সামনে তাকাচ্ছেন রোনালদো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এক বাণিজ্যিক প্রচারণায় জাপানে এসে সমর্থকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিলেন রোনালদো। কাল টোকিওতে l এএফপি
এক বাণিজ্যিক প্রচারণায় জাপানে এসে সমর্থকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিলেন রোনালদো। কাল টোকিওতে l এএফপি

ক্যারিয়ার থেকে জুন-জুলাই মাস মুছেই ফেলতে চাইবেন ক্রিস্টিয়ানো রোনালদো। কী দুঃসহ একটা সময়ই না গেল! চোটের কারণে বিশ্বকাপ খেলা নিয়ে ছিল সংশয়। শেষ পর্যন্ত খেললেন, কিন্তু হয়ে রইলেন নিজের ছায়া। দল বিদায় নিল বিশ্বকাপের গ্রুপপর্ব থেকে। বিশ্বকাপ এর চেয়ে খারাপ হতে পারত না রোনালদোর। তবে এসব এখন অতীত, কয়েক দিন পর শুরু নতুন মৌসুম। রোনালদো সেদিকেই তাকিয়ে।
পরশু ইনস্টাগ্রামে নতুন একটি ছবি আপলোড করেছেন। মুখ কালো মুখোশে ঢাকা। নতুন একটা প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছেন সিআর সেভেন। সেটির অংশ হিসেবেই এই ছবি। পরশু জাপানে উড়ে গিয়েছিলেন সেই প্রতিষ্ঠানের পণ্যদূতের ভূমিকা নিতে। সেখানেই রোনালদোর কণ্ঠে ঝরেছে প্রত্যয়, ‘আমি প্রতি মৌসুমে যেমন দিই, এবারও নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করব। আমি সেরা হতে চাই। চেষ্টা করব দলকে সাহায্য করতে। আমার লক্ষ্যই থাকে প্রতিবছরে শতভাগ ঢেলে দেওয়ার।’
বয়স চলছে ২৯। রোনালদো জানাচ্ছেন, অন্তত আরও ছয় থেকে সাত বছর শীর্ষ পর্যায়ে খেলতে চান। ৩৫ পর্যন্ত রোনালদোকে দেখতে পাওয়াটা দারুণ একটা ব্যাপারই হবে!
সেটা পরের ভাবনা। আপাতত বর্তমানেই মনোযোগ তাঁর। বিশ্বকাপ ভালো না কাটলেও বছরটা সোনায় মোড়ানোই ছিল। দ্বিতীয়বারের মতো ব্যালন ডি’অর জিতেছেন, লা লিগায় সবচেয়ে বেশি গোল, রিয়াল মাদ্রিদকে এনে দিয়েছেন লা ডেসিমা। সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে চান রিয়ালের পর্তুগিজ তারকা, ‘চোট কাটিয়ে উঠেছি। এখন খুবই ভালো অবস্থায় আছি। আশা করছি আসছে মৌসুমে ভালো করব।’ এএফপি।