সাবেলার দলে নেই বানেগা-সোসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপের সঙ্গে বুঝি আজীবনের আড়ি এভার বানেগার৷ বিশ্বকাপের আঙিনা স্পর্শ করার স্বপ্ন বারবারই অধরা থেকে যাচ্ছে এই মিডফিল্ডারের৷ গত বিশ্বকাপের আগে দুর্দান্ত এক মৌসুম কাটিয়েছিলেন ভ্যালেন্সিয়ার হয়ে৷ তবু জায়গা মেলেনি দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে ডিয়েগো ম্যারাডোনার আর্জেন্টিনা দলে৷ এবার নিজ দেশের ক্লাব নিওয়েলস ওল্ড বয়েজের হয়ে চোটজর্জর মৌসুম কাটালেও শেষ দিকে মাঠে ফিরে দারুণ খেলেছেন৷ ব্রাজিলের আর্জেন্টিনার রিজার্ভ বেঞ্চে জায়গাটা নিশ্চিতই ধরে নিয়েছিলেন অনেকে৷ কিন্তু এবারও চূড়ান্ত দলে জায়গা হলো না এই মিডফিল্ডারের৷ আলেসান্দ্রো সাবেলার ২৩ জনের দলে জায়গা হয়নি অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে মৌসুমের শেষ দিকটায় দারুণ খেলা হোসে আর্নেস্তো সোসারও৷ ২৬ জনের প্রাথমিক দল থেকে কাটা পড়া আরেকটি নাম খুব একটা অপ্রত্যাশিত নয়, নিকোলাস ওটামেন্ডি৷
বানেগার বাদ পড়া যদি চমক হয়, মার্টিন ডেমিচেলিসের থাকাটাও কম চমক নয়৷ আর্জেন্টিনার জার্সিতে শেষবার খেলেছিলেন যে সেই ২০১১ সালের নভেম্বরে! তবে ম্যানচেস্টার সিটি ডিফেন্ডারের প্রাথমিক দলে ডাক পাওয়াটাই তো চমক৷ চূড়ান্ত দলে থাকাটা তাই খুব বড় বিস্ময় হয়ে আসেনি৷ ২০১০ বিশ্বকাপে আর্জেন্টিনার সবগুলো ম্যাচে খেলা ডিফেন্ডারের ফর্ম পড়তির দিকে যেতে থাকে বিশ্বকাপের পর থেকেই৷ বায়ার্ন মিউনিখ থেকে মালাগা হয়ে যোগ দিয়েছিলেন অ্যাটলেটিকো মাদ্রিদে৷ সেখানে একটি ম্যাচও না খেলে গত সেপ্টেম্বরে যোগ দেন সিটিতে৷ ক্যারিয়ার পুনরুজ্জীবিতও হয়েছে বলা যায় একদম ঠিক সময়টাতেই৷ শেষবার বিশ্বকাপ খেলার সুযোগ পেলেন ৩৩ বছর বয়সী সেন্টার ব্যাক৷
গত জানুয়ারিতে ইউক্রেনের ক্লাব মেটালিস্ট খারকিভ থেকে ছয় মাসের জন্য ধারে অ্যাটলেটিকোয় খেলতে এসে নজর কেড়েছিলেন সোসা৷ ২৮ বছর বয়সেও যখন বিশ্বকাপে খেলা হলো না, স্বপ্ন মন থেকে মুছে ফেলতেই পারেন এই উইঙ্গার৷ বানেগা-সোসার বদলে সাবেলা আস্থা রেখেছেন সেল্টা ভিগো উইঙ্গার অগুস্তো ফার্নান্দেজ ও বেনফিকা মিডফিল্ডার এনজো পেরেজের ওপর৷ আন্তর্জাতিক অভিজ্ঞতায় যদিও এই দুজনই অনেক পেছনে৷ ফার্নান্দেজের খানিকটা চোট সমস্যাও আছে৷ চোট এখনো পুরোপুরি কাটিয়ে উঠতে পারেননি ডিফেন্সিভ মিডফিল্ডার ফার্নান্দো গ্যাগোও৷ হালকা চোট আছে রিয়াল মাদ্রিদের হয়ে দুর্দান্ত মৌসুম কাটানো অ্যাঙ্গেল ডি মারিয়ার৷ সাবেলার আশা, ১২ জুনের মধ্যে পুরোপুরি ফিট হয়ে উঠবেন এই তিনজনই৷
বিশ্বকাপ স্বপ্ন শেষ হয়ে যাওয়ার কোনো সান্ত্বনা হয় না৷ বানেগা-সোসারা তবু খানিকটা সান্ত্বনা পেতে পারেন কার্লোস তেভেজের দিকে তাকিয়ে৷ জুভেন্টাসের হয়ে এবার সিরি ‘আ’তে ১৯ গোল করা স্ট্রাইকারের জায়গা হয়নি সাবেলার প্রাথমিক দলেও৷ প্রাথমিক দলে ছিলেন না প্যারিস সেন্ট জার্মেইন মিডফিল্ডার হাভিয়ের পাস্তোরে ও টটেনহাম হটস্পারের তরুণ স্ট্রাইকার এরিক লামেলাও৷
গত কয়েক বিশ্বকাপের মতো যথারীতি এবারও শীর্ষ ফেবািরটদের দলে আছে আর্জেন্টিনা৷ ‘এফ’ গ্রুপে আর্জেন্টিনার প্রতিপক্ষ ইরান, বসনিয়া ও নাইজেরিয়া৷ এএফপি৷
আর্জেন্টিনার বিশ্বকাপ দল
গোলরক্ষক: সার্জিও রোমেরো, মারিয়ানো আন্দুজার, অগুস্তিন অরিয়ন।
ডিফেন্ডার: পাবলো জাবালেতা, ফেদেরিকো ফার্নান্দেজ, এজেকিয়েল গারাই, মার্কোস রোহো, হুগো কাম্পানিয়ারো, মার্টিন ডেমিচেলিস, হোসে বাসান্তা।
মিডফিল্ডার: হাভিয়ের মাচেরানো, ফার্নান্দো গ্যাগো, লুকাস বিগলিয়া, রিকার্ডো আলভারেজ, অগুস্তো ফার্নান্দেজ, অ্যাঙ্গেল ডি মারিয়া, ম্যাক্সি রদ্রিগেজ, এনজো পেরেজ।
ফরোয়ার্ড: লিওনেল মেসি, গঞ্জালো হিগুয়েইন, সার্জিও আগুয়েরো, রদ্রিগো প্যালাসিও, এজেকিয়েল লাভেজ্জি।