সামনে শুধু সানচেজ-জারা
অ্যানহেল কাপ্পাকে নিজের কথাগুলোই গিলতে হলো। কদিন আগে আর্জেন্টাইন কোচ দুম করে বলে বসেন, ‘ফুটবলের প্রতি মেসির প্যাশন কমে যাচ্ছে।’ পরশু কাপ্পা তাঁর কথা ফিরিয়ে নিয়ে দাবি করলেন তাঁকে ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে।
কাপ্পার এই ‘আত্মপক্ষ সমর্থনের’ দরকার ছিল। পরশু রায়ো ভায়েকানোর ম্যাচে মেসি জোড়া গোল করেছেন বলেই শুধু নয়, যেমন খেলেছেন তাতে ‘প্যাশন কমে যাচ্ছে’ জাতীয় কথাগুলো শুধু হাসির খোরাকই জোগাত। তবে রায়ো ভায়েকানোর সঙ্গে ম্যাচটা আরও বেশি স্মরণীয় হয়ে থাকবে অন্য কারণে। এই ম্যাচেই যে স্প্যানিশ কিংবদন্তি আলফ্রেডো ডি স্টেফানোকে ছাড়িয়ে গেছেন মেসি!
পরশুর আগে লা লিগায় মেসির গোল ছিল ২২৬টি। ডি স্টেফানোর ছিল একটি বেশি। দুই গোল করে মেসি ছাড়িয়ে গেছেন আর্জেন্টাইন পূর্বসূরিকে। একই সঙ্গে ধরে ফেলেছেন আরেক রিয়াল মাদ্রিদ কিংবদন্তি রাউল গঞ্জালেজকে। মেসির মতো রাউলেরও গোল ২২৮টি। রিয়াল ও অ্যাটলেটিকো গ্রেট হুগো সানচেজকে ছুঁতে আর ৬টি গোল দরকার মেসির। সেটা তো হবেই, সবার ওপরে থাকা তেলমো জারার রেকর্ডটাও ভেঙে দেবেন নিশ্চিতভাবেই। জারার চেয়ে ২৩ গোল কম মেসির, এখনকার ফর্ম বিবেচনায় সামনের মৌসুমেই মেসির চূড়ায় উঠে যাওয়ার কথা। বার্সা কোচ জেরার্ডো মার্টিনো নিঃসংশয়, ‘মেসি যেটা চাইবে সেই রেকর্ডই ভেঙে দেবে। আমার তো মনে হয় তার সেরাটা আমরা এখনো দেখিনি।’
আরেক দিকেও মেসির চেয়ে এগিয়ে আছেন শুধু জারা। ম্যাচপ্রতি মেসির গোল ০.৮৭, জারার গড় ০.৯১। ডি স্টেফানো (০.৬৯), সানচেজ (০.৬৭), রাউল (০.৪০) অনেক পিছিয়ে আছেন। এই দিকে অবশ্য জারার চেয়েও এগিয়ে আছেন আরেকজন—ক্রিস্টিয়ানো রোনালদো। তাঁর গড় ১.০৮!
লা লিগায় শীর্ষ পাঁচ
গোল ম্যাচ
তেলমো জারা ২৫১ ২৭৮
হুগো সানচেজ ২৩৪ ৩৪৭
লিওনেল মেসি ২২৮ ২৬৩
রাউল গঞ্জালেজ ২২৮ ৫৫০
ডি স্টেফানো ২২৭ ৩২৯