সাবেরকে স্বাগত জানালেন নাজমুল
এখনো ঠিক হয়নি বিসিবির নির্বাচনের তারিখ। তবে বর্তমান সভাপতি নাজমুল হাসান আর সাবেক সভাপতি সাবের হোসেন চৌধুরীর পাল্টাপাল্টি বক্তব্যে নির্বাচনী হাওয়া মোটামুটি উত্তপ্ত হয়েই উঠেছিল। সে উত্তাপ কিছুটা হলেও কমবে বর্তমান সভাপতির গতকালের বক্তব্যে। বিসিবির নির্বাচনে সাবেরকে স্বাগতই জানিয়েছেন নাজমুল।বাংলাদেশ ক্রিকেট আম্পায়ার্স অ্যান্ড স্কোরার্স অ্যাসোসিয়েশনের ওয়েবসাইট উদ্বোধন শেষে কাল সংস্থার হকি স্টেডিয়ামের কার্যালয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন বিসিবির সভাপতি। নির্বাচন প্রসঙ্গে সেখানেই বলেছেন, ‘সাবের ভাই আসছেন...উনি যদি নির্বাচন করেন, আমি খুবই খুশি হব। আমি মনে করি, অনেক সমস্যার সমাধান হয়ে যাবে উনি নির্বাচন করলে।’ তবে নিজে নির্বাচন করবেন কি না, স্পষ্ট করেননি সেটা, ‘আমি নির্বাচন করব কি না, সেটা এখনই বলতে পারছি না। যেহেতু সরকার, মাননীয় প্রধানমন্ত্রী আমাকে দায়িত্ব দিয়েছেন, তাই আমি হঠাৎ করে ওনাকে না বলে সরে যেতে পারব না। আমি না থাকতে চাইলেও ওনাকে সেটা জানাতে হবে।’বিসিবির সভাপতি পদে নির্বাচনটা বহুল প্রত্যাশিত হলেও আজ পর্যন্ত সেটি হয়নি। বারবার সভাপতি হয়েছেন সরকার মনোনীত ব্যক্তিরাই। নাজমুল অবসান চান সে ধারার, ‘বিসিবি প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে আসবেন, এটা আজকের কথা নয়। ১০-১২ বছর ধরে শুনছি। বিভিন্ন প্রেসিডেন্টের মুখে শুনেছি, বিসিবি প্রেসিডেন্টের নির্বাচিত হয়ে আসার ব্যাপারে তাঁরা প্রস্তাব এনেছেন। আমি কাজটা করে দিয়ে যেতে চাই। কে প্রেসিডেন্ট হবেন, সেটা গুরুত্বপূর্ণ নয়, কাজটা গুরুত্বপূর্ণ। এখন এটা না করলে আর কখনোই হবে না।’সভাপতি নির্বাচনের মতো আরেকটা ব্যাপারও কেবল প্রত্যাশিতই থেকে গেছে বাংলাদেশের ক্রিকেটে—জাতীয় দলের অধিনায়কত্ব এখনো দেওয়া হয় না দীর্ঘ মেয়াদে। সর্বশেষ মাত্র ছয় মাসের জন্য বর্ধিত দায়িত্ব পাওয়া অধিনায়ক মুশফিকুর রহিম এ ব্যাপারে সোচ্চার হয়েছেন। কাল সভাপতিও বললেন, ‘সিরিজ বাই সিরিজ ক্যাপ্টেনসি ঠিক নয়, যত বেশি সময়ের জন্য দায়িত্ব দেওয়া যায়, ততই খেলোয়াড় ও অধিনায়কের জন্য ভালো।’ তাহলে সেটা করছে না কেন বিসিবি? ‘কিছু কারণে আমরা এ সিদ্ধান্ত নিয়েছি। পরের একটা সিরিজ দেখে চূড়ান্ত সিদ্ধান্ত নেব। বিশ্বকাপের (টি-টোয়েন্টি) আগেই দীর্ঘ মেয়াদে কাউকে অধিনায়ক করা হবে’—জানিয়েছেন নাজমুল হাসান।ক্রিকেটে বাংলাদেশ এখন খুব গুরুত্বপূর্ণ একটা সময় পার করছে বলে অনুষ্ঠানে মন্তব্য করেছেন নাজমুল হাসান। সময়টা এত গুরুত্বপূর্ণ হয়ে ওঠার বড় কারণ ২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ। আয়োজক বাংলাদেশ নির্ধারিত সময়ের মধ্যে সব ভেন্যু প্রস্তুত করতে পারবে কি না, তা নিয়ে সংশয় খোদ আইসিসিতে। আর এই সুযোগে বিসিসিআইর অন্তর্বর্তীকালীন প্রধান জগমোহন ডালমিয়া বাংলাদেশের প্রতি ‘সাহায্যের হাত’ বাড়িয়ে দিতে চেয়ে ভারতেও কিছু ম্যাচ আয়োজনের প্রস্তাব দিয়ে রেখেছেন। নাজমুল এতে দোষের কিছু না দেখলেও উড়িয়ে দিতে চাইলেন বাংলাদেশ থেকে বিশ্বকাপ সরে যাওয়ার শঙ্কা, ‘আমরা যদি মনে করি, আমরা কোনো একটা ম্যাচ আয়োজন করতে পারছি না, ওনারা (বিসিসিআই) তখন তা করলে তো সেটা খারাপ কিছু নয়। তবে আমি এর কোনো সুযোগই দেখি না। কারণ, আমরা মূল ভেন্যুর কাজ যথাসময়ে শেষ করব। বিকল্প ভেন্যুও ওনারা (আইসিসির পর্যবেক্ষক দল) ৭ তারিখ আসার আগেই প্রস্তুত করে ফেলব।’