সাবেকদের দ্বারস্থ মারউইক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৭৪ ও ১৯৭৮—দুবারই ফাইনালে উঠেও দুবারই স্বাগতিক দলের কাছে হেরে শিরোপাস্বপ্ন ভঙ্গ। ৩২ বছরের অপেক্ষা শেষে এবার আবার ফাইনালে হল্যান্ড। স্বাভাবিক নিয়মেই প্রশ্নটি ঘুরে ফিরছে চারদিকে—এবারও কি বিশ্বকাপ ট্রফিটি মরীচিকাই হয়ে রবে ডাচদের কাছে? নাকি অতীতের হতাশা মুছে উঁচিয়ে ধরবে চির আরাধ্য সোনার ট্রফিটি?হল্যান্ড কোচ বার্ট ফন মারউইক শুধু স্বপ্নই দেখছেন না, তা বাস্তবায়নে ফাইনালের আগে সম্ভাব্য সব পথেই হাঁটছেন তিনি। ইয়োহান ক্রুইফ, ইয়োহান নিসকেন্স, রুদি ক্রোল—‘টোটাল ফুটবল’ গ্রেটদের কাছে খুঁজে ফিরছেন প্রেরণা।ডাচ কোচ বলেছেন, ‘তৃতীয় বারের মতো ফাইনালে উঠেছি আমরা। আমি মনে করি, ’৭৪ এবং ’৭৮-এর হল্যান্ডই আমাদের প্রেরণা। ফাইনালে আমাদের জয়ের বড় সুযোগ আছে।’ ক্রুইফরা দলকে ফাইনালে নিলেও শিরোপা এনে দিতে পারেননি। তৃতীয় বার ফাইনালে উঠে মারউইক চান না আবার ১৯৭৪ কিংবা ১৯৭৮ ফিরে আসুক। তিনি চান শিরোপা জিততে। আর এই বিশ্বাসের পথে নিজের প্রজ্ঞার সবটুকু তো ঢালছেনই; উপদেশ, নির্দেশনা নিচ্ছেন ক্রুইফ, ক্রোল, রুদ খুলিতদের কাছ থেকেও। মারউইকই দিয়েছেন সেই খবর, ‘গত পাঁচ সপ্তাহেই আমি রুদ খুলিতের সঙ্গে কথা বলেছি। দীর্ঘ সময় কথা বলেছি ইয়োহান ক্রুইফের সঙ্গে। আর রুদি ক্রোল তো অনুশীলন শুরুর দিন থেকেই আমাদের সঙ্গে আছেন। তিনি প্রতিটি অনুশীলন সেশনেই আসছেন। বেঞ্চে বসে থাকছেন। ফাইনালে কীভাবে খেলতে হবে, তা নিয়ে কথা বলছি আমরা। এঁদের সঙ্গে নিয়মিত যোগাযোগই আছে আমার।’স্পেন, নাকি হল্যান্ড—কে ভালো দল? ফাইনালেই বা কে ফেবারিট? হল্যান্ডের লিভারপুল ফরোয়ার্ড ডির্ক কিউটের বিশ্বাস, স্পেনের খেলোয়াড়েরা ব্যক্তিগতভাবে ভালো, কিন্তু দল হিসেবে ভালো ডাচরাই! কোচ ফন মারউইক যেন এখানে খানিকটা কূটনীতিকের ভূমিকায়। প্রতিপক্ষকে সমীহ করে সেরা দলও বলছেন, আবার বলছেন স্পেনকে ভয় পাচ্ছেন না তাঁরা, ‘জার্মানির বিপক্ষে তাদের জয়টা পাওনাই ছিল। কারণ, তারা ভালো দল। আমার ধারণা, গত বছর তারা ছিল বিশ্বের সেরা দল। তাদের খেলা আমি পছন্দ করি। তবে আমরা আমাদের মতোই খেলতে চাই। আমরা তাদের সম্মানই করি, কিন্তু ভয় পাই না। আমরা জানি, স্পেনের বিপক্ষে খেলাটা এবং তাদের হারিয়ে দেওয়াটা হবে বড় চ্যালেঞ্জ।’স্বাভাবিকভাবেই রোবেন-স্নাইডারদের এই দলটাকে তুলনা করা হচ্ছে সত্তর দশকে দুনিয়া কাঁপিয়ে দেওয়া সেই টোটাল ফুটবলের মহারথীদের সঙ্গে। এখানে ঘোরতর আপত্তি ফন মারউইকের, ‘২৮ আর ৩২ বছর আগে যা হয়েছে, সেটার সঙ্গে এই দলের তুলনা করা ঠিক হবে না।’ ডাচ কোচ আসলে চাচ্ছেন না, পূর্বসূরি মহানায়কের সঙ্গে তুলনা করে অহেতুক চাপ তৈরি হোক তাঁর শিষ্যদের ওপর। অতীত নিয়ে তিনি নাকি মাথাই ঘামাচ্ছেন না, ‘যথেষ্ট সম্মান দেখিয়েই বলছি, এর আগে কী হয়েছে, এ নিয়ে আমি মোটেও ভাবিত নই। আমি আমার মতো করে কাজ করেছি। ভালো ফুটবল, কখনো কখনো সুন্দর ফুটবল আমরা খেলেছি। অতীতে যেটা হতো, আমরা জিততে শুরু করলেই বেশি আত্মবিশ্বাসে ভুগে উদ্ধত হয়ে উঠতাম।’চাইলেই কি আর অতীত এড়ানো যায়? এই যেমন আগামীকাল ফাইনালে জিতলে ১৯৭০ সালে ব্রাজিলের পর প্রথম দল হিসেবে সব কটি ম্যাচ জিতে চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ডটাও যে হাতছানি দিচ্ছে হল্যান্ডের সামনে। এএফপি, ওয়েবসাইট।