সাবেলার ইরান-বন্দনা

ইরানের বিপক্ষে কত গোলে জিতবে আর্জেন্টিনা? দুই-তিন-চার... গত রাতের ম্যাচের আগে আর্জেন্টিনা ভক্তদের কাছে প্রশ্নটা ছিল এমনই। শক্তির বিচারে আর্জেন্টিনার চেয়ে যোজন যোজন পিছিয়ে থাকা ইরানের হয়ে কথা বলার যেন কেউ ছিল না। কিন্তু ছেলেখেলায় পরিণত হওয়া দূরে থাক, সেই ইরান আক্ষরিক অর্থেই ঘাম ঝরিয়ে ছাড়ল লিওনেল মেসিদের। এশীয় দলটি বুঝিয়ে দিল, তারা হেলাফেলার বিষয় নয়। ইরান একেবারে হেলাফেলার নয়।
নির্ধারিত ৯০ মিনিট খেলা ছিল গোলশূন্য। অতিরিক্ত সময়ে মেসির সেই গোলটি না এলে ড্র নয়, এক অর্থে ‘হার’ই হয়ে যেত দুইবারের বিশ্বচ্যাম্পিয়নদের। কে ভেবেছিল, এমন খেলা খেলবে ইরান? গোটা বিশ্ব তো বটেই, প্রতিপক্ষ আর্জেন্টিনারও সমীহ আদায় করে নিল দলটি। ম্যাচ শেষে কোনো অজুহাত দাঁড় করানোর বদলে তাইতো আর্জেন্টিনার কোচ আলেসান্দ্রো সাবেলার কণ্ঠে ইরান-বন্দনা, ‘এটা খুব কঠিন ম্যাচ ছিল। ইরান দারুণ একটা বিশ্বকাপ ম্যাচ খেলল। এমন অসাধারণ একটা ম্যাচ খেলার জন্য ইরানকে অভিনন্দন।’
ইরান-বন্দনার পাশাপাশি মেসিকে নিয়ে প্রশংসার ডালা মেলে ধরলেন সাবেলা, ‘এ জয়ে দলের সবার অবদান রয়েছে। তবে আমরা ভাগ্যবান যে মেসির মতো একজন তুখোড় খেলোয়াড় পেয়েছি। মেসিকে সবাই পেতে চায়। সৌভাগ্যবশত সে আর্জেন্টাইন।’
ম্যাচের অতিরিক্ত সময়ে মেসির জাদুকরী গোলের কথাটা আলাদা করেই বললেন আর্জেন্টাইন কোচ, ‘শেষের দিকে মেসি যে শটটা নিল, তা কেউ থামাতে পারত না। এমনকি একসঙ্গে দুজন গোলরক্ষক মিলে চেষ্টা করলেও ওই শট ঠেকাতে পারত না।’
প্রথম ম্যাচে দলকে ৫-৩-২ ফরম্যাটে খেলিয়েছিলেন সাবেলা। বসনিয়ার বিপক্ষে এমন রক্ষণাত্মক ফরম্যাট নিয়ে আপত্তি তুলেছিলেন মেসি। দলের প্রাণমোভরার আপত্তি আমলে নিয়েই গত রাতে আক্রমণাত্মক কৌশল নিয়েছিলেন সাবেলা। আক্রমণভাগে মেসির সঙ্গে খেলিয়েছিলেন গঞ্জালো হিগুয়েইন, সার্জিও আগুয়েরো ও অ্যাঙ্গেল ডি মারিয়াকে। এর পরও কেন ইরানের জাল খুেঁজ পেতে ৯০ মিনিটেরও বেশি সময় অপেক্ষা করতে হলো আর্জেন্টিনাকে? উত্তর জানা নেই সাবেলার, ‘এ ধরনের ঘটনা ঘটতে পারে। তবে এটা হওয়া উচিত নয়। এ ম্যাচে কোন কোন বিষয়গুলো কাজ করেনি, তা বিশ্লেষণ করে দেখতে হবে। অবশ্যই সব সময় জয় চাই আমরা। পরবর্তী ম্যাচে আরও ভারসাম্যপূর্ণ খেলার চেষ্টা করব। তবে এটা সব সময় সহজ হয়ে উঠে না।’ সূত্র: রয়টার্স।