সামনে মেসি, কিন্তু রোবেনকে রুখবে কে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুজনই বাঁ পায়ের নিপুণ শিল্পী। একজনের ড্রিবলিং প্রতিপক্ষের শিরদাঁড়া বেয়ে শীতল স্রোত নামিয়ে দেয় তো আরেকজনের গতি বাড়িয়ে দেয় প্রতিপক্ষের হৃৎ​কম্পন। ডিফেন্সচেরা পাস দিয়ে সতীর্থকে গোল করাতে বা দৃষ্টিনন্দন গোল করে দলকে খাদের কিনারা থেকে রক্ষা করতেও দুজন সিদ্ধহস্ত। লিওনেল মেসিকে আটকাতে যেমন বিশেষ পরিকল্পনা থাকবে লুইস ফন গালের দলের, তেমনি আরিয়েন রোবেনকে ঠেকাতেও সতর্ক থাকতে হবে আলেসান্দ্রো সাবেলার শিষ্যদের।

পাদপ্রদীপের আলোর বেশিটাই আর্জেন্টিনা অধিনায়কের ওপর থাকলেও ডাচ উইঙ্গারও যে ব্যবধান গড়ে দিতে পারেন সেটাই সবাইকে মনে করিয়ে দিলেন ফন গালের সহকারী প্যাট্রিক ক্লাইভার্ট, ‘আমাদের মেসিকে রুখতে হবে? রোবেনকে আটকাবে কে?’

ক্লাইভার্ট ভুল বলেননি। আর্জেন্টিনার সেমিফাইনালে ওঠার নেপথ্যে যেমন মেসি-ম্যাজিক, হল্যান্ডের শেষ চারে ওঠার পেছনে তেমনি রোবেন-নৈপুণ্য। গ্রুপপর্বে তো গঞ্জালো হিগুয়েইন বা অ্যাঙ্গেল ডি মারিয়ারা গোলের নিশানাই খুঁজে পাননি, মেসির কল্যাণে নকআউটে জায়গা করে নেয় সাবেলার দল। শেষ ষোলোতে ডি মারিয়ার গোলটিও বানিয়ে দিয়েছিলেন মেসি, কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের সঙ্গে গোলটার মূল উৎসও ছিলেন চারবারের ব্যালন ডি’অর বিজয়ী। ওদিকে গ্রুপপর্বের শেষ ম্যাচ নিষেধাজ্ঞার কারণে না খেলা রবিন ফন পার্সি নকআউট পর্বের দুই ম্যাচেই ছিলেন নিষ্প্রভ। ত্রাতার ভূমিকায় তখন দেখা গিয়েছে এই রোবেনকেই।

মেসি আর রোবেন দুজনই খেলেছেন পাঁচটি করে ম্যাচ, বার্সা স্ট্রাইকারের ৪ গোলের বিপরীতে বায়ার্ন মিউনিখ উইঙ্গার করেছেন ৩ গোল। মজার ব্যাপার হলো, দুজনই গোলে শট নিয়েছেন ১৭টি করে। তবে এর মধ্যে রোবেনের ১৬টি শটই ছিল গোলমুখী যেখানে মেসির গোল বরাবর শট ৯টি। পাস দেওয়ায় আবার মেসি ঢের এগিয়ে, সতীর্থদের আলবিসেলেস্তে প্রাণভোমরা পাস দিয়েছেন ১৮০টি, যেখানে ২৭ মিনিটে বেশি খেলা রোবেন দিয়েছেন ১২৯টি। রোবেন আবার মাঠজুড়ে দৌড়েছেন বেশি, ৫৫.৪ কিলোমিটার। মেসি এখানে অনেক পিছিয়ে, সাবেলার ব্রহ্মাস্ত্র দৌড়েছেন কেবল ৪১.৪ কিলোমিটার। 

বোঝাই যাচ্ছে লড়াইটা হবে সেয়ানে-সেয়ানে। ক্লাইভার্ট সেটা জানেন, ‘আর্জেন্টিনা অসাধারণ এক দল। আমাদের জন্য কাজটা কঠিন হবে। তবে আর্জেন্টিনার জন্যও সহজ হবে না। ব্যক্তিগত নৈপুণ্যভাস্বর অনেক খেলোয়াড়ই ওদের আছে। আমাদেরও এমন খেলোয়াড় আছে যারা ব্যবধান গড়ে দিতে পারে। একটু পরিশ্রান্ত আমরা থাকব। তবে সেটা তো আর্জেন্টিনাও থাকবে। বিশ্রাম নেওয়ার জন্যে আমরা চার দিন সময় পেয়েছি, আমি মনে করি সেটা যথেষ্ট।’

কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের সঙ্গে মেসি গোলের সহজ সুযোগ মিস করলেও তাঁর দল ঠিকই শেষ হাসি হেসেছে। ফন পার্সির অমার্জনীয় গোল নষ্ট করার মহড়া যেমন ঢাকা পড়ে গেছে টাইব্রেকারে টিম ক্রালের বীরত্বগাথায়। ফুটবলে তো দিন শেষে দলই জেতে। হ্যাটট্রিক করেও বিজিত দলে থাকার দুর্ভাগ্য হয় কারও কারও। সেমিফাইনালে দল জিতলে ব্যক্তিগত দ্বৈরথে হার হাসিমুখেই মেনে নেবেন মেসি-রোবেনরা, বললে অত্ত্যুক্তি হবে কি?