সাবেলার স্কোরশিটে দশে ছয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অবশেষে বিশ্বকাপে নিজের দ্বিতীয় গোলটি পেয়েছেন মেসি। দলও পেয়েছে জয়। ম্যাচ শেষে কোচ সাবেলা  অভিনন্দন জানালেন তাঁর সেরা অস্ত্রটিকে l এএফপি
অবশেষে বিশ্বকাপে নিজের দ্বিতীয় গোলটি পেয়েছেন মেসি। দলও পেয়েছে জয়। ম্যাচ শেষে কোচ সাবেলা অভিনন্দন জানালেন তাঁর সেরা অস্ত্রটিকে l এএফপি

ম্যাচ শেষে লিওনেল মেসির মুখে চওড়া হাসি। বসনিয়ার সঙ্গে বার্সেলোনা তারকার দুর্দান্ত গোল শুধু যে আকাশি-সাদাদের জয় নিশ্চিত করেছে তা নয়, দলের ওপর থেকে চাপও সরিয়ে নিয়েছে অনেকখানি। তবে ম্যাচের পর মেসি স্বীকার করলেন খেলার আগে চাপ অনুভব করছিলেন তিনিও!
‘প্রথম ম্যাচ তো, উদ্বেগ আর উৎকণ্ঠা কাজ করছিল। জয় দিয়ে শুরু করাটা দরকার ছিল। কিছু জায়গায় আমাদের আরও ভালো করতে হবে, তবে গুরুত্বপূর্ণ ছিল প্রথম ম্যাচে ৩ পয়েন্ট পাওয়া’—ম্যাচের অকপট আর্জেন্টাইন অধিনায়ক ।
তিন সেন্টারব্যাকসহ ৫-৩-২ ফর্মেশনে শুরু করলেও বিরতির পর দলকে ৪-৪-২-এ খেলান কোচ আলেসান্দ্রো সাবেলা, আর গঞ্জালো হিগুয়েইনকে পাশে পেয়ে মেসি ফেরেন স্বরূপে। এই ছকটাই ভালো লেগেছে মেসির, ‘স্ট্রাইকার হিসেবে এই ফর্মেশনেই খেলতে চাইবেন আপনি, কারণ এতে আক্রমণ শাণানোর সুযোগটা থাকে বেশি। আমি আর আগুয়েরো অনেকটা সময়েই একা হয়ে পড়ছিলাম, এমন কিছু ক্ষেত্রে আমাদের উন্নতি করতে হবে।’ তবে কোচ সাবেলার কাছে কিন্তু খুব বেশি নম্বর পায়নি মেসির দল। ‘দুই অর্ধের পারফরম্যান্স বিচার করলে, দলকে আমি দশে ছয় দেব’—ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বলেছেন সাবেলা।

সাবেলার কণ্ঠে এরপরই যেন প্রতিধ্বনি শোনা গেল ব্রাজিল কোচ লুইস ফেলিপে স্কলারির কাঠিন্য, ‘আমাদের আরও ভালো করতে হবে। আমার দায়িত্ব হবে সেটা নিশ্চিত করা। মেসি বিশ্বের সেরা খেলোয়াড়, খুব বেশি সুযোগ ওর দরকার হয় না। তবে ওকে বেশি বল বানিয়ে দিলে ওর জন্য কাজটা অনেক সহজ হয়ে যায়।’

বিশ্বকাপে নিজের দ্বিতীয় গোলের জন্য আট বছর অপেক্ষা করতে হলেও নিজেকে বিশ্বের সেরা হিসেবে প্রমাণ করতে হলে মেসিকে শিরোপা জিততেই হবে, এমনটা মনে করেন না আর্জেন্টিনা কোচ।

ওদিকে পরাজয় সত্ত্বেও বসনিয়া কোচ সাফেত সুসিচ দলের পারফরম্যান্সে সন্তুষ্ট, ‘মারাকানায় বিশ্বকাপের কোনো ম্যাচে এমন অসাধারণ একটা দলের সঙ্গে খেলতে পারা, বিশ্বের সেরা খেলোয়াড়ের বিপক্ষে খেলতে পারা বিশেষ কিছু। আমি আশা করি, আর্জেন্টিনা গ্রুপে ওদের বাকি ম্যাচগুলোও জিতবে যাতে আমরা, ইরান আর নাইজেরিয়া নিজেদের মধ্যে দ্বিতীয় স্থান নিয়ে বোঝাপড়া করতে পারি।’

কোচের কাছে বসনিয়ার গোলদাতা ভেদাদ ইবিসেভিচকে প্রথম একাদশে না খেলানোর যুক্তি, ‘প্রস্তুতি ম্যাচে আমরা এভাবেই (৪-২-৩-১) খেলেছি। দুজন স্ট্রাইকার খেলানো ছিল ঝুঁকিপূর্ণ, তাতে ব্যবধানটা আরও বড় হতে পারত ।’

আর্জেন্টিনা শনিবার তাদের পরের ম্যাচ খেলবে ইরানের সঙ্গে, অন্যদিকে বসনিয়া মুখোমুখি হবে নাইজেরিয়ার। দেখা যাক পরের ম্যাচে মেসিদের দশে কত দেন সাবেলা! এএফপি।