সাব্বিরের ব্যাটে রাজশাহীর সোনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয় এনে দেওয়া বাউন্ডারিটি মেরেই সাব্বির রহমান হয়ে গেলেন ‘শহীদ আফ্রিদি’! মাঝ উইকেটে দুই পা দুই দিকে ছড়িয়ে দাঁড়ালেন দুই হাত উঁচিয়ে। ছুটে এলেন সতীর্থরা। একে তো ঢাকার বাইরে, তার ওপর দায়সারা আয়োজন। বাংলাদেশ গেমসের ক্রিকেট থেকে গেছে আলোচনার আড়ালেই। রাজশাহীর ক্রিকেটারদের তার পরও যথেষ্টই উদ্বেলিত করল সোনা জয়।জাতীয় ক্রিকেট লিগের সফলতম দল জিতে নিল বাংলাদেশের ‘অলিম্পিকে’ ক্রিকেটের প্রথম সোনাও। বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে উত্তরবঙ্গের দুই দলের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে ৫ উইকেটে হেরে রংপুর পেয়েছে রুপা। আর খুলনাকে ৭৫ রানে হারিয়ে ঢাকা মহানগরী পেয়েছে ব্রোঞ্জ।ম্যাচজয়ী ইনিংসে রাজশাহীকে সোনা জিতিয়ে ফাইনালের সেরা সাব্বির রহমান। ১৫১ রান তাড়ায় ২০ রানের মধ্যে দুই ওপেনারকে হারায় রাজশাহী। ফরহাদ হোসেন (২৬ বলে ২৮) ও সাব্বির তৃতীয় উইকেটে গড়েন ৪৯ রানের জুটি। এরপর অধিনায়ক ফরহাদ রেজা (২) ফিরেছেন দ্রুত। তবে পঞ্চম উইকেটে সাব্বির-জোবায়েরের ৩৯ বলে ৬০ রানের জুটি গড়ে দেয় ম্যাচের ভাগ্য। ২১ বলে ২৪ করেছেন জোবায়ের। তিন চার, পাঁচ ছয়ে ৪৬ বলে অপরাজিত ৬৪ সাব্বিরের। টস জিতে রংপুর ১৫০ করতে পেরেছিল লেজের ঝড়ে। রাজশাহীর দুই পেসার দেলোয়ার (৩/৩১) ও মুকতারের (৩/২৬) তোপে ৭৮ রানে ৬ উইকেট হারায় রংপুর। আটে নামা আলাউদ্দিন বাবুর ২১ বলে ৩৮ ও অধিনায়ক সোহরাওয়ার্দীর ২৭ বলে ২৮ রানে শেষ ৫ ওভারে ৬৭ রান তোলে রংপুর। শেষ পর্যন্ত এটাও যথেষ্ট হয়নি সাব্বির ঝড়ের কাছে।ব্রোঞ্জের লড়াইয়ে ঢাকা মহানগরীকে ১৭১ রানের বড় সংগ্রহ এনে দিয়েছিল অধিনায়ক মার্শাল আইয়ুবের ৩৫ বলে ৫৩ ও আসিফ আহমেদের ২৪ বলে ২৯। আসিফ পরে নতুন বল হাতে নিয়েছেন ২ উইকেট। ২৯ রানে ৬ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে খুলনা। তাপস ঘোষের ২৮ বলে অপরাজিত ২৯ রানে শেষ পর্যন্ত খুঁড়িয়ে খুঁড়িয়ে যেতে পারে ৯৬ পর্যন্ত। দুটি করে উইকেট পেয়েছেন আরাফাত সানি ও বিশ্বনাথ হালদারও।