সাব-জুনিয়র দাবায় চ্যাম্পিয়ন ফাহাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফাহাদ রহমান
ফাহাদ রহমান

গত সপ্তাহে মোহামেডান আন্তর্জাতিক স্কুল টুর্নামেন্টে হয়েছে অপরাজিত চ্যাম্পিয়ন। জাতীয় সাব-জুনিয়র দাবাতেও সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখেছে ফাহাদ রহমান। সাত খেলায় সাড়ে ছয় পয়েন্ট নিয়ে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে দেশের সর্বকনিষ্ঠ ফিদে মাস্টার। ২০১১ সালে মাত্র ৮ বছর ২ মাসে প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছিল সে। কাল শেষ রাউন্ডে ফাহাদ ড্র করেছে তানজিনা আক্তার তানির সঙ্গে।
২২ মে ভুবনেশ্বরে আন্তর্জাতিক গ্র্যান্ডমাস্টার টুর্নামেন্টে খেলতে যাবে ফাহাদ। জুনে খেলবে মুম্বাই মেয়র কাপ জিএম টুর্নামেন্ট ও এশিয়ান যুব দাবা চ্যাম্পিয়নশিপে। জুলাইয়ে গ্লাসগোতে কমনওয়েলথগামী দাবা দলের সঙ্গীও হচ্ছে এই খুদে দাবাড়ু। এই জয়গুলো স্বাভাবিকভাবেই ফাহাদের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে, ‘সামনে ব্যস্ত সময় কাটবে আমার । টানা দুই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়ে আত্মবিশ্বাস অনেক বেড়েছে।’
ইন্টারনেট থেকে ম্যাগনাস কার্লসেন, লেভন অ্যারোনিয়ান ও আলেক্সান্ডার গ্রিসচুকের গেমসের ভার্সনগুলো ডাউনলোড করে নিয়মিত অনুশীলন করে ফাহাদ। এভাবে অনুশীলন করা এক জিনিস, আর সরাসরি কোচের তত্ত্বাবধানে থাকা আর এক৷ একজন কোচ চায় সে, ‘মাসে তিন-চার দিন নিয়াজ মোরশেদ আঙ্কেলের কাছে অনুশীলন করি। কিন্তু এখন একজন স্থায়ী কোচের অধীনে অনুশীলন করলে আরও ভালো খেলতে পারতাম।’
সাড়ে পাঁচ পয়েন্ট পেয়ে বালক বিভাগে রানারআপ সুব্রত বিশ্বাস। বালিকা বিভাগে চ্যাম্পিয়ন তানজিনা আক্তার তানির পয়েন্ট সাড়ে পাঁচ। রানারআপ জান্নাতুল ফেরদৌসের পাঁচ পয়েন্ট।