিং নিয়ে কী হলো এসব চিন্তা নেই। আমার কাছে কিন্তু ইলেকশনে কী হলো, কোন বোর্ড আসল এসব অগুরুত্বপূর্ণ। ক্রিকেটাকে আগে ঠিক করতে হবে। যারা এত দিন ক্রিকেটের এসব জিনিসকে গুরুত্ব না দিয়ে যা খুশি তাই হতে দিয়েছে, এগুলো বন্ধ করতে হবে।’সাবের হোসেনের মন্তব্যের সূত্র ধরে এল ক্রিকেট বোর্ডের নির্বাচন প্রসঙ্গও। নাজমুল হাসানের দাবি, বোর্ডের ২০০৮ ও ২০১২ সালের সংবিধান তাঁরা আইসিসিকে দেখিয়েছেন। ২০০৮ সালেরটা নাকি আইসিসি অনুমোদন করেনি, ২০১২ সালেরটা নিয়ে কোনো আপত্তি নেই। নির্বাচনের জন্য আইসিসি সময় বেঁধে দিয়েছে কিনা, এই প্রশ্নে আবারও সাবেক বোর্ডপ্রধানকে টেনে আনলেন বর্তমান প্রধান, ‘এ ধরনের কিছু নাই। আমি অবাক হয়ে যাচ্ছি, প্রেস কনফারেন্সে সাবের ভাই এ ধরনের কথা কীভাবে বলেন। ওনারা মামলা করে নির্বাচন আটকে রাখবেন, আর এসব বলবেন! ওনার মতো বেআইনি কাজ তো আমি করতে পারব না যে সংবিধান ছাড়াই নির্বাচন দিয়ে দেব। আর আইসিসির নিয়ম না মেনে নির্বাচন দেওয়া যায়? ২০০৮ সংবিধান অনুসারে নির্বাচন হলে ফালতু একটা নির্বাচন হবে। লোক দেখানো নির্বাচন আমি করতে যাব কেন?’ উল্লেখ্য, কদিন আগে নাজমুল হাসান নিজেই সময়মতো নির্বাচন না হলে বাংলাদেশের আইসিসি সদস্যপদ হুমকির মুখে পড়বে বলে জানিয়েছিলেন।নির্বাচন প্রসঙ্গে কথা বলতে গিয়ে নাজমুল হাসান একটা হুমকিও দিয়ে রাখলেন, ‘আমি আসলে তাদের উত্তর দিতে চাই না। কিন্তু কদিন পরপরই ওনারা যেসব মিথ্যা তথ্য দিয়ে যাচ্ছেন, তাতে বাধ্য হচ্ছি। বলে দিচ্ছি, সামনে অনেক তথ্য বেরিয়ে আসবে। এখনো সবাইকে বলছি, অহেতুক মিথ্যা প্ররোচনা দিয়ে, টেলিভিশনে গিয়ে, সাংবাদিকদের কাছে গিয়ে যা খুশি বলে আসছেন, আর আমরা খালি বসেই থাকব, এটা কিন্তু হবে না। আমি দেশবাসীর সামনে সবার চেহারা উন্মোচন করব।’ নির্বাচন নিয়ে একটা আশার কথাও অবশ্য শুনিয়েছেন বোর্ডপ্রধান। তাঁর আশা, এক মাসের মধ্যেই নির্বাচনের ঘোষণা দিতে পারবেন। আকসুর রিপোর্ট পেতে যেহেতু আরও মাস খানেক দেরি হচ্ছে, যত দ্রুত পারা যায় শুরু করতে চান প্রিমিয়ার লিগ। আগামীকালই একটা বোর্ড সভা ডেকে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার ইচ্ছে আছে তাঁর। আর আকসুর রিপোর্ট, টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু প্রসঙ্গে বললেন এর মধ্যেই সবার জানা কথাগুলোই।