সামনে ৪০ দলের বিশ্বকাপ!

১৯৩০ সালে প্রথম বিশ্বকাপে খেলেছিল ১৩টি দল। ক্রমান্বয়ে সেটি বেড়ে ১৯৯৮ বিশ্বকাপ থেকে সংখ্যাটা দাঁড়িয়েছে ৩২। ২০১৮ রাশিয়া বিশ্বকাপে সংখ্যাটা আরও বাড়তে পারে। ফিফা সভাপতি সেপ ব্ল্যাটার সম্প্রতি এমনই ইঙ্গিত দিয়েছেন। বলেছেন, বিশ্বকাপে দলের সংখ্যা বাড়ানো উচিত। বিশেষ করে আফ্রিকা ও এশিয়া থেকে। তার তিন দিন পর ব্ল্যাটারের সঙ্গে সুর মিলিয়ে মিশেল প্লাতিনি বললেন, বিশ্বকাপে দল হওয়া উচিত ৪০টি!
চতুর্থবারের মতো ফিফা সভাপতি নির্বাচিত হওয়া ব্ল্যাটারের মেয়াদ শেষ হবে ২০১৫ সালে। ফিফার শীর্ষ পদটিতে ৭৭ বছর বয়সী ব্ল্যাটারের সম্ভাব্য উত্তরসূরি ভাবা হচ্ছে প্লাতিনিকে। ইউরোপিয়ান ফুটবলের (উয়েফা) বড় কর্তা নিজেও সেই ইচ্ছার কথা অনেকবারই ব্যক্ত করেছেন। সেই আলোকেই কিনা, উয়েফা সভাপতিও আফ্রিকা-এশিয়া থেকে দলের সংখ্যা বাড়ানোর কথাই বললেন। তবে ইউরোপ থেকে দল না কমানোর পক্ষে ফরাসি কিংবদন্তি। বর্তমান ছকে ৩২ দলের ১৩টিই সুযোগ পায় ইউরোপ থেকে। আফ্রিকা থেকে ৫টি। এশিয়া ও দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে ৯টি। শেষোক্ত দুই মহাদেশ থেকেই বাছাইপর্বের শীর্ষ ৪টি করে দল সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পায়। দুই অঞ্চলের পঞ্চম হওয়া দল দুটি মুখোমুখি হয় প্লে-অফে। অথচ ইউরোপের চেয়ে আফ্রিকা ও এশিয়ায় ফিফার সদস্যসংখ্যা বেশি।
৪০ দলের বিশ্বকাপ হলে কেমন হবে? প্রাথমিক একটা ধারণাও দিয়েছেন প্লাতিনি, ‘এটা সবার জন্যই ভালো হবে। আমি মি. ব্ল্যাটারের সঙ্গে পুরোপুরি একমত, আমাদের আরও বেশি আফ্রিকা ও এশিয়ার প্রতিনিধি দরকার। ইউরোপিয়ান দল না কমিয়েও আমাদের ৪০ দলের বিশ্বকাপ করতে হবে। আমরা আফ্রিকা থেকে দুটি, এশিয়া থেকে দুটি, আমেরিকা থেকে দুটি এবং ওশেনিয়া ও ইউরোপ থেকে একটি করে দল বাড়াতে পারি।’
প্রসঙ্গত এ পর্যন্ত হওয়া ১৯টি বিশ্বকাপের সবগুলো শিরোপাই জিতেছে ইউরোপ ও দক্ষিণ আমেরিকার দেশগুলো। রয়টার্স।