সাবেকদের কাঠগড়ায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সৎ সাহসের’ জন্য সতীর্থদের বাহবা পেলেও সাবেকদের কাঠগড়ায় ঠিকই উঠতে হচ্ছে শহীদ আফ্রিদিকে। পাকিস্তান ক্রিকেটকে আরেক দফা অস্থিতিশীল করার জন্য সদ্য সাবেক টেস্ট অধিনায়কের সমালোচনায় মুখর হয়েছেন সাবেক তিন অধিনায়ক ইমরান খান, ইনজামাম-উল হক ও আমির সোহেল।ছোট থেকেই ইমরানকে অনুসরণ করে আসছেন, ইমরানের মতো করেই পাকিস্তানকে নেতৃত্ব দিতে চান—ক্যারিয়ার শুরুর পর থেকে অনেকবারই প্রকাশ্যে বলেছেন আফ্রিদি। ইমরানের কথাবার্তায়ও অনেকবার ফুটে উঠেছে আফ্রিদির প্রতি সহানুভূতি। কিন্তু এবারের ব্যাপারটা ভিন্ন। অস্ট্রেলিয়ার বিপক্ষে লর্ডস টেস্ট গ্যালারিতে বসে দেখেছেন পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়ক। ইমরান নিজে সব সময় চ্যালেঞ্জ পছন্দ করতেন। এ জন্যই মেনে নিতে পারছেন না আফ্রিদির দায়িত্ব ছেড়ে দেওয়াটা, ‘আমার মনে হয়, আফ্রিদি পাকিস্তান ক্রিকেটের সমস্যাকে আরও ঘনীভূত করেছে, তার সিদ্ধান্তে দলে একটা অস্থিতিশীলতা সৃষ্টি হয়েছে। অধিনায়কত্বটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে টেস্ট ক্রিকেটটা তার চালিয়ে যাওয়া উচিত ছিল।’সরফরাজ নেওয়াজ, জাভেদ মিয়াঁদাদের সঙ্গে কিছুদিন ধরে পাকিস্তান ক্রিকেটের যেকোনো ইস্যুতে যাঁর কণ্ঠ সবার আগে শোনা যায়, সেই আমির সোহেলেরও একই কথা। যে যুক্তিতে অধিনায়কত্ব ছাড়লেন, তা আফ্রিদির আগেই ভাবা উচিত ছিল দাবি সাবেক এই ওপেনারের, ‘সে (আফ্রিদি) বলছে, টেস্ট ক্রিকেটের জন্য সে প্রস্তুত নয়, তার মেজাজ টেস্টের উপযুক্ত নয়। কিন্তু এটা তো তার আগেই ভাবা উচিত ছিল। সবাইকে আশাহত করে এখন সে ভুল শোধরানোর চেষ্টা করছে।’ইনজামাম আবার সবকিছুর জন্য দায়ী করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি)। বরাবরই পিসিবির কঠিন সমালোচকদের একজন এই সাবেক অধিনায়ক আরও একবার দাবি তুলেছেন দুই অভিজ্ঞ ব্যাটসম্যান মোহাম্মদ ইউসুফ ও ইউনুস খানকে ফেরানোর জন্য, ‘বোর্ড পুরো ব্যাপারটা ঠিকভাবে সামলাতে পারেনি, সঠিক সিদ্ধান্ত নিতে পারেনি। পিসিবি চেয়ারম্যানের কাছে আমি আরও একবার ইউসুফ ও ইউনুসকে ফেরানোর দাবি জানাচ্ছি। ওরা গ্রেট ক্রিকেটার, দলে ওদের প্রয়োজন আছে। পাকিস্তানের ক্রিকেটের বৃহত্তর স্বার্থে অতীত ইস্যুগুলো ভুলে যাওয়া উচিত। এই জাতি আর হারতে চায় না।’ইনজামাম অবশ্য সমর্থন দিয়েছেন সালমান বাটকে অধিনায়ক করার সিদ্ধান্তের প্রতি, ‘ইউসুফ, ইউনুস নেই, বোর্ডের আসলে এ ছাড়া আর বিকল্পও ছিল না। বাট ভালো পছন্দ, তবে দলের ওপেনার ও অধিনায়কত্বের চাপ সামলানোর জন্য ওর প্রচুর সমর্থন ও নির্দেশনা প্রয়োজন।’ ওদিকে ইনজির সতীর্থ সোহেল ভয় পাচ্ছেন অধিনায়কত্ব না বাটের ক্যারিয়ারে প্রভাব ফেলে, ‘সে ভালো পছন্দ, কিন্তু আশা করছি, অধিনায়কত্ব তার ব্যাটিং ফর্মে প্রভাব ফেলবে না। বোর্ড এবং টিম ম্যানেজমেন্টকে ধৈর্য ধরতে হবে। সে যদি রান না পায়, দলও ভালো না করতে থাকে তাহলে তাকেও পূর্বসূরিদের মতো ছুড়ে ফেলা হোক, এমন পরিস্থিতি দেখতে চাই না।’ ওয়েবসাইট।