সাবেলা-সিয়াসিয়ার ক্লাস থেকে
আর্জেন্টিনা-নাইজেরিয়া দুই দলেরই অনুশীলন সেশন দেখেছেন। নতুনত্ব কিছু চোখে পড়ল?আর্জেন্টিনা-নাইজেরিয়ার মতো দলের অনুশীলনে নতুন কিছু চোখে পড়ারই কথা। সেই আশাতেই কাল বসে ছিলেন বঙ্গবন্ধু স্টেডিয়ামের গ্যালারিতে। একেবারেই নতুন কিছু দেখেননি, তা নয়। তবে মারুফুল হক বলছেন দুই দলের অনুশীলন সেশন তাঁকে একেবারে বিমোহিতও করে রাখেনি। শুনুন গত মৌসুমে বাংলাদেশ লিগে রানার্সআপ মুক্তিযোদ্ধার কোচের জবানিতেই—গ্যালারিতে অনেক দর্শক। প্রচুর কোলাহল। আমাদের দেশের খেলোয়াড়েরা মনোযোগই রাখতে পারত না। কিন্তু নতুন দেশে, নতুন আবহাওয়ার সঙ্গে ঠিকই মানিয়ে নিয়েছে আর্জেন্টিনা। পুরোপুরি পেশাদারি ছিল আর্জেন্টিনার অনুশীলন। যতটা অনুশীলন করা দরকার, ঠিক ততটাই করেছে।প্রথমে আর্জেন্টিনা গেল ফ্রি টাচে। পরে টু টাচ। তারা একদমই চাপ নেয়নি। শরীর থেকে যতটা ঘাম ঝরেছে, ততটাই পানি মানে ড্রিঙ্কস তারা আবার পূরণ করে নিয়েছে। আর্জেন্টিনার অনুশীলন দেখে মনে হলো, দীর্ঘ মেয়াদে দলটাকে তৈরি করার মিশন নিয়ে নেমেছেন সাবেলা। তাড়াহুড়ো নেই। নাইজেরিয়ার অনুশীলনটা গতানুগতিকই লাগল। প্রথম পনেরো মিনিট জগিং-স্ট্রেচিং। নাইজেরিয়ার ট্যাকটিকস মূলত ছিল শারীরিক ও কৌশলী। আর্জেন্টিনার মূলত রিকভারি। কোচিংয়ে ভাষায় যেটিকে বলে ‘লুজেনিং আপ’। মানে শরীর ছাড়ানো।আর্জেন্টিনা যে বিশ্বমানের দল, সেটি তাদের অনুশীলনে বোঝা গেছে। নাইজেরিয়ার অনুশীলনটা অনেকে গৎ বাঁধা। আর্জেন্টিনা যে সেট পিচ প্র্যাকটিস করল, তাতে কার ভূমিকা, সেটি নিয়ে কোচকে বেশি কাজ করতে হয়নি। তার কারণ, খেলোয়াড়েরা কার কী দায়িত্ব, সেটি বোঝে। ম্যাচের আগের দিন কোনো দল এ ধরনের সেট পিচ প্রকাশ্যে করে না। কিন্তু আর্জেন্টিনা করল। কর্নার কিক থেকে প্রতি-আক্রমণ যেটা হবে, এর প্রথম দুটি পর্ব তারা অনুশীলন করেছে। কিন্তু তৃতীয় পর্ব মানে চূড়ান্ত মুভটা করেনি। এটুকু গোপন রেখেছে।কিন্তু নাইজেরিয়া প্রকাশ্যে কোনো সেট পিচ ট্রেনিং করেনি। হয়তো আগেই ওরা করে রেখেছে।মেসির মতো টপ ক্লাস ড্রিবলার এবং ফিনিশার খুব একটা দেখা যায় না। এটা ওর সহজাত ক্ষমতা। আজ অবশ্য স্পেশাল কোনো মুভ ছিল না। মাঠে যেমন মূল খেলোয়াড়ের ভূমিকা থাকে, সেটি সে অনুশীলনে দেখায়নি। যেহেতু ওই ধরনের অনুশীলন হয়নি।