সাবেলার আছেন মেসি

বলতে গেলে এক মেসির কাঁধে সওয়ার হয়েই আর্জেন্টিনা পৌঁছে গেল বিশ্বকাপের সেমিফাইনালে। মাঠে তাঁর প্রতিটি নিঃশ্বাসে যেন শ্বাস ফেলছে আর্জেন্টিনা। আর্জেন্টিনাই যেন মেসি, মেসিই আর্জেন্টিনা! মাঠে নিয়তই যিনি জাদুর চেরাগ বের করে আনতে জানেন, এমন ছাত্রকে পেয়ে কোচ আলেসান্দ্রো সাবেলা তো বলবেনই, ‘মরুভূমিতে পানির মতোই মেসি!’
একসময় জাতীয় দলের মেসিকে সাধারণ মানুষ মনে হতো। তাঁর জাদু, মোহনীয় ছোঁয়া, দৃষ্টিনন্দন ফুটবল সব যেন শুধু বার্সেলোনার জন্যই বরাদ্দ ছিল। ভিনগ্রহের মেসিকে জাতীয় দলের এই নিষ্প্রভতা নিয়ে নিদারুণ সমালোচনা সইতে হয়েছে। এখন উল্টো রব ওঠে, দলটা বড্ড মেসিনির্ভর কেন! মেসির এই পালাবদলের কারিগর তো সাবেলাই। দায়িত্ব নিয়েই অধিনায়কের আর্মব্যান্ড পরিয়ে দিয়েছেন মেসির হাতে। সিদ্ধান্তটা পরশপাথরের মতোই কাজ করল। মেসি বদলে গেলেন। একদা জাতীয় দলের ম্রিয়মাণ মেসি আজ উজ্জ্বল আলোয় পথ দেখাচ্ছেন পুরো আর্জেন্টিনাকেই। বেলজিয়ামের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল জয়ের পর সাবেলা তাই মেসিকে নিয়ে উচ্ছ্বসিত, ‘সে শুধু গোল করে না। সেদিন সুইজারল্যান্ডের বিপক্ষে ডি মারিয়ার গোলে পাসটি মেসিই দিয়েছিল। আজ পথ ছিল ঘোলাটে, সে-ই তো আমাদের বিশুদ্ধ বাতাসের সন্ধান দিল।’
এই বিশ্বকাপে আর্জেন্টিনার গোল মানেই তাতে মেসির ছোঁয়া। হয় গোল করেছেন কিংবা গোল বানিয়ে দিয়েছেন। কিন্তু বেলজিয়ামের বিপক্ষে মেসি গোল পাননি, একমাত্র গোলে সহায়তাও করেননি। এমনকি গোলমুখে পরিষ্কার কোনো সুযোগও তৈরি করতে পারেননি। তবু কোচ মেসির গুণকীর্তন গাইলেন। এই ম্যাচের মেসিকে নিয়েও কেন এমন উচ্ছ্বাস, সেটির ব্যাখ্যাও দিয়েছে সাবেলা, ‘মেসি অসাধারণ খেলেছে। শুধু গোল করাই সব নয়। সে বল নিজের কাছে রাখে, প্রতিপক্ষের তিনজন খেলোয়াড়কে একসঙ্গে বেঁধে রাখে, তারপর সতীর্থকে সুবিধাজনক জায়গায় বল বাড়িয়ে দেয়। যখনই তার পায়ে বল আসে, আমরা সবাই আশান্বিত হই। প্রতিপক্ষের জন্য সে বিপজ্জনক মুহূর্ত উপহার দেয়। সে গোল করুক আর না করুক, মাঠে তার প্রভাব থাকবেই । বলতে গেলে বল সে হারায়ই না।’
মেসি নিজেও বেলজিয়ামের বিপক্ষে ম্যাচকে এই পর্যন্ত টুর্নামেন্টে আর্জেন্টিনার সেরা ম্যাচের স্বীকৃতি দিচ্ছেন, ‘সবকিছু মিলিয়েই আমরা একটি পূর্ণাঙ্গ ম্যাচ খেলেছি। হয়তো খুব বেশি সুযোগ তৈরি করতে পারিনি আমরা, তবে তাদেরও বেশি সুযোগ তৈরি করতে দিইনি। এখন পর্যন্ত এটাই আমাদের সেরা ম্যাচ।’
মাঠে অন্য সহ-খেলোয়াড়েরা হয়তো মেসির মানের ধারেকাছেও নেই। তবু আর্জেন্টাইন সমর্থকদের সময়গুলো যে খুব উদ্বেগের মধ্যে কাটছে, তা হয়তো নয়। মেসি আছেন না, তাঁর কাছে বল পৌঁছে দিলেই তো হয়! এএফপি, রয়টার্স।