১৫ ম্যাচ খেলে ছয়টাতেই সেঞ্চুরি! অবিশ্বাস্য ব্যাপারটি ঘটতে ঘটতেও ঘটল না। তার পরও যেটা ঘটল, মুশফিকুর রহিমকে তা চেনাচ্ছে নতুন করে। প্রিমিয়ার লিগের ১৫ ম্যাচে চার সেঞ্চুরি আর পাঁচ ফিফটি। ৭১.৫০ গড়ে মোট রান ৮৫৮!সর্বোচ্চ রানের মালিকদের তালিকায় মুশফিকের পরে আছেন মোহামেডানের ইমরুল কায়েস (৬৫৯) ও আবাহনীর মাহমুদউল্লাহ (৬৫০)। মুশফিককে পেছনে ফেলতে ২০০ বা তারও বেশি রানের এই ব্যবধান তাঁরা কাল শেষ ম্যাচে ঘোচাতে পারবেন বলে মনে হয় না। এক ম্যাচ আগেই তাই ঘোষণা দিয়ে দেওয়া যাচ্ছে—প্রিমিয়ার লিগে এবার সবচেয়ে বেশি রানের মালিক মুশফিকুর রহিম।তবে এমন না যে, শুধু রানের অঙ্কটাই মুশফিকের সাফল্যের কথা বলছে। মুশফিক প্রতিটা বলেই বুঝিয়েছেন নিজের জাত, রান করার ক্ষুধা। ৮৫৮ রান করতে পুরো লিগে বল খেলেছেন ১০১৪টি। ছক্কা মেরেছেন ১১টি, চার ৬৬টি। রান করার এত প্রবল তৃষ্ণা কোত্থেকে এল মুশফিকের? জানুন তাঁর কাছ থেকেই, ‘সব সময়ই লক্ষ্য থাকে বড় কিছু করব। তৃতীয় ম্যাচে সেঞ্চুরির পর মনে হলো, এবারই বড় কিছু করা সম্ভব। এরপর প্রতিটা ম্যাচেই চেষ্টা করে গেছি বড় ইনিংস খেলতে। মনে মনে লক্ষ্য ছিল, লিগে সবচেয়ে বেশি রান করব।’প্রিমিয়ার লিগে মুশফিকের চেয়েও বেশি রান করার রেকর্ড আছে অতীতে। তবে নিকট অতীতে সাড়ে আট শ রানের নজির নেই। মুশফিক সেই নজির স্থাপন করতে গিয়ে খোলস থেকে বেরিয়ে এসেছেন পুরোপুরি। প্রথম দুই ম্যাচে ১৭ ও ১ করার পর ক্লাবের মধ্যে সমালোচিত হয়েছিলেন। সরে গিয়েছিলেন অধিনায়কত্ব থেকেও। ব্রাদার্সের বিপক্ষে পরের ম্যাচেই অপরাজিত ১০৫ রানের ইনিংস খেলে দিলেন সব সমালোচনার জবাব। কয়েক ম্যাচ পরে অবশ্য আবারও নেতৃত্বভার নিয়ে নেন নিজের কাঁধে।মুশফিকের পরের তিনটি সেঞ্চুরি চার ম্যাচের মধ্যে। বিমানের বিপক্ষে ১০৬ রান করার পরের ম্যাচে ওল্ড ডিওএইচএসের বিপক্ষে মাত্র ৮। কিন্তু গাজী ট্যাংক ও ভিক্টোরিয়ার বিপক্ষে পরের দুই ম্যাচেই সেঞ্চুরি! টানা দুই সেঞ্চুরি দিয়ে শুরু স্বপ্নযাত্রায় সর্বশেষ সাত ম্যাচে মুশফিকের রান ৫৮৪, গড় ৯৭.৩৩। গত দুই ম্যাচের অপরাজিত ৯২ ও ৯০ রান অবশ্য আক্ষেপেরই নাম।চার সেঞ্চুরি ছয় সেঞ্চুরি হতে হতেও না হওয়ায় আফসোস আছে মুশফিকেরও। তবে লিগটা স্বপ্নের মতো যাচ্ছে বলে সামান্য এই অতৃপ্তিটুকু ভুলে থাকতে চাচ্ছেন, ‘ছয়টা সেঞ্চুরি হলে তো খুবই ভালো লাগত। দুই ম্যাচে সম্ভাবনা জাগিয়েও পারিনি। ৯০ রানে আউট হওয়া আর ৫০ রান করে আউট হওয়া একই কথা, দুটিই ফিফটি। এ জন্য আফসোস আছে। তবে সব মিলিয়ে আমি খুশি।’গত কয়েক বছরে একটা অপবাদ লেগে গিয়েছিল জাতীয় দলের তারকা ক্রিকেটারদের গায়ে। ঘরোয়া ক্রিকেটে তাঁরা বড়ই নিষ্প্রভ। আন্তর্জাতিক ক্রিকেটের আলো ঘরের ক্রিকেটে এসে নিভু নিভু। মুশফিকুর রহিম সেই ধারাটা ভাঙলেন। অবশ্য এই কৃতিত্ব একার করে নিতে চান না বাংলাদেশ অধিনায়ক, ভাগ করে দিতে চান জাতীয় দলের সতীর্থদের মধ্যেও, ‘জাতীয় দলের ক্রিকেটারদের ঘরোয়া ক্রিকেটে ভালো করাটা জরুরি। এটা খুবই ভালো যে, এবার তা হচ্ছে। শুধু আমি নই, সাকিব, রিয়াদ ভাই (মাহমুদউল্লাহ), ইমরুলও ভালো খেলেছে। এটা দেখে ভবিষ্যতে হয়তো অন্যরাও ভালো খেলার অনুপ্রেরণা পাবে।’অধিনায়ককে সামনে থেকে নেতৃত্ব দিতে হয়। এবারের প্রিমিয়ার লিগে যেন সেটারই উদাহরণ হলেন মুশফিকুর রহিম।