সামনে ঘটতে পারে আরও অঘটন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত দিন সাতেকে দুটি দুর্দান্ত ওয়ানডে হয়েছে। নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে এই ভেবে, দুটো ম্যাচই আমি দেখেছি। এর মধ্যে একটায় দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে ইংল্যান্ড, অন্য ম্যাচটাতেও ভারতকে হারানো উচিত ছিল।আসলে ইংল্যান্ড এখনো ওয়ানডেতে ক্রিকেটটা শিখছে। টেস্টে ওরা ভালো দল। টেস্টে তারা ভালো করছে। জয়ের ধারায় আছে। কিন্তু ওয়ানডেতে ব্যাটসম্যানরা ভালো ফর্মে থাকলেও বোলারদের মধ্যে ঘাটতি দেখছি। চেন্নাইয়ে সেদিন অবশ্য বোলাররা অসাধারণ কিছু করে দেখিয়েছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেদিন ওরা যে বোলিংটা করল, সেটা পুরো টুর্নামেন্টে করতে পারলে ইংল্যান্ডই বিশ্ব চ্যাম্পিয়ন হবে।এমনটা বলা খুব সহজ, দক্ষিণ আফ্রিকা সেদিনও চাপে ভেঙে পড়েছে। কিন্তু আমি বলব, এই জয়ের পুরো কৃতিত্ব ইংল্যান্ডের প্রাপ্য। যেভাবে স্ট্রাউস ওর বোলারদের ব্যবহার করেছে, অসাধারণ! গত অ্যাশেজে ইংল্যান্ড কিন্তু এভাবেই খেলেছিল। সেদিনও মাঠে তাদের সেই আত্মনিবেদন দেখেছি। ফিল্ডাররা দারুণভাবে নিজেদের কাজটা করেছে। সেদিন অবশ্য ব্যাটসম্যানদের আরও বেশি রান করা উচিত ছিল। যা-ই হোক, ওই অল্প পুঁজিটা নিয়েই তারা জিতেছে।গ্রায়েম সোয়ান দুর্দান্ত বোলিং করেছে। ব্রড, ব্রেসনান, অ্যান্ডারসনরাও ওকে ভালোভাবে সহযোগিতা করে গেছে। বোলারদের সেদিনের ছন্দ দেখে ইংল্যান্ড অবশ্যই খুশি হবে। এই বিশ্বকাপে ইংল্যান্ড এখন বাকি দলগুলোর জন্য বড় হুমকি। এই জয়ের ফলে ইংল্যান্ডের পরের রাউন্ডের পথ পরিষ্কার হলো। মাথা থেকে নেমে গেল চাপের বোঝা। আগের চেয়ে তুলনামূলক বেশি নির্ভার হয়ে খেলতে পারবে। ভারত যদি নিজেদের ম্যাচগুলোও জেতে, ইংল্যান্ড এখনো এই গ্রুপের দ্বিতীয় দল হয়ে পরের রাউন্ডে যেতে পারে।কিন্তু ‘বি’ গ্রুপটায় এখনো সবার জন্যই দরজা খোলা। এই গ্রুপটা হয়ে উঠতে পারে মৃত্যুকূপ। এখনো বড় বড় কিছু ম্যাচ বাকি। বিশেষ করে বাংলাদেশ বনাম ইংল্যান্ড, ভারত-দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ। ইংল্যান্ডের এখন যে ফর্ম, তাদের বাকি ম্যাচগুলো জেতাই উচিত। এই সপ্তাহটা আসলে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে গ্রুপে দলগুলো কে কততম হয়ে পরের রাউন্ডে যাচ্ছে সেটি নির্ধারণে।গত ম্যাচটায় ইংল্যান্ডের জন্য প্রাপ্য ছিল অনেক কিছুই। বিশেষ করে ম্যাচসেরা রবি বোপারার ইনিংসটি। ধীরগতির, নিচু হয়ে আসা বাউন্সের উইকেটে ও ভালোভাবে নিজেকে মানিয়ে নিয়েছিল। ১৭০ রানের ইনিংসটায় ৬০ রানই এসেছে ওর ব্যাট থেকে। ম্যাচসেরার স্বীকৃতিটা ওর প্রাপ্যই ছিল।কেভিন পিটারসেনের শূন্যতা সামনের দিনগুলোয় অনুভব করবে ইংল্যান্ড। ওর বদলে দলে আসা এউইন মরগানের এখন সময় এসেছে দলে নিজের অবদান রাখার। মঙ্গলবারের মধ্যেই (গতকাল) চট্টগ্রামে পৌঁছে যাওয়ার কথা মরগানের। ফলে ভ্রমণক্লান্তি কাটিয়ে ওঠার জন্য যথেষ্ট বিশ্রাম পাবে ও। শুক্রবারের ম্যাচেই ওকে দেখতে চাই। পিটারসেন না থাকায় এখন হয়তো ওপেন করতে হবে বেলকে।আমার নজর কেড়েছিল আরেকটি ম্যাচ। যে ম্যাচে ভারতকে খানিকটা ভয় পাইয়ে দিয়েছিল আয়ারল্যান্ড। ভারতের ব্যাটিং লাইনআপ অবশ্য অনেক লম্বা। হল্যান্ডের বিপক্ষে ওরা বাড়তি একজন বোলার খেলালে আমি অবাক হব না। এতে করে নাগপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মরা একটা উইকেট বানিয়ে খেলার পরিকল্পনাটাও ওরা যাচাই করে দেখার সুযোগ পাবে।বিশ্বকাপ এখন একটা আকার নিতে শুরু করেছে। প্রতিটি ম্যাচই এখন গুরুত্বপূর্ণ ম্যাচ হয়ে উঠেছে। সামনে আরও অঘটনও ঘটতে পারে। সব মিলে সামনের সপ্তাহটা পুরো বিশ্বকাপেরই গুরুত্বপূর্ণ এক সপ্তাহ।