সামনে ফিজি ফিজিও নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হকি খেলোয়াড়েরা একজন ফিজিওর জন্য হা-হুতাশ করছেন দীর্ঘদিন ধরে। জাতীয় হকি দলে একজন ফিজিও যে কতটা গুরুত্বপূর্ণ তা এই বিশ্ব হকি লিগের দ্বিতীয় রাউন্ডে খেলতে গিয়ে আবার টের পাচ্ছে বাংলাদেশ। আজ ফিজির সঙ্গে গুরুত্বপূর্ণ ম্যাচ, কিন্তু চোট-আঘাতে জর্জর বাংলাদেশ দল সেরা দলটাকে নামাতে পারছে না। দলে একজন ফিজিও নেই, যিনি খেলোয়াড়দের দ্রুত সুস্থ করে তোলার চেষ্টা করবেন।গত পরশু ওমানের বিপক্ষে খেলতে গিয়ে চোট পেয়েছেন মামুনুর রহমান (চয়ন), মশিউর রহমান (বিপ্লব), শেখ নান্নু, খোরশেদুর রহমান। ফিজিওবিহীন বাংলাদেশ দল এই চোট সারাতে এখন হিমশিম খাচ্ছে। বাংলাদেশ দলের কোচ মাহবুব হারুন কাল দিল্লি থেকে টেলিফোনে জানালেন, ‘চয়নের চিকিৎসা চলছে। ফিজির বিপক্ষে না-ও খেলতে পারে ও। তবে বিপ্লবের আঘাত অতটা গুরুতর নয়।’ ফিজি প্রতিযোগিতার দুর্বলতম দল। ভারত ও আয়ারল্যান্ডের কাছে ১৬ ও ১৩ গোল খাওয়া এ দলটির বিপক্ষে সহজ জয়ই প্রত্যাশিত বাংলাদেশের কাছে। কিন্তু দুটি সেরা দলের একটি হয়ে তৃতীয় রাউন্ডে ওঠার আশা ধরে রাখতে বাংলাদেশকে জিততে হবে বড় ব্যবধানে। কিন্তু দলের অন্যতম সেরা খেলোয়াড় চয়ন না খেলতে পারলে সেটি কি সম্ভব? খেলতে পারছেন না জেনে চয়নের খুব আফসোস হচ্ছে, ‘খুব খারাপ লাগছে। আমাদের তিন-চারজনের চোট। কিন্তু দলে কোনো ফিজিও নেই। এটাই হলো বাংলাদেশ!’ নান্নু স্থানীয় হাসপাতালের চিকিৎসকের পরামর্শে বিশ্রামে রয়েছেন। খোরশেদকে টুর্নামেন্টের চিকিৎসক প্রাথমিকভাবে বরফ-চিকিৎসা দিয়েছেন। বাংলাদেশ দলের কোচ মাহবুব হারুন অবশ্য আশাবাদী খোরশেদ খেলবেন। দলের সঙ্গে চিকিৎসক হিসেবে দিল্লি গেছেন ডা. অনুপম হোসেন। কিন্তু গণমাধ্যমের সঙ্গে বেশি সম্পৃক্ত অনুপমকে দিল্লি পাঠিয়ে খুব লাভ হয়নি ফেডারেশনের। নাম প্রকাশে অনিচ্ছুক এক খেলোয়াড় জানালেন, ‘আমরা তো ওনার কাছ থেকে কোনো সহযোগিতাই পাচ্ছি না। আমাদের কোনো খোঁজখবরই নেন না। উনি ব্যস্ত থাকেন টিভিতে প্রচারণামূলক কাজে।’ তবে হারুনের দাবি, অনুপম সহযোগিতা করছেন খেলোয়াড়দের। আজ ফিজির বিপক্ষে বড় জয়ের আশাবাদ রেখেও হারুন সতর্ক মন্তব্য করেছেন, ‘ফিজির সঙ্গে আগে খেলিনি। ফিজিকে তাই হালকাভাবে নিচ্ছি না।’