সাবেক শিষ্যরাই ‘কাঁটা’ মরিনহোর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘রিয়াল মাদ্রিদের বিপক্ষে আমাদের একমাত্র অস্ত্র— আমরা ভীত নই।’ রিয়াল মাদ্রিদ নামক চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার আগে এই হচ্ছে ফাতিহ তেরিমের প্রতিক্রিয়া। গ্যালাতাসারাই কোচের এই কথাতেই স্পষ্ট, নিজেদের ‘আন্ডার ডগ’ মানতে তাঁদের আপত্তি নেই। কিন্তু হারার আগেই হার মানতে তাঁরা রাজি নন। বরং সামর্থ্যের সবটুকু ঢেলে পাল্টা চ্যালেঞ্জ জানানোর ইঙ্গিতই দিয়ে রাখলেন তেরিম।চ্যাম্পিয়নস লিগের আজ কোয়ার্টার ফাইনালের দুটি ম্যাচই স্পেনে। যার একটিতে রিয়ালের মুখোমুখি গ্যালাতাসারাই। অন্যটিতে মালাগার প্রতিপক্ষ বরুসিয়া ডর্টমুন্ড। ড্রয়ের পরই কেউ কেউ রিয়ালকে তুলে দিচ্ছেন সেমিফাইনালে! তাঁদের মতে পুঁচকে গ্যালাতাসারাইয়ের পক্ষে রিয়ালের সামনে বাধা হয়ে দাঁড়ানোর কথা নয়। কিন্তু তেরিম তো ননই, তেমনটা মানছেন হোসে মরিনহোও। রিয়াল কোচ আগেই বলেছেন, গ্যালাতাসারাইকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই, এই দলটি চ্যাম্পিয়নস লিগে খেলছে। তাদের দলে আগে চ্যাম্পিয়নস লিগ জিতেছে এমন দুজন খেলোয়াড় (ওয়েসলি স্নাইডার ও দিদিয়ের দ্রগবা) আছে। শুধু তা-ই নয়, অন্য বড় ক্লাবে খেলার অভিজ্ঞতাসম্পন্ন খেলোয়াড়ও আছে।এমানুয়েল এবু, ফেলিপে মেলো, আলবার্ট রিয়েরা, ফার্নান্দো মুসলেরা—নামগুলো বলেও দিয়েছেন মরিনহো। আছেন ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে এবারের আসরের যৌথ সর্বোচ্চ গোলদাতা বুরাক ইলমাজও। যত নামই বলুন, আজকের বার্নাব্যুর ম্যাচটা শেষ পর্যন্ত মরিনহো বনাম তাঁর সাবেক শিষ্যদেরই লড়াই।গ্যালাতাসারাইয়ের হয়ে মাঠে নামছেন তাঁর তিন সাবেক শিষ্য—দ্রগবা, স্নাইডার ও হামিত আলতিনতপ। শেষের দুজন আবার রিয়ালের সাবেক খেলোয়াড়। আলতিনতপ রিয়ালের হয়ে খেলেছেন গত মৌসুমেই। আর দ্রগবা এবং স্নাইডার তো মরিনহো ‘প্রিয়’ খেলোয়াড়ের তালিকার ওপরের দিকেই। স্বাভাবিকভাবেই ম্যাচটা হতে যাচ্ছে মরিনহোর জন্য বিশেষ। সাবেক গুরুর মুখোমুখি হওয়ার আগে রোমাঞ্চিত স্নাইডার, দ্রগবাও। ইন্টার মিলানে মরিনহোর অধীনে ক্যারিয়ারের সেরা সময়টা পার করেছেন জানিয়ে স্নাইডার যেমন বলছেন, ‘মরিনহো আমার কাছে দ্বিতীয় বাবার মতো।’দ্রগবার কাছে ম্যাচটা আবার নিয়ে আসছে অন্যরকম রোমাঞ্চ। ফ্রান্সের অলিম্পিক মার্শেইয়ের হয়ে ২০০৪ সালে চ্যাম্পিয়নস লিগে দ্রগবার অভিষেকও হয়েছিল এই বার্নাব্যুতেই। সেই ম্যাচে গোলও করেছিলেন দ্রগবা। যদিও রোনালদো, রবার্তো কার্লোস, লুইস ফিগোদের কল্যাণে শেষ পর্যন্ত রিয়ালই জিতেছিল ৪-২ গোলে। দল হারলেও অভিষেকের সেই স্মৃতি এখানো দ্রগবার হূদয়ে টাটকা, ‘সেটা ছিল আমার জন্য দারুণ। আমি কখনোই ওই দিনটির কথা ভুলতে পারব না।’স্পেনেরই আরেক দল মালাগা নামছে তাদের বিস্ময়কর যাত্রাটা অব্যাহত রাখার পণ নিয়ে। প্রথমবার চ্যাম্পিয়নস লিগে এসেই স্প্যানিশ ক্লাবটি খেলছে কোয়ার্টার ফাইনালে। লিগে যেমনই যাক, চ্যাম্পিয়নস লিগে নিজেদের মাঠে মালাগা যেন অপ্রতিরোধ্য। পাঁচ ম্যাচ খেলে হার নেই, জয় চার ম্যাচেই। যার মধ্যে আছে এসি মিলান এবং পোর্তোর বিপক্ষে জয়ও। এই পাঁচ ম্যাচে ১০ গোল করে খেয়েছে মোটে দুটি। আজও রক্ষণই হবে মালাগার শক্তির জায়গা। তবে মালাগার রক্ষণ যত শক্তিশালীই হোক, জয়ের ছক কষেই নামছে ডর্টমুন্ড। জার্মান ক্লাবটি অনুপ্রেরণা পাচ্ছে হাতের কাছেই। এ মৌসুমেই গ্রুপ পর্বের ম্যাচে বার্নাব্যুতে এসে ২-২ গোলে ড্র করেছিল ডর্টমুন্ড। রিয়ালের সঙ্গে পারলে মালাগার সঙ্গে পারবে না! এএফপি, রয়টার্স। আজ মুখোমুখিমালাগা-বরুসিয়া ডর্টমুন্ডরিয়াল মাদ্রিদ-গ্যালাতাসারাই