সাবেরের জবাবে নাজমুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিসিবির গঠনতন্ত্রের সংশোধনী নিয়ে মুখোমুখি সাবেক ও বর্তমান সভাপতি। গত ১৮ ডিসেম্বর এক মতবিনিময় সভায় সাবেক সভাপতি সাবের হোসেন চৌধুরী সংশোধিত গঠনতন্ত্রের যে সমালোচনা করেছিলেন, কাল বিসিবি আয়োজিত আরেকটি মতবিনিময় সভায় তার কড়া জবাব দিলেন বর্তমান সভাপতি নাজমুল হাসান। সাবের হোসেন চৌধুরী গঠনতন্ত্রের সংশোধনীকে বলেছিলেন ‘অগণতান্ত্রিক’ ও ‘অনৈতিক’। জবাবে নাজমুল হাসান সাবেক সভাপতির বক্তব্যকে আখ্যায়িত করলেন ‘ভুল’ ও ‘অসত্য’ বলে।নাজমুল হাসান দাবি করলেন, পত্রপত্রিকায় সাবের চৌধুরীর বক্তব্য পড়ে তিনি বিভ্রান্তিতে পড়ে গিয়েছিলেন, ‘পত্রিকা দেখে আমি কনফিউজড হয়ে পড়ি। আমি শতকরা ৯৫ ভাগ জিনিসের সত্যতা খুঁজে পাইনি। ওনার মতো মানুষ এ রকম ভুল, অসত্য তথ্য উপস্থাপন করতে পারেন না। ওনার মতো মানুষের কাছ থেকে এটা আশা করা যায় না।’ নাজমুল হাসানের তাই ধারণা, হয় সাংবাদিকেরা সাবের চৌধুরীর কথা বুঝতে ভুল করেছেন অথবা ভুল লিখেছেন। অথবা সাবের চৌধুরীকে কেউ ভুল বুঝিয়েছেন।গঠনতন্ত্র সংশোধনীর প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে এ ব্যাপারে বিসিবির ব্যাখ্যা চেয়েছিলেন সাবের চৌধুরী। নাজমুল হাসানের জবাব, আলোচিত সর্বশেষ সংশোধনী বিসিবি করেনি, করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। নতুন করে সংশোধনীর কোনো প্রস্তাব বিসিবিতে যায়নি। সাবের চৌধুরীর মতো তিনিও মানেন, অ্যাডহক কমিটির মৌলিক কিছু পরিবর্তনের এখতিয়ার নেই। তাই যদি হয়, একবার সংশোধিত হয়ে আসার পরও আবার কেন গঠনতন্ত্র এনএসসিতে গেল, আবার কেন সংশোধিত হয়ে ফিরে এল, সেই প্রশ্নের উত্তর অবশ্য অজানাই থেকে গেল। নাজমুল হাসান বলতে চেয়েছেন, প্রধানমন্ত্রী ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে ক্রিকেটার ও ক্লাব কর্মকর্তাদের সাক্ষাতের ধারাবাহিকতায় এনএসসি এটা করে থাকতে পারে।এনএসসির সর্বশেষ সংশোধনীতে যে চারটি ধারার উল্লেখ আছে, তার তিনটিকেই স্বাগত জানিয়েছেন নাজমুল হাসান। সভাপতি পদে নির্বাচন এবং নির্বাচনের প্রক্রিয়া, জেলা ক্রীড়া সংস্থা থেকে সংগঠকদের পাশাপাশি সাবেক ক্রিকেটারদেরও বিসিবির সাধারণ পরিষদে আসার সুযোগ এবং নিজ নিজ জেলা থেকেই কাউন্সিলর আসার ধারা সংযোজনের জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়েছেন তিনি। তবে প্রিমিয়ার ক্রিকেট লিগের সুপার লিগের দলগুলো থেকে দুজন করে কাউন্সিলর আসার ধারার ব্যাপারে বলেছেন, ‘বোর্ড সভার সিদ্ধান্তক্রমে সুন্দর একটি গঠনতন্ত্র দেওয়ায় আমরা মন্ত্রীকে ধন্যবাদ দিয়েছি। তবে সুপার লিগের ক্লাবগুলো থেকে দুজন কাউন্সিলর আসার ব্যাপারে কোনো মন্তব্য করিনি।’মতবিনিময় সভায় মাঝেমধ্যেই উত্তেজিত হয়ে পড়ছিলেন বোর্ড সভাপতি নাজমুল হাসান। বিসিবির সাধারণ পরিষদে জেলা ক্রীড়া সংস্থার প্রতিনিধি আসার প্রক্রিয়া প্রসঙ্গে সাবেক বোর্ড পরিচালক দেওয়ান শফিউল আরেফীনকে জেলা ক্রীড়া সংস্থা থেকে দেওয়া ২০০৮ সালের কাউন্সিলরশিপের চিঠি উঁচিয়ে ধরে বললেন, ‘ডিএসএ থেকে সব সময়ই সভাপতির মনোনয়ন নিয়ে কাউন্সিলররা বিসিবিতে আসেন। সভাপতির সই করা চিঠিই বোর্ড পায়। এটা আইসিসির নীতির সঙ্গে সাংঘর্ষিক নয়।’ এ ছাড়া সর্বশেষ সংশোধনী অনুযায়ী এক জেলার লোকের অন্য জেলার কাউন্সিলর হওয়ার সুযোগ তৈরি হয়েছে বলে যে দাবি করেছিলেন সাবের চৌধুরী, বিসিবি সভাপতি সেটাকে বলেছেন, ‘অবান্তর, অবাস্তব, মিথ্যা কথা।’আলোচনায় উঠে এসেছে বিপিএল প্রসঙ্গও। বোর্ড সভাপতি দাবি করেছেন, প্রথম বিপিএলে সৃষ্ট বেশির ভাগ সমস্যার সমাধান করেই এবারের বিপিএল শুরু করছেন তাঁরা। অস্বচ্ছতা এড়াতে ফ্র্যাঞ্চাইজিগুলো এখন থেকে খেলোয়াড়দের টাকা বোর্ডকে দেবে। বোর্ড সেই টাকা তুলে দেবে খেলোয়াড়দের হাতে। তার পরও যদি কোনো ফ্র্যাঞ্চাইজি বিপিএলের নিয়মনীতির তোয়াক্কা না করে, তাদের জন্য নাজমুল হাসানের হুমকি, ‘যাদের যা দায়িত্ব তা করতে হবে। না হলে টিম সাসপেন্ড হয়ে যাবে।’