সামনে আজ ভারত-বাধা

সকাল থেকেই কাঠমান্ডুর আকাশ থেকে ঝরছে ঝিরিঝিরি বৃষ্টি। মহাসড়ক আর অলিগলিতে তবু ব্যস্ততা, কোলাহল। এরই মধ্যে রাস্তার মোড়ে মোড়ে মন্দিরগুলোয় চলছে প্রার্থনা। অলক্ষ্যে কি প্রার্থনায় মগ্ন নয় দুই ডাচ কোচের বাংলাদেশ-ভারত?এটা বলারই অপেক্ষা রাখছে না। বৃষ্টিস্নাত কালকের সকাল থেকেই দুই দল একটাই প্রার্থনা পেশ করছে সৃষ্টিকর্তার কাছে—‘ম্যাচটা জিতিয়ে দাও।’বাংলাদেশের আকুতিটা সবচেয়ে বেশি। নেপালের কাছে প্রথম ম্যাচে খুব বাজে ফুটবল খেলে ২-০ হার। আজ ভারত ম্যাচটা তাই হয়ে দাঁড়িয়েছে অষ্টম সাফ ফুটবলে টিকে থাকার শেষ সুযোগ।ভারত পরশু পাকিস্তানকে হারিয়েছে ১-০ গোলে। তাই দ্বিতীয় ম্যাচটা বাঁচা-মরার প্রশ্ন নয় ভারতের সামনে। তবে বাংলাদেশকে হারালে সেমিফাইনাল নিশ্চিত—এমন নিরাপদ স্থানে যাওয়ার প্রার্থনা তো ভারত করতেই পারে। আগের ম্যাচের ভারত যে ভারতের মতো খেলতে পারেনি।পাকিস্তান ভাগ্যকে পাশে পেলে বাংলাদেশ-ভারত দাঁড়িয়ে যেত একই কাতারে। ভাগ্যগুণেই পাকিস্তানের বিপক্ষে জয়টা পেয়েছে সাফের বর্তমান চ্যাম্পিয়নরা। পাকিস্তান সবাইকে অবাক করে এত গোছানো আর আক্রমণাত্মক ফুটবল খেলল যে আত্মঘাতী একমাত্র গোলে না হেরে ম্যাচটা তাদের জেতা উচিত ছিল অন্তত ২-৩ গোলে।এটিই আজ বাংলাদেশের সবচেয়ে বড় প্রেরণা। পাকিস্তান দেখিয়ে দিল, ভারতকে হারানো খুবই সম্ভব। তাই নেপালের বিপক্ষে বিধ্বস্ত লাল-সবুজের দল আজ আর্মড ফোর্সেস মাঠে আত্মবিশ্বাস নিয়েই দিতে চায় মরণকামড়। বাংলাদেশ সময় বিকেল পৌনে চারটায় শুরু ম্যাচে বাংলাদেশের জন্য আছে ঘুরে দাঁড়ানোর কিছু রসদও।চোট কাটিয়ে ফেরা মিডফিল্ডার সোহেল রানাকে পাওয়া যাচ্ছে এই ম্যাচে। নেপাল ম্যাচে যেমন ২০ হাজারের বেশি দর্শকের চাপে নিজেদের আসল খেলাটাই ভুলে গিয়েছিল বাংলাদেশ, আজ তো সেই দর্শকচাপ নেই। মুক্ত হয়ে খেলার দিন। ১৯৯৯ সালে কাঠমান্ডু সাফ গেমসেও তো বাংলাদেশ ২-০ গোলে মালদ্বীপের কাছে হেরে শুরু করে শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হয়েছিল। আজ ইতিহাসের চাকা পেছনে ঘোরাতে চাইবে বাংলাদেশ।কিন্তু ভারত নামটা মানসিকভাবে বাংলাদেশের সামনে এখনো বড় বাধা। দুই দেশের লড়াইয়ে বাংলাদেশের ৯ ড্র আর দুই জয়ের পাশে ভারত জিতেছে ১৫ বার। প্রথম ম্যাচে ভারত ভালো খেলতে পারেনি বলে আজও খারাপ খেলবে, এমন তো না-ও হতে পারে। ভারত জ্বলে উঠলে বিপদের ঘণ্টা কিন্তু বাজবেই।তার ওপর বাংলাদেশ দল সম্ভবত আজও পাচ্ছে না প্লে-মেকার মামুনুল ইসলামকে। মামুনুল না থাকা মাঠে মাঝমাঠে খেলাটা তৈরি করার উপযুক্ত লোক নেই। ভারতের ম্যাচ জেতানোর মতো খেলোয়াড় অনেক। অধিনায়ক সুনীল ছেত্রী একাই গড়ে দিতে পারেন ব্যবধান।সে অর্থে বাংলাদেশের ম্যাচ উইনার আছে একজনই—উইঙ্গার জাহিদ হোসেন। তিনি ছন্দে নেই। নেপাল ম্যাচে জাহিদকে খুঁজেই পাওয়া যায়নি। তবে কাল জাহিদ বলছিলেন, ‘ভারতকে হারাতে সবকিছুই আমি মাঠে করব।’ জাহিদকে নিয়ে কোচ ডি ক্রুইফই গোলকধাঁধায়, ‘সে ম্যাচ জেতাতে পারে। আবার খুব বাজেও দিন যায়। ওর খেলার ওপর আমাদের অনেক কিছু নির্ভর করছে।’নিয়মিত অধিনায়ক মামুনুলেরও জাহিদের ওপর অনেক ভরসা, ‘জাহিদ আমার রুমমেট। ওকে অনেক বুঝিয়েছি। ও কথা দিয়েছে। জানপ্রাণ দিয়ে খেলে ভারতকে হারাবে।’ কাল সকালে কাঠমান্ডুর আর্মি স্পেশাল ট্রেনিং ও স্পোর্টস সেন্টারে অনুশীলনের আগে যখন অধিনায়ক মিডিয়ার সামনে, বৃষ্টি ঝরছিল সমানে। ডি ক্রুইফ যখন কথা বলতে এলেন মাথার ওপর ছাতা। পাকিস্তানের বিপক্ষে দেখা ভারতকে হারানোর ব্যাপারে ডাচ কোচের মুখে আশাবাদী কথাবার্তাই শোনা গেল, ‘ভারতের বিপক্ষে আমাদের তিনটি পয়েন্ট পেতে হবে, এটাই শুধু আমি বুঝি। অন্য কোনো হিসাব নেই।’ সেই ৩ পয়েন্ট ঘরে তুলতে বাংলাদেশ আসলে কতটা প্রস্তুত?
ডি ক্রুইফের জবাব, ‘এটা তো বিস্ময়কর প্রশ্ন। আমরা তৈরি। নেপালের বিপক্ষেও তৈরি ছিলাম। সেদিন হয়নি, এই ম্যাচেও হবে না এমন তো নয়।’ ভারত-পাকিস্তান ম্যাচটা দেখে তাঁর যে মানসিক শক্তি বেড়েছে, সেটি বোঝালেন পরের কথায়, ‘ভারতের বিপক্ষে ৪-১ বা ৩-১ গোলে জিততে পারত পাকিস্তান। ওরা সত্যিই আমাকে চমকে দিয়েছে।’ ভারতকে নিয়ে বাক্য বেশি খরচ করতে চাইলেন না বাংলাদেশের কোচ, ‘ভারতের ওপর সবার প্রত্যাশা হয়তো বেশি ছিল। তারা সেভাবে খেলতে পারেনি। এটা হয়তো আমাকে মনোবল বাড়াবে। তবে আবারও বলি, আমাদের তিনটি পয়েন্ট দরকার।’
ভারতীয় দল প্রথম ম্যাচে ৩ পয়েন্ট তুলে বেশ ফুরফুরে। সেটির প্রকাশ দলটির চলনবলনেই। তবে কোচ কোভারম্যান অনুশীলনে নামার আগে সতর্ক মন্তব্যই করলেন, ‘বাংলাদেশের হারানোর কিছু নেই। ওরা জিততে মরিয়া। তাই আমরা সতর্ক হয়েই নামব।’
অতিসতর্কতা না আবার বুমেরাং হয়, সেই চিন্তাও আছে ভারতীয় শিবিরে। বাংলাদেশের আজ ওই সুযোগই নেওয়ার পালা। সাফের শেষ চারে যেতে আজ একটা অগ্নিপরীক্ষার মুখে ডি ক্রুইফ এবং কোং।