সাবেলার প্রত্যয় 'নিখুঁত ফুটবল' ও 'নতুন ইতিহাস'

বিশ্বকাপের জন্য জার্মানরা কেমন মরিয়া এটা তো প্রমাণিতই। পর্তুগালকে ৪-০ গোলে হারিয়ে বিশ্বকাপ শুরুর দিনই তাঁরা নিজেদের প্রতিষ্ঠিত করেছে বিশ্বজয়ের অন্যতম দাবিদার হিসেবে। মাঝের চারটি খেলায় অবশ্য নিজেদের ভয়ংকর চেহারাটা না দেখিয়ে ম্যাথডিক্যাল ফুটবল খেলেই বৈতরণী পার হয়েছে জোয়াকিম লোর দল। কিন্তু সেমিফাইনালে স্বাগতিক ব্রাজিলের বিপক্ষে তাদের বিশ্বকাপের ক্ষুধাটা বড় প্রকটরূপেই প্রকাশিত। নিজের মাঠে, দর্শকদের উন্মত্ত সমর্থনের মধ্যেও ব্রাজিল যেভাবে জার্মানির কাছে ৭-১ গোলে বিধ্বস্ত হয়েছে, তাতে ফাইনালে জার্মানির হারাটাকেই অনেকে ‘অঘটন’ হিসেবে মনে করা শুরু করেছেন। কিন্তু তাই বলে হল্যান্ডকে টাইব্রেকারে হারিয়ে ২৪ বছর পর ফাইনাল নিশ্চিত করা আর্জেন্টিনাকেও উড়িয়ে দেওয়ার কিছু নেই। লিওনেল মেসির মতো ফুটবলার যে দলে আছেন, সে দল জার্মানির দুর্ভেদ্য দূর্গ ভেদ করতে পারবে না—এমন চিন্তাও অনেকে ‘অন্যায়’ বলেই মনে করেন। সেই সঙ্গে কোচ আলেসান্দ্রো সাবেলার কার্যকরী রণকৌশল তো আছেই। তবে আর্জেন্টািইন কোচ মনে করেন আর্জেন্টিনার জয় নির্ভর করছে তাঁর রণকৌশলের শতভাগ বাস্তবায়নের ওপরই। রীতিমতো ‘পারফেক্ট’ ফুটবলটাই পারে তাঁর দলকে ২৮ বছর পর তৃতীয় বিশ্বকাপ শিরোপাটা এনে দিতে।
তিনি সর্বান্তকরণেই জার্মানিকে শক্তিশালি দল হিসেবে মনে করেন, ‘শারীরিক ও কৌশলগত দিক দিয়ে জার্মানি খুবই শক্তিশালি একটি দল। ওদেরকে হারাতে নিখুঁত ফুটবলটাই খেলতে হবে। কঠোরভাবে মনোযোগী হতে হবে। দ্রুত জায়গা বের করে বাজিমাত করতে হবে।’
নিজেদের সাধ্যের চেয়েও বেশি কিছু করার প্রত্যয় শোনালেন আর্জেন্টাইন কোচ, ‘বরাবরের মতো নিজেদের সবটাই ঢেলে দেওয়ার চেষ্টা করব আমরা, যেন আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হতে পারে। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টাই করব। যেটা করতে পারি না, এর চেয়েও বেশি কিছু করার চেষ্টা করব।’
চার বছর আগে এই জার্মানির কাছে হেরেই স্বপ্নভঙ্গ হয়েছিল আর্জেন্টিনার। দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের কোয়ার্টার ফাাইনালে ৪-০ গোলে বিধ্বস্ত হয়েছিলেন লিওনেল মেসিরা। জার্মানদের কাছে পরাস্ত হয়েছিলেন ডিয়েগো ম্যারাডোনার আক্রমণাত্মক কৌশল। তবে এবারের দলটা বেশ ‘রক্ষণাত্মক’ বলে মন্তব্য করলেন সাবেলা, ‘চার বছর আগের তুলনায় এবারের দলটা বেশ রক্ষণাত্মক। ভিন্ন উপায়ে সাফল্য পাওয়ার অপেক্ষায় আমরা।’
১৯৯০ বিশ্বকাপের কথা মনে হলে বোধ হয় আর্জেন্টাইনদের হূদয়ে এখনো রক্তক্ষরণ হয়। ফাইনালে রেফারির দেওয়া বিতর্কিত পেনাল্টিতে শিরোপা হাতছাড়া হয় আর্জেন্টিনার। ওই ম্যাচের পর ম্যারাডোনার অঝোর কান্না বিশ্বকাপের অমর ছবিগুলোর একটি হয়ে আছে। ওই বিশ্বকাপের পর এবারই প্রথম ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। প্রতিপক্ষ সেই জার্মানি। ১৯৯০ বিশ্বকাপের প্রসঙ্গ না এসে পারে! এ নিয়ে প্রশ্ন করতেই আর্জেন্টিনা কোচ বললেন, ‘সেটা ছিল খুব বেদনাদায়ক। আমরা জানি, সেদিন কী হয়েছিল। এবার ইতিহাসটা নতুন করে লিখতে চাই আমরা। সূত্র: রয়টার্স।