সাবেক স্পিনার প্লাবন নিষিদ্ধ
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) চলার সময় ঢাকা গ্ল্যাডিয়েটরসের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে ম্যাচ পাতানোর প্রস্তাব দিয়েছিলেন শরিফুল হক (প্লাবন)। এ অভিযোগে জাতীয় দলের সাবেক এই স্পিনারকে অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।আজ মঙ্গলবার বিসিবির এক জরুরি সভায় প্লাবনকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত হয়। সভা শেষে বিসিবি সভাপতি আ হ ম মোস্তফা কামাল সাংবাদিকদের জানান, তদন্তে প্লাবনের বিরুদ্ধে একজন ক্রিকেটারকে ম্যাচ পাতানোর প্রস্তাব দেওয়ার ব্যাপারটা প্রমাণিত হয়েছে। নিষেধাজ্ঞা প্রত্যাহার না হওয়া পর্যন্ত বিসিবির কোনো ধরনের ক্রিকেট কার্যক্রমে অংশ নিতে পারবেন না তিনি।গত ফেব্রুয়ারিতে বিপিএলের উদ্বোধনী আসরে ম্যাচ পাতানোর জন্য মাশরাফিকে ঘুষের প্রস্তাব দিয়েছিলেন প্লাবন। পরবর্তীতে মাশরাফি সেটা গণমাধ্যমে ফাঁস করে দেন। এত দিন বিষয়টা অভিযোগের পর্যায়েই ছিল। তবে বিসিবির দীর্ঘ তদন্তে প্রমাণিত হয়, সত্যি ঘুষের প্রস্তাব দিয়েছিলেন প্লাবন।প্লাবনের ক্রিকেট ক্যারিয়ারটাও বলার মতো কিছু নয়। তিনি প্রথম আলোচনায় আসেন ১৯৯৪ সালে কেনিয়ায় অনুষ্ঠিত আইসিসি ট্রফির সময়। সেই আসরে তিনি ইনজুরিতে আক্রান্ত এক ক্রিকেটারের বদলি হিসেবে কেনিয়ায় যান। দুই-একটি ম্যাচও খেলেছিলেন। এর চারবছর পর ঢাকায় অনুষ্ঠিত ইন্ডিপেন্ডেন্স কাপে তিনি জাতীয় দলে আবার সুযোগ পান। একটি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেই তিনি হারিয়ে যান দৃশ্যপট থেকে।