সামনেই গেইল-বিস্ফোরণ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে দু-দুবার জীবন পেয়েও ৩৩ বলে ৩৪ রান। বাংলাদেশের বিপক্ষে ৪৮ বলে ৪৮। এই ক্রিস গেইলকে ঠিক টি-টোয়েন্টির গেইলের সঙ্গে মেলানো যাচ্ছে না! হঠাৎ কী এমন হলো গেইলের? ওয়েস্ট ইন্ডিজ ওপেনার নাকি প্রথম দিকে ধীরে চলো নীতিতে এগোচ্ছেন। বড় বড় সব শট জমিয়ে রাখছেন! ব্যাটে বিস্ফোরণ ঘটিয়ে চার-ছক্কার বৃষ্টি নামাবেন প্রয়োজনের সময়! ওয়েবসাইট।

গেইল যে এখন আগ্রাসী নন, প্রতিপক্ষের বোলাররা তাই স্বস্তিতেই আছেন। কিন্তু দলের সবচেয়ে তেজি ঘোড়াটার এমন লাগাম পরে থাকার বিপদও তো আছে! শিরোপা ধরে রাখার মিশনটা যদি প্রথম পর্বেই মুখ থুবড়ে পড়ে? উত্তরটা জানেন না গেইলের ওপেনিং সঙ্গী ডোয়াইন স্মিথও। তবে দলীয় কৌশল মেনেই কি না, গেইল নিজেকে গুটিয়ে রাখলেও স্মিথ নিজে খেলছেন হাত খুলে। বাংলাদেশের বিপক্ষে তিন খেলেছেন ৪৩ বলে ৭২ রানের ঝোড়ো ইনিংস। গেইলের এমন গুটিয়ে থাকাটা কৌশল কি না জানতে চাইলে একটু রসিকতাও করেছেন স্মিথ, ‘আমি ঠিক জানি না, এটা কৌশল কি না। আমার লক্ষ্য দারুণ একটা শুরু এনে দেওয়া। এভাবেই আমি খেলি। যদি ক্রিস (গেইল) নিজেকে নিয়ে অমন কৌশল নেয়, তাহলে আমি ইচ্ছেমতো রান করলে তার ওপর চাপ অন্তত পড়বে না।’

কৌশল হোক বা না হোক, স্মিথ আশাবাদী, গেইল ঠিকই টুর্নামেন্টে কিছু বিস্ফোরক ইনিংস খেলবেন, ‘আমি নিশ্চিত, টুর্নামেন্টের একটা পর্যায়ে ক্রিস ঠিকই স্বরূপে ফিরবে এবং দারুণ কিছু ইনিংস খেলবে।’