সামনে সোনালি দিন
বিশ্বকাপের ছয় সপ্তাহে সংবাদ সম্মেলন অনেক করেছেন মহেন্দ্র সিং ধোনি। কখনো যদি হেসেছেন, সে হাসি ছিল শুষ্ক, কাষ্ঠ। গলায় বিশ্বজয়ের পদক ঝুলিয়ে পরশু বিশ্বকাপের শেষ সংবাদ সম্মেলনে হাসতে হাসতেই এসেছিলেন ভারত অধিনায়ক। আর সেই হাসি ছিল ঝরনাধারার মতো উচ্ছল।হাসতে হাসতেই আসনে বসেছেন। বসে বলেছেন এত দিন মুখে শুষ্ক-কাষ্ঠ হাসি থাকার রহস্য, ‘অবর্ণনীয় চাপের মধ্যে কেটেছে এত দিন। পুরো টুর্নামেন্টেই এর মধ্য দিয়ে যেতে হয়েছে।’ ভারত দলের ওপর চাপের পরিমাণটা কেমন ছিল? ‘খেলোয়াড়দের যদি জিজ্ঞেস করেন, বলবে কেউ ঠিকমতো খেতেও পারছিল না। চাপ নয়, এটা আসলে দুশ্চিন্তা। আপনার সামনে রাশি রাশি খাবার, কিন্তু খাওয়ার ইচ্ছা হচ্ছে না’—বলেছেন ধোনি।চাপ উড়িয়ে দলকে হালকা করেছেন ধোনিই, নুয়ান কুলাসেকারার বলে ছক্কা মেরে জয়সূচক রান নিয়েই। ধোনি তো আবেগে অনেকটা দিশেহারাই হয়ে পড়েছিলেন। জয়ের উদ্যাপন করতেই ভুলে গিয়েছিলেন। সেটা কেন হয়েছে সংবাদ সম্মেলনে বলেছেন ধোনি, ‘আবেগ আমাকে বিভ্রান্ত করে দিয়েছিল। আমি একটা স্টাম্প তুলতে চেয়েছিলাম। চলে গিয়েছিলাম পিচের মাঝখানে, আর যুবরাজ এসে আমাকে জড়িয়ে ধরল। আমি ভেবেছিলাম কোলাকুলিটা পরে করা যাবে। কিন্তু ও এসে লাফ দিয়ে পড়ল আমার ওপর।’চাপ উতরে ধোনির দল করেছে বিশ্বজয়। প্রায় ১১ কেজি ওজনের বিশ্বকাপ ট্রফিটা সব চাপ শেষ করে দিয়েছে ধোনি-টেন্ডুলকারদের। এখন তাঁরা হালকা পালকের মতো। ধোনি, টেন্ডুলকার, যুবরাজ—সবাই বিশ্বজয়ের আনন্দে উড়ছেন।আনন্দডানায় ভর করে উড়ে যেতে যেতেই ধোনি দেখতে পাচ্ছেন ভারতের উজ্জ্বল ভবিষ্যৎ। দেখতে পাচ্ছেন সোনালি দিন সমাগত, ‘গত তিন-চার বছরে ভারত শ্যুটিং, ব্যাডমিন্টন, টেনিস, হকি আর ফুটবলে অনেক ভালো করছে। আমরা ক্রীড়ামনস্ক জাতি হয়ে উঠছি। কিন্তু অবকাঠামোর কারণেই ক্রিকেট এখানে বিশেষ জায়গায়।’রাজমুকুট ধোনিদের মাথায়, আগামী চার বছরের জন্য ওয়ানডে ক্রিকেটের রাজা তারাই। শুধু চার বছরই নয়, ভারতের দূর-ভবিষ্যৎটাও উজ্জ্বল আলোয় ভরা দেখছেন ধোনি। তাঁকে এই স্বপ্ন দেখাচ্ছে বিরাট কোহলি, সুরেশ রায়নাদের মতো তরুণ ও প্রতিভাবান খেলোয়াড়েরা।দলের সবচেয়ে অভিজ্ঞ খেলোয়াড় টেন্ডুলকার পরশু মাঠেই জানিয়েছেন, এই বিশ্বকাপ জয়ের স্বপ্নবীজ রচিত হয়েছিল আরও এক-দেড় বছর আগে। ধোনি তাঁর সংবাদ সম্মেলনেও বলেছেন একই কথা, ‘দারুণ এক অর্জন এটা। বিশ্বকাপে আমরা মনোনিবেশ করেছি আরও বছর দেড়েক আগে। ঠিক সময়ে ফর্মের চূড়ায় উঠেছি আমরা। ফাইনালে ছন্দটাও ছিল। আর একটা দিক দিয়ে আমি ভাগ্যবান—একসঙ্গে কিছু ভালো খেলোয়াড়ও পেয়েছি।’তবে এখন যে উজ্জ্বল ভবিষ্যৎ ধোনি দেখতে পাচ্ছেন, এই যে বিশ্বকাপ জয়; সবকিছুরই বীজ রোপিত হয়েছিল আজ থেকে ২৮ বছর আগে। ১৯৮৩ সালে বিশ্ব জয় করা কপিল দেবের দলকে কৃতিত্ব দিতেও ভোলেননি ধোনি, ‘আমাদের শুরুটা আসলে হয়েছে ১৯৮৩ বিশ্বকাপ জয় দিয়ে। এর পর অনিল কুম্বলে ও শচীন টেন্ডুলকার এসেছে। তাদের পিছু পিছু এসেছে সৌরভ গাঙ্গুলী ও রাহুল দ্রাবিড়। তাদের জন্যই এখন আমাদের এই অর্থ-বৃত্ত আর সম্মান। এখন আমরা এর প্রভাব পরবর্তী প্রজন্মের জন্য রেখে যেতে চাই।’ এএফপি, ওয়েবসাইট।