সাবেকদের কাঠগড়ায় মিসবাহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্রিকেটের সৌন্দর্যটা এখানেই। হারলেও ম্যাচ এবং সিরিজজয়ী দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ডি ভিলিয়ার্সকে অভিনন্দন জানাতে ভুললেন না পাকিস্তান অধিনায়ক মিসবাহ-উল-হক। পরশু শারজায়  এএফপি
ক্রিকেটের সৌন্দর্যটা এখানেই। হারলেও ম্যাচ এবং সিরিজজয়ী দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ডি ভিলিয়ার্সকে অভিনন্দন জানাতে ভুললেন না পাকিস্তান অধিনায়ক মিসবাহ-উল-হক। পরশু শারজায় এএফপি

সিরিজ হেরে গিয়েছিল আগেই। পাকিস্তানের জন্য শেষ ম্যাচটা ছিল ক্ষতে প্রলেপ দেওয়ার সুযোগ। কিন্তু সান্ত্বনার জয় তো তারা পেলই না, উল্টো শেষ ম্যাচটা আরও বাজেভাবে হেরে গেল পাকিস্তান। আর হারার পর পরই শুরু হয়ে গেছে দেশটার সাবেক ক্রিকেটারদের সমালোচনার তীর ছোড়া।
ঝাঁজটা মোহাম্মদ ইউসুফের কণ্ঠেই বেশি। ১-৪ ব্যবধানে হারার জন্য ইউসুফ কাঠগড়ায় উঠিয়েছেন পাকিস্তানের ব্যাটিংকে। প্রতিবেশী ভারতের সঙ্গে তুলনা করে বলেছেন, ‘আমাদের রোহিত শর্মা বা বিরাট কোহলির মতো কোনো নিখুঁত ব্যাটসম্যান নেই। কারণটা খুবই সোজা। আমাদের ব্যাটসম্যানরা ভুল আদর্শকে সামনে রেখে খেলছে। ভারতে ভালো ব্যাটসম্যান আসছে, কারণ সেখানকার তরুণেরা উপযুক্তদেরই আদর্শ হিসেবে বেছে নিচ্ছে। সেই সঙ্গে তাদের নির্বাচক ও পদ্ধতির জন্য তরুণ ব্যাটসম্যানরা আত্মবিশ্বাসী হয়ে ওঠার সুযোগ পায়। তাদের মধ্যে স্বজনপ্রীতি বা বৈষম্য নেই।’
এরপর মিসবাহর নাম ধরে সরাসরি উচ্চকণ্ঠ হয়েছেন ইউসুফ, ‘অনুসরণ করার জন্য সে (মিসবাহ) ভুল আদর্শ। কারণ ফাস্ট বোলারদের বিপক্ষে সে নিজেই খানিকটা নড়বড়ে। ব্যাটিং অর্ডারের ওপরে উঠে এসে ব্যাট করার মতো স্ট্রোকের বাহার নেই তার ব্যাটে। নেতা হিসেবে সবাইকে উদ্বুদ্ধ করতে পারে না। তার ওপর বড় ইনিংস খেলার বা ম্যাচ জেতানোর ক্ষমতাও নেই।’
প্রথম দুটি সমালোচনা হয়তো মানা যায়। তবে ব্যাটসম্যান মিসবাহকে নিয়ে অভিযোগের বিপরীত সাক্ষ্যই দিচ্ছে পরিসংখ্যান। ২৬ ম্যাচে ৫৩.২৮ গড়ে ১১২৯ রান করে এই বছরে সবচেয়ে বেশি রান তো পাকিস্তান অধিনায়কেরই!
তবু ‘অধিনায়ক মিসবাহর’ সমালোচনা করেছেন শোয়েব আখতারও, ‘মিসবাহ একজন নিষ্প্রাণ অধিনায়ক। এটা আমাদের দল ও ক্রিকেটের ক্ষতি করছে। আমি মনে করি তাকে অধিনায়ক রাখার কোনো যুক্তি নেই। অন্তত ওয়ানডেতে তো বটেই।’
মুখ খুলেছেন রশিদ লতিফও, ‘নিজের অভিজ্ঞতা থেকে বলছি, আগে যখনই আমাদের মধ্যে দলাদলি থাকত তখনই আমরা হারতাম। আর যখন আমরা একটা দল হিসেবে খেলতাম, তখন যে কাউকেই হারাতে পারতাম। গত ম্যাচে উমর আমিন ও সোহেল তানভিরকে খেলানোর কোনো যুক্তিই ছিল না। বোঝাই যাচ্ছে কোনো কিছু ঠিকঠাক চলছে না। আমাদের এসব ঠিক করতে হবে।’
এত সব সমালোচনার জবাবে মিসবাহ এখন কী করবেন? পাকিস্তান অধিনায়ক অবশ্য মুখ খোলেননি। তবে বিশ্বকাপ নিয়ে লুকাননি নিজের আশঙ্কাও, ‘অধিনায়ক হিসেবে সময়টা আমার জন্য কঠিন। ২০১৫ বিশ্বকাপের আগে এসব তো অশনিসংকেতই।’ নিজের ব্যর্থতা স্বীকার করে বলেছেন, ‘অধিনায়ক হিসেবে দায়িত্ব নিতেই হবে। কিন্তু অযথা চিৎকার করার চেয়ে আমাদের একসঙ্গে বসে সবকিছু আবার তলিয়ে দেখতে হবে।’”
আপাতত অবশ্য এসব ভাবনাটাবনা বাদ রেখে পাকিস্তানকে আবার মাঠে নামতে হচ্ছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ম্যাচের প্রথমটি হবে আজই। ওয়েবসাইট।